নিষেধাজ্ঞা পেতে পারেন ডু প্লেসি!

তাঁর নেতৃত্বে অস্ট্রেলিয়ার মাটিতে নতুন ইতিহাস গড়েছে দক্ষিণ আফ্রিকা। দুর্দান্ত দুটি টেস্ট জিতে এক ম্যাচ বাকি থাকতেই জিতে নিয়েছে সিরিজও। কিন্তু এরই মাঝে একটা দুঃসংবাদও শুনতে হচ্ছে দক্ষিণ আফ্রিকার অন্তর্বর্তীকালীন অধিনায়ক ফাফ ডু প্লেসিকে। আইসিসি বল টেম্পারিংয়ের অভিযোগ এনেছে তাঁর বিরুদ্ধে। যে অভিযোগ প্রমাণিত হলে এক টেস্টের নিষেধাজ্ঞা পেতে পারেন ডু প্লেসি।
হোবার্ট টেস্টে অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসের ৫৪ তম ওভারের ঘটনা। ভিডিও ফুটেজে দেখা যায়, ডু প্লেসি লালা মাখাচ্ছেন কোকাবুরা বলে। প্রোটিয়া অধিনায়কের মুখে তখন চুইংগাম। দুইবারের বেশি এমনটা করতে দেখা গেছে ডু প্লেসিকে। কাগিসো রাবাদার করা ওই ওভারে তিন বলের মধ্যে আউট হয়েছেন পিটার নেভিল ও জো মেনি।
যদিও আম্পায়াররা ডু প্লেসির বিরুদ্ধে কোনো অভিযোগ আনেনি। তবে ভিডিও ফুটেজ দেখে ঘটনাটির তদন্ত করে আইসিসি। আজ আইসিসির ওয়েবসাইটে এক বিবৃতিতে বলা হয়, আচরণবিধির ২.২.৯ ধারা ভাঙার কারণে অভিযোগ গঠন করা হয়েছে ডু প্লেসির বিরুদ্ধে। ওই ধারা অনুযায়ী, কোনো কৃত্রিম বস্তু ব্যবহার করে বল ঘষা যাবে না।
ডু প্লেসি অবশ্য অভিযোগ অস্বীকার করেছেন। আইসিসি জানিয়েছে, এ বিষয়ে ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের সামনে শুনানি হবে। তবে শুনানির কোনো নির্দিষ্ট তারিখ এখনো দেওয়া হয়নি।