
এজবাস্টন ও ট্রেন্ট ব্রিজের ভূত কি ওভালেও হাজির?
ব্যাটিং বিপর্যয়ের ভূতটা অবশ্য এবার অস্ট্রেলিয়াকে ছেড়ে আছর করেছে ইংল্যান্ডের ওপর। কাল প্রথম ইনিংসে ৯২ রানেই ৮ উইকেট হারিয়েছে ইংলিশরা। এরপর দিনের শেষ কয়টা ওভার মঈন আলী ও মার্ক উড দাঁতে দাঁত চেপে পার করে দেওয়াতেই শেষ পর্যন্ত ইংল্যান্ডের রানটা ১০০ পেরিয়েছে। ৮ উইকেট ১০৭—অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসের চেয়ে এখনো ৩৭৪ রানে পিছিয়ে ইংল্যান্ড। মাইকেল ক্লার্ক তাহলে মনে রাখার মতোই বিদায়ী উপহার পেতে যাচ্ছেন!
এর আগে ৩ উইকেটে ২৮৭ রান নিয়ে দিন শুরু করা অস্ট্রেলিয়া অলআউট হওয়ার আগে করেছে ৪৮১ রান। ট্রেন্ট ব্রিজেই সিরিজ খোয়ানো দলটির ব্যাটিং নায়ক স্টিভেন স্মিথ। আগের দুই টেস্টের চার ইনিংসে সাকল্যে ২৬ রান করা অস্ট্রেলিয়ার পরবর্তী টেস্ট অধিনায়ক করেছেন ইনিংস সর্বোচ্চ ১৪৩ রান। স্মিথের এটা ১১তম টেস্ট সেঞ্চুরি।
আগের দিন বৃষ্টিতে আগেভাগেই শেষ হয়েছিল খেলা। ৩ উইকেট হারানো অস্ট্রেলিয়া থেমেছিল ২৮৭ রানে, স্মিথ ৭৮ রানে। স্মিথ আউট হলেন আরও ৬৫ রান যোগ করে, অস্ট্রেলিয়ার অষ্টম ব্যাটসম্যান হিসেবে। লাঞ্চের মিনিট বিশেক আগে মঈন আলীর বলটাকে মিড অফে ঠেলে সিঙ্গেল নিয়ে সেঞ্চুরি পুরো করেছেন স্মিথ। দুই বছর আগে এই ওভালেই ক্যারিয়ারে প্রথম টেস্ট সেঞ্চুরিটা অবশ্য ছক্কা মেরেই পেয়েছিলেন, বোলারের নাম ছিল জোনাথন ট্রট।
আগের দিনই ৩ হাজার রানের মাইলফলক ছোঁয়া স্মিথ চতুর্থ উইকেটে ১৪৬ রান যোগ করেছেন অ্যাডাম ভোজেসের সঙ্গে। সিরিজে প্রথম ছয় ইনিংসে সর্বোচ্চ ৩১ রান করা ভোজেস পেয়েছেন টানা দ্বিতীয় ফিফটি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অভিষেক টেস্টে অপরাজিত ১৩০ রানের পর কাল দ্বিতীয় সর্বোচ্চ ৭৬ রান করেছেন ৩৫ বছর বয়সী এই ব্যাটসম্যান।
ভোজেসের বিদায়ের পর মিচেল মার্শ, পিটার নেভিল ও মিচেল জনসনরাও অল্পতে ফেরেন। মার্শকে বাউন্সারে ভড়কে দিয়ে স্লিপে ইয়ান বেলের ক্যাচ বানিয়ে টেস্টে শততম শিকার পেয়েছেন স্টিভেন ফিন। ফিনকে নিয়ে টেস্টে ১০০ উইকেট নেওয়া ইংলিশ বোলারের সংখ্যা এখন ৪৫।
৭ উইকেটে ৩৭৬ রান নিয়ে লাঞ্চে যাওয়া অস্ট্রেলিয়া পরের ঘণ্টা দেড়েক হতাশাই উপহার দিয়েছে ইংলিশদের। অষ্টম উইকেটে মিচেল স্টার্ককে নিয়ে আরও ৯১ রান যোগ করে তবেই ফিরেছেন স্মিথ। এই জুটি ওভারপ্রতি রান তুলেছে ৫.৯৩ করে। স্টার্ক ক্যারিয়ারের ষষ্ঠ ফিফটিটা ছুঁয়েছেন ৪৫ বলে।
ইংল্যান্ডের ইনিংসে সর্বোচ্চ ৩০ রানের জুটিটা গড়েছেন দুই ওপেনার অ্যাডাম লিথ ও অ্যালিস্টার কুক। কুক বিদায় নিতেই বিপর্যয়ের শুরু। ক্রিকইনফো, স্টার স্পোর্টস।