নিষিদ্ধ রাবাদা ও স্টাম্প মাইক্রোফোন

স্টাম্প মাইক্রোফোনটা না থাকলে কি নিষেধাজ্ঞার হাত থেকে বেঁচে যেতেন কাগিসো রাবাদা? হয়তো।
ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা টেস্টের প্রথম দিনের ঘটনা। প্রথম ইনিংসে স্টোকস-রুটের পঞ্চম উইকেট জুটিতে ১১৪ রান তুলে ফেলে ইংল্যান্ড, এমন সময় রাবাদার বাউন্সারে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন বেন স্টোকস। অনেকক্ষণ পর উইকেট পেলেন বলেই কি না, উদ্যাপনে একটু বাড়াবাড়িই হয়ে গেল। ‘ইয়েস, ইয়েস’ বলার পর দুই শব্দের একটি বাক্যাংশ ব্যবহার করেন, যেটি পত্রিকায় ছাপার অযোগ্য। যেটির একটি শব্দ যৌনতা-সংশ্লিষ্ট, কিন্তু সাধারণ জীবনযাপনে বিরক্তি প্রকাশে ‘এখান থেকে ভাগো’ বোঝাতেই শব্দজোড়া বেশি ব্যবহৃত হয়।
ক্রিকেট মাঠে এর ব্যবহার হয় আকছার। কিন্তু রাবাদা ধরা পড়ে গেলেন তাঁর কথাগুলো স্টাম্প মাইকে শোনা যাওয়ায়। তাতে যা হওয়ার হয়েছে তা-ই। অশ্রাব্য শব্দ উচ্চারণের দায়ে ম্যাচ ফির ১৫ শতাংশ কেটে নেওয়া তো হয়েছেই, সঙ্গে যোগ হলো একটি ডিমেরিট পয়েন্ট।
আর এতেই কপাল পুড়ল ২২ বছর বয়সী দক্ষিণ আফ্রিকান ফাস্ট বোলারের। আইসিসির নতুন নিয়ম অনুযায়ী ২৪ মাসের মধ্যে ৪টি ডিমেরিট পয়েন্ট হলেই একজন ক্রিকেটার এক টেস্ট অথবা দুটি ওয়ানডে/টি-টোয়েন্টিতে নিষিদ্ধ হন। এই ডিমেরিট পয়েন্টটি নিয়ে রাবাদা সেই ‘কোটা’ পূরণ করে ফেললেন। গত ফেব্রুয়ারিতে কেপটাউনে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডেতে নিরোশান ডিকভেলার সঙ্গে হাতাহাতি হয়েছিল রাবাদার, যে ঘটনায় তখন দুজনই পেয়েছিলেন তিনটি করে ডিমেরিট পয়েন্ট। চারটি ডিমেরিট পয়েন্ট হওয়ায় আগামী শুক্রবার শুরু নটিংহামে শুরু হতে যাওয়া সিরিজের দ্বিতীয় টেস্টে রাবাদাকে নিষিদ্ধ করেছে আইসিসি।
তবে রাবাদার কথা নয়, এ ঘটনার পর আলোচনায় এখন স্টাম্প মাইক্রোফোন। ওটা না থাকলে যে রাবাদার কথা ধরাই পড়ে না। গত নভেম্বরে অ্যাডিলেড টেস্টে অস্ট্রেলিয়ার নিক ম্যাডিনসনকে আউট করার পরও ঠিক এভাবেই কিছু একটা বলেছিলেন রাবাদা, কিন্তু তখন সেটি ধরা পড়েনি। সাবেক অস্ট্রেলিয়ান পেসার মিচেল জনসন তো অনেক আগে থেকেই এই স্টাম্প মাইকের বিরোধী। গত বছরই এ নিয়ে একবার টুইট করেছিলেন, ‘সময় এসেছে স্টাম্প মাইকগুলো বন্ধ করে দেওয়ার। হতাশ হয়ে পড়লে আমরা সবাই-ই কিছু না কিছু বলি, এটা নিশ্চিত!’
আবার অনেকের চোখে রাবাদার কথাটা বড় কোনো ব্যাপারই নয়। সাবেক ইংল্যান্ড অধিনায়ক মাইকেল ভনই আইসিসিকে ট্যাগ করে টুইট করেছেন, ‘দুটি শব্দ বলার কারণে রাবাদা এক ম্যাচ নিষিদ্ধ! এবার ক্ষান্ত দাও! স্লো ওভাররেটের ব্যাপারে কী হবে আইসিসি?’ আর ভনের ওই টুইটের জবাবেই সাবেক অস্ট্রেলিয়ান অলরাউন্ডার টম মুডি লিখেছেন, ‘এসবের জন্য সবচেয়ে বেশি যারা ভোগে তারা হচ্ছে দর্শক, যারা টাকা খরচ করে খেলা দেখতে আসে।’
তা হয়তো ঠিক। রাবাদা যে এ মুহূর্তে বিশ্বের সবচেয়ে প্রতিশ্রুতিশীল পেসারদের একজন। ২০১৫ সালে অভিষেকের পর এই ম্যাচের আগ পর্যন্ত ১৭ টেস্টে ৭১ উইকেট নেওয়া ডানহাতি ফাস্ট বোলার এখন র্যাঙ্কিংয়ের সাত নম্বরে আছেন। এই ম্যাচেও প্রথম ইনিংসে ১২৩ রানে নিয়েছেন ইংল্যান্ডের ৩ উইকেট। তবে তাঁর এই শাস্তির ভালো দিকও দেখছেন সাবেক ইংলিশ ক্রিকেটার ডেভিড লয়েড, ‘ভবিষ্যতে এটা (নিষেধাজ্ঞা) রাবাদাকেই সাহায্য করবে। অন্য ক্রিকেটারদেরও। কঠিনভাবে লড়ো, কিন্তু সম্মানটাও ঠিক রাখো।’ ক্রিকেট অস্ট্রেলিয়া।