নিয়ন্ত্রণ শ্রীলঙ্কার হাতেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
থিরিমান্নেকে ফিরিয়ে দিয়ে দুই সতীর্থের সঙ্গে বোলার ইয়াসিরের উল্লাস l ক্রিকইনফো
থিরিমান্নেকে ফিরিয়ে দিয়ে দুই সতীর্থের সঙ্গে বোলার ইয়াসিরের উল্লাস l ক্রিকইনফো

পি সারা ওভালে এবার ভাগ্য ফিরবে শ্রীলঙ্কার? ইয়াসির শাহর দারুণ বোলিংয়ের পরও কলম্বো টেস্টের দ্বিতীয় দিন শেষে এগিয়ে কিন্তু লঙ্কানরাই। ওপেনার কৌশল সিলভার ৮০ ও অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুসের ৭৭ রান শ্রীলঙ্কাকে এগিয়ে নিয়ে গেছে ১৬৬ রানে। ৯ উইকেটে ৩০৪ রান নিয়ে দিন শেষ করা স্বাগতিকেরা আজ আরও কত দূর যেতে পারে দেখার সেটাই।
দিনের প্রথম ভাগে ম্যাচে শ্রীলঙ্কার নিয়ন্ত্রণটা ছিল আরও জোরালো। ১ উইকেটে ৭০ রান নিয়ে দিন শুরু করা লঙ্কানরা ৩ উইকেটেই তুলে ফেলে ১৯১ রান। সেখান থেকে দেখতে না দেখতেই হয়ে পড়ে ৬ উইকেটে ২০২। ছোট ধসের সূচনাটা ম্যাথুসের সঙ্গে ভুল-বোঝাবুঝিতে সিলভার রানআউটে। ইনিংস-সর্বোচ্চ ৮০ রান করে ফিরেছেন গল টেস্টে সেঞ্চুরি পাওয়া ওপেনার। এরপর দিনেশ চান্ডিমাল ও কিতুরুয়ান ভিতানাগেকে বোল্ড করে ইয়াসিরের জোড়া আঘাত।
শ্রীলঙ্কা কক্ষপথে ফেরে ধাম্মিকা প্রসাদের সঙ্গে অধিনায়কের ৭৩ রানের সপ্তম উইকেট জুটিতে। প্রসাদ এলবিডব্লু হয়ে ফেরেন আবারও প্রশ্নবিদ্ধ বোলিং অ্যাকশনের মোহাম্মদ হাফিজের বলে। এই অফ স্পিনার কাল ১০ ওভার বোলিং করেছেন। প্রসাদের বিদায়ের ৪ বল পর এলবিডব্লু ম্যাথুসও এলবিডব্লু (৭৭)। রিভিউ নিয়েও টেস্টে ইয়াসিরের ৫০তম শিকার হওয়া থেকে বাঁচতে পারেননি ম্যাথুস। মাত্র ৯ টেস্টেই ৫০ উইকেট, টেস্টে সবচেয়ে কম ম্যাচ খেলে ৫০ উইকেট নেওয়া পাকিস্তানি বোলার এখন ইয়াসির। পরে থারিন্ডু কৌশলের উইকেটটি নিয়ে আবারও ইনিংসে ৫ উইকেট পেলেন গল টেস্টের জয়ের নায়ক।
কাল সারা দিনে ৩৪ ওভার বল করেছেন ইয়াসির। অবশ্য চোটে পড়ে সিরিজ শেষ হয়ে যাওয়া ফাস্ট বোলার ওয়াহাব রিয়াজ না থাকায় অন্যদেরও বেশি বল করতে হয়েছে। জুলফিকার বাবর করেছেন ২৫ ওভার, পেসার জুনাইদ ১৭.২ ওভার। রিয়াজের বাঁ হাতের আঙুলে সূক্ষ্ম চিড় ধরা পড়েছে।
বছর খানেক আগে ইয়াসিরের বোলিংয়ে মুগ্ধ হয়ে টুইট করেছিলেন শেন ওয়ার্ন। কাল দিনের খেলা শেষে ইয়াসির বললেন অস্ট্রেলিয়ার লেগ স্পিন কিংবদন্তির টুইট তাঁর কাছে একটা অনুপ্রেরণা, ‘আসলে তাঁর কথা আমাকে চাপে ফেলে দিয়েছিল। চাপটা ছিল তাঁর কথাকে সত্যি প্রমাণ করার। তবে এখন পর্যন্ত সব ঠিকঠাকই চলছে।’ এএফপি, ক্রিকইনফো।