
ক্রিকেটার হিসেবে তাঁর সামর্থ্য নিয়ে তর্ক ছিল না। নেতৃত্বগুণও ছিল প্রখর। কিন্তু ম্যাচ পাতানোর শাস্তি হিসেবে আজীবন নিষেধাজ্ঞার শাস্তি মোহাম্মদ আজহারউদ্দিনের সব অর্জনেই কলঙ্কের কালি ঢেলে দেয়। প্রথম আলোকে মুঠোফোনে দেওয়া সাক্ষাৎকারে এ নিয়ে কথা বলতে চাননি ভারতের সাবেক অধিনায়ক। তবে কথা বলেছেন বাংলাদেশ ও ভারতের ক্রিকেট নিয়ে—
প্রশ্ন: ভারতের অন্যতম সফল অধিনায়ক আপনি। কিন্তু দেশের বাইরে, বিশেষ করে ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকায় আপনি তেমন সাফল্য পাননি। এটা নিয়ে কি আক্ষেপ আছে?
মোহাম্মদ আজহারউদ্দিন: আমরা সব সময় চেষ্টা করেছি নিজেদের সর্বোচ্চটা দিতে। অনেক সময় যা করতে চেয়েছি, যা হওয়া উচিত ছিল, সেটি হয়নি। ভারতের বাইরে জয়ের কাছাকাছি গিয়েও অনেক সময় পারিনি। তবে আমরা ভারতের মাটিতে অনেক ম্যাচ জিতেছি। দল ভালো ছিল বলেই জিতেছি।
প্রশ্ন: অনেকের মতো কি আপনিও সৌরভ গাঙ্গুলীকে ভারতীয় ক্রিকেটের দিনবদলের নায়ক মনে করেন?
আজহার: পারফরম্যান্স, রেকর্ড—সবই তার পক্ষে কথা বলছে। সে দুর্দান্ত একজন ক্রিকেটার ছিল। সেই সঙ্গে অসম্ভব মেধাবী একজন অধিনায়ক। অধিনায়ক হিসেবে তাকে অন্যতম সেরা বলতেই হবে।
প্রশ্ন: তাঁর উত্থানের সময়টা আপনার অধিনায়কত্বে। অধিনায়ক হিসেবে উদীয়মান সৌরভকে নিয়ে আপনার অভিজ্ঞতা কেমন ছিল?
আজহার: ১৯৯৬ সালে সৌরভ আর রাহুল দ্রাবিড় ছিল ভারতীয় ক্রিকেটের দারুণ দুই আবিষ্কার। ইংল্যান্ড সফরে সৌরভ খুব ভালো করেছিল। তাকে আমরা সীমিত ওভারের ক্রিকেটে ওপেনিংয়ে পাঠাই, সেখানে সে দারুণভাবে সফল হয়েছে।
প্রশ্ন: সৌরভ এখন বিসিসিআই সভাপতি। নতুন ভূমিকায় তাঁকে কেমন দেখছেন?
আজহার: বিসিসিআই সভাপতি হয়ে সৌরভ দারুণ কিছু পদক্ষেপ নিয়েছে। শুরুটা ভালো হয়েছে। কিন্তু করোনা মহামারির কারণে ও নিজেকে সেভাবে মেলে ধরতে পারেনি এখনো। সব বন্ধ হয়ে আছে। মহামারি যাক, তখন সৌরভ নিশ্চয়ই আরও ভালো করবে।
প্রশ্ন: আপনার প্রথম বাংলাদেশ সফরের কথা মনে পড়ে? ১৯৯৮ সালে ঢাকায় অনুষ্ঠিত ইনডিপেনডেন্স কাপের কথা নিশ্চয়ই মনে আছে...
আজহার: ঢাকায় প্রথম সফরের কথা মনে থাকবে না কেন! সম্ভবত এশিয়া কাপ ছিল, ১৯৮৮ সালের শেষ দিকে। ভারতের অধিনায়ক হিসেবে আমার পথচলার শুরুও ঢাকাতেই। ১৯৯০ সালের শুরুর দিকে নিউজিল্যান্ড সফরের আগে ঢাকায় পাকিস্তানের বিপক্ষে দুটি প্রদর্শনী ম্যাচ খেলেছিলাম আমরা। ১৯৯৮ সালের ইনডিপেনডেন্স কাপের কথা তো বিশেষভাবেই মনে আছে। তিন ফাইনালের শেষটা ছিল শ্বাসরুদ্ধকর। সৌরভ দারুণ এক সেঞ্চুরি করে ভারতকে জিতিয়েছিল। আমরা রেকর্ড স্কোর তাড়া করেছিলাম। প্রচণ্ড ঠান্ডা ছিল সেদিন। ফ্লাডলাইটেও কী যেন একটা সমস্যা ছিল, ঠিক মনে পড়ছে না। তবে ম্যাচের শেষের দিকের উত্তেজনাটা পরিষ্কার মনে আছে আমার।
প্রশ্ন: ২০০০ সালে ম্যাচ পাতানোর অভিযোগে আপনি আজীবন নিষেধাজ্ঞার কবলে পড়েছিলেন…
আজহার: (প্রশ্ন শেষ করতে না দিয়ে) দেখুন, আমি এ বিষয়ে কিছু বলতে চাই না। ওটা অতীতের ব্যাপার। আমি সে সময়টা পেছনে ফেলে এসেছি। আমি সাক্ষাৎকারটা দিতে রাজি হয়েছি আপনি ক্রিকেট নিয়ে আমায় প্রশ্ন করবেন বলে। আমি অতীতের ওই ঘটনা নিয়ে কথা বলতে চাই না। সাংবাদিকেরা আমাকে নিষেধাজ্ঞার বিষয় নিয়ে প্রশ্ন করে বলেই আমি বেশি সাক্ষাৎকার দিই না।
প্রশ্ন: বাকি প্রশ্নগুলো ক্রিকেট নিয়েই। বাংলাদেশের ক্রিকেট সম্পর্কে আপনার ধারণা কী?
আজহার: বাংলাদেশের ক্রিকেট নিয়ে যে আমি খুব খবর রাখি, তা নয়। তবে বাংলাদেশ ভালো করছে। দলটি এখন জেতা শুরু করেছে। সীমিত ওভারের ক্রিকেটে সবাই বাংলাদেশকে সমীহ করে। টেলিভিশনে বাংলাদেশের খেলা যা দেখেছি, তাতে মনে হয়েছে, দলটা প্রতিভাবান কিন্তু তরুণ। ওদের সময় যেমন দিতে হবে, তেমনি প্রেরণাও জুগিয়ে যেতে হবে।
প্রশ্ন: সাকিব আল হাসানকে কীভাবে মূল্যায়ন করবেন?
আজহার: সাকিব বাংলাদেশের ক্রিকেটের দারুণ এক সৈনিক। অসম্ভব প্রতিভাবান, দুর্দান্ত ক্রিকেটার। এ মুহূর্তে বাংলাদেশ ক্রিকেট দলের অবিচ্ছেদ্য অঙ্গ। তার গর্ব করার মতো রেকর্ডের অভাব নেই। গত বিশ্বকাপে সাকিবের খেলা দেখে মুগ্ধ হয়েছি।
প্রশ্ন: আপনি কি মনে করেন বিরাট কোহলি ভারতীয় ক্রিকেটে এখন পর্যন্ত সেরা ক্রিকেটার?
আজহার: এ প্রশ্নের উত্তর দেওয়াটা খুব কঠিন। ভিন্ন ভিন্ন যুগে ভিন্ন ভিন্ন সেরা ক্রিকেটারের আবির্ভাব হয়। আপনি কোনোভাবেই একটি সময়ের সঙ্গে আরেকটি সময়ের তুলনা করতে পারবেন না।
প্রশ্ন: শচীন টেন্ডুলকারের সঙ্গে তো কোহলির তুলনা চলে?
আজহার: এটাও সম্ভব নয়। দুজনই ভারতীয় ক্রিকেটের সম্পদ। দুজনই দুর্দান্ত প্রতিভাবান, নিজেদের সময়ের অবিসংবাদিত সেরা। তারা দুজনই প্রতিভার পূর্ণ সদ্ব্যবহার করেছে। দুজনই নিজেদের মতো করে ভিন্ন ধরনের ক্রিকেটার। কেবল শচীন কিংবা বিরাট নয়, প্রতিটি খেলোয়াড়ই ভিন্ন ধরনের সামর্থ্য নিয়ে জন্মায়।
প্রশ্ন: অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি এবং অধিনায়ক বিরাট কোহলির মধ্যে কি পার্থক্য চোখে পড়ে?
আজহার: ধোনি ভারতকে দুটি বিশ্বকাপ ও একটি চ্যাম্পিয়নস ট্রফি জিতিয়েছে। টেস্টে ভারতকে র্যাঙ্কিংয়ের শীর্ষে তুলেছে। বিরাট অবশ্যই ভালো অধিনায়ক। কিন্তু ধোনির সঙ্গে এখনই যদি আমরা ওর তুলনা করা শুরু করি, সেটা অন্যায় হবে। ওর তো মাত্র শুরু।
প্রশ্ন: ১৯৮৪ সালে অভিষেকের সময় পরপর তিনটি টেস্ট সেঞ্চুরি করে আপনি ক্রিকেট দুনিয়ায় হইচই ফেলে দিয়েছিলেন। স্বপ্নের মতো সে অভিষেকের পেছনের গল্পটা জানতে চাচ্ছি…
আজহার: গল্প একটাই—কঠোর পরিশ্রম। অভিষেকের আগে কঠোর পরিশ্রম করেছিলাম। প্রচুর ম্যাচ খেলেছিলাম। সেই পরিশ্রমই কাজে লেগেছে। টেস্ট অভিষেকে সেঞ্চুরি দারুণ ব্যাপার। আমি টানা তিনটি সেঞ্চুরি করেছিলাম। ওগুলো ছিল স্বপ্নের মতো কিছু মুহূর্ত। আমি কঠোর পরিশ্রমে বিশ্বাস করি। আপনার ঈশ্বরপ্রদত্ত অনেক প্রতিভা থাকতে পারে, তবু পরিশ্রম করে যেতে হবে। ১৯৯৬ সালে ইংল্যান্ডে সৌরভ অভিষেকে টানা দুটি সেঞ্চুরি করেছিল। সে যদি তিন সেঞ্চুরির রেকর্ড ভেঙে ফেলত, আমিই সবচেয়ে বেশি খুশি হতাম।