নিষিদ্ধ শোয়েবকে বৈধ করেছিলেন ডালমিয়া

>পাকিস্তানি ফাস্ট বোলার শোয়েব আখতারের ক্যারিয়ারের দুর্দিনে পাশে দাঁড়িয়েছিলেন প্রয়াত ভারতীয় ক্রীড়া সংগঠক জগমোহন ডালমিয়া।
সাবেক পাকিস্তানি ফাস্ট বোলার শোয়েব আখতারের ডানহাতে জন্মগতভাবেই ‘হাইপার এলবো এক্সটেনশন’ ছিল। যার কারণে বাউন্সার দিতে গেলেই মনে হতো কনুই বেঁকে যাচ্ছে। ২০০০-০১ মৌসুমে পাকিস্তান দলের অস্ট্রেলিয়া সফরে এই হাইপার এলবো এক্সটেনশন এর কারণেই বিপদে পড়েন শোয়েব।
ক্যারিয়ারে প্রথমবারের মতো অবৈধ বোলিং অ্যাকশনের অভিযোগ আনা হয় তাঁর বিরুদ্ধে। কিন্তু পাকিস্তানি শোয়েবকে সাহায্য করেন প্রয়াত ভারতীয় ক্রীড়া সংগঠক ও সে সময়ের আইসিসি প্রধান জগমোহন ডালমিয়া।
সে সময় পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রধান ছিলেন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল তৌকির জিয়া। সম্প্রতি তিনি জানান, ডালমিয়া না হলে শোয়েবের ছাড়পত্র পাওয়া কঠিন ছিল। পাকিস্তানি সংবাদমাধ্যমে তৌকির জিয়া বলেন, ‘ডালমিয়া যখন আইসিসির প্রধান ছিলেন, তখন তিনি শোয়েবের বোলিং অ্যাকশন সমস্যা নিয়ে সাহায্য করেছিলেন। আইসিসির সব সদস্য শোয়েবের বোলিংয়ের বিপক্ষে ছিল। কিন্তু তিনি (ডালমিয়া) বায়োম্যাট্রিক পরীক্ষায় যা দেখেছেন সেই হিসেবে সিদ্ধান্ত নিয়েছিলেন। ডালমিয়া ও আমার কারণেই আইসিসি শেষ পর্যন্ত শোয়েবের বোলিং নিয়ে প্রশ্ন তোলা বন্ধ করে এবং তাঁকে খেলতে দেয়।’
শোয়েব ছাড়াও সমসাময়িক পেসারদের মধ্যে ভারতের আরপি সিংয়ের হাতেও ‘হাইপার এলবো এক্সটেনশন’ ছিল। কিন্তু আরপি সিং–এর বিরুদ্ধে কখনো সন্দেহজনক বোলিং অ্যাকশনের অভিযোগ তোলা হয়নি।