নিষিদ্ধ উমর, সাউদির চোট
নিউজিল্যান্ড সফরের টি-টোয়েন্টি দলেই শুধু ছিলেন। সবার আগেই তাই বাড়ি ফেরার কথা ছিল উমর আকমলের। সংক্ষিপ্ত সফরটা নিজের দোষে আরও ছোট হয়ে গেল পাকিস্তানের ব্যাটসম্যানের, নিউজিল্যান্ডে যাচ্ছেনও সবার শেষে। পাকিস্তানের কায়েদ-এ-আজম ট্রফির এক ম্যাচে আম্পায়াররা নিষেধ করার পরও জার্সিতে বাড়তি লোগো নিয়ে খেলেছিলেন উমর। ‘পোশাকবিধি’ ভাঙার অপরাধে ৩ টি-টোয়েন্টির সিরিজের প্রথম ম্যাচে ২৩ বছর বয়সী ব্যাটসম্যানকে নিষিদ্ধ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।
টিম সাউদির ভাগ্য আরও খারাপ। পুরো সিরিজেই খেলা হচ্ছে না এই নিউজিল্যান্ড পেসারের। শ্রীলঙ্কার সঙ্গে ওয়ানডে সিরিজে বাঁ হাঁটুতে চোট পেয়েছিলেন সাউদি, খেলতে পারেননি টি-টোয়েন্টি সিরিজেও। পাকিস্তানের সঙ্গে ১৫ জানুয়ারি শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি সিরিজেই ফিরতে পারবেন বলে মনে করা হচ্ছিল। তবে যা ভেবেছিলেন, সাউদির চোটটা তার চেয়েও বেশি গুরুতর। কবে ফিরতে পারবেন এখনো নিশ্চিত বলতে পারছে না নিউজিল্যান্ড বোর্ড, আপাতত পাকিস্তানের সঙ্গে টি-টোয়েন্টি সিরিজের দলে তিনি নেই। এএফপি, ক্রিকইনফো।