নিষিদ্ধ শাহাদাত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিশু গৃহকর্মী নির্যাতনের মামলা মাথায় নিয়ে সস্ত্রীক আত্মগোপনে আছেন ক্রিকেটার শাহাদাত হোসেন। পুলিশ তাঁদের খুঁজছে। এর মধ্যেই কাল জাতীয় দলের এই পেসারের ব্যাপারে নিজেদের অবস্থান ব্যাখ্যা করল বিসিবি। বিষয়টার সুরাহা হওয়ার আগ পর্যন্ত বিসিবির আওতাধীন সব ধরনের ক্রিকেটীয় কর্মকাণ্ড থেকে বহিষ্কার করা হয়েছে তাঁকে।
মিরপুরের বিসিবি কার্যালয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী সাংবাদিকদের বলেছেন, ‘বিষয়টা এখন আইনি প্রক্রিয়াধীন আছে। সরকারের সংশ্লিষ্ট নিরাপত্তা বিভাগ এটি দেখছে। তবে বোর্ড সিদ্ধান্ত নিয়েছে, বিষয়টার সমাধান না হওয়া পর্যন্ত ক্রিকেট বোর্ডের সব ধরনের কার্যক্রমে জাতীয় দলের এই পেসারের অংশগ্রহণ স্থগিত থাকবে।’ অর্থাৎ আপাতত বিসিবির আওতাধীন যেকোনো ধরনের অনুশীলন বা টুর্নামেন্টে অংশ নিতে পারবেন না শাহাদাত। সমস্যার সমাধান না হলে খেলতে পারবেন না ১৮ সেপ্টেম্বর থেকে শুরু জাতীয় লিগেও।
ওদিকে ঢাকা মহানগর পুলিশের জনসংযোগ ও গণমাধ্যম বিভাগের উপকমিশনার মুনতাসিরুল ইসলাম কাল প্রথম আলোকে বলেছেন, শাহাদাত ও তাঁর স্ত্রী নিত্য শাহাদাতকে পুলিশ খুঁজছে। তাঁরা বাসায় নেই। গা ঢাকা দিয়ে রয়েছেন। তাঁদের সম্পর্কে তথ্য সংগ্রহ করা হচ্ছে।
শাহাদাতের ১১ বছর বয়সী গৃহকর্মী হ্যাপীকে ৬ সেপ্টেম্বর মিরপুর থেকে উদ্ধার করে পুলিশ। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ছিল। পরে তাকে নির্যাতনের অভিযোগে শাহাদাত ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করা হয়। এর পর থেকেই গা ঢাকা দিয়ে আছেন ওয়ানডেতে বাংলাদেশের পক্ষে প্রথম হ্যাটট্রিক করা এই পেসার।