নিষিদ্ধ গলের সাবেক কিউরেটর
শ্রীলঙ্কার খেলোয়াড় কিংবা আম্পায়ারের বিরুদ্ধে ম্যাচ পাতানোর অভিযোগ উঠেছে অতীতে। এবার একজন কর্মকর্তার বিরুদ্ধে ম্যাচ পাতানোর অভিযোগ উঠল। এই কর্মকর্তা সাবেক টেস্ট ক্রিকেটার ও গলের সাবেক কিউরেটর জয়ানন্দ বর্ণবীরা। ফিক্সিংয়ের অভিযোগে কাল আইসিসি তাঁকে তিন বছরের জন্য নিষিদ্ধ করেছে।
ম্যাচ পাতানোর অভিযোগে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড তাঁকে ঘরোয়া ক্রিকেটে দুই বছরের জন্য নিষিদ্ধ ঘোষণা করে গত অক্টোবরে। সেই অভিযোগের তদন্ত করতেই তাঁকে ডেকেছিল আইসিসির দুর্নীতি দমন ইউনিট (আকসু)। কিন্তু একাধিকবার চেষ্টা করেও আকসু তাঁকে সাক্ষাৎকারের জন্য আনতে পারেনি। তদন্তের জন্য তাঁর কাছে যে নথিপত্র চাওয়া হয়েছিল, সেসবও তিনি দিতে ব্যর্থ হন। এএফপি।
বর্ণবীরা শ্রীলঙ্কান বোর্ডের নিষেধাজ্ঞা পাওয়ার দিন কয়েক পরই ওয়েস্ট ইন্ডিজের শ্রীলঙ্কা সফরে জুয়াড়িদের কাছ থেকে ম্যাচ পাতানোর প্রস্তাব পান দুই শ্রীলঙ্কান ক্রিকেটার। এই ঘটনার তদন্ত করেই সম্প্রতি ক্রিকেট শ্রীলঙ্কা জুয়াড়ি চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে শ্রীলঙ্কার ফাস্ট বোলিং কোচ আনুশা সমরানায়েকেকে দুই মাসের জন্য নিষিদ্ধ ও নেট বোলার গায়ান বিশ্বজিৎকে আজীবন বরখাস্ত করে।