নিয়ম মেনে চলাই ভালো, ধোনির গ্লাভস বিতর্কে গাভাস্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুনীল গাভাস্কার। এএফপি ফাইল ছবি
সুনীল গাভাস্কার। এএফপি ফাইল ছবি

মহেন্দ্র সিং ধোনির গ্লাভস নিয়ে কম বিতর্ক হয়নি গত কয়েক দিনে। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) থেকে শুরু করে সাবেক ভারতীয় ক্রিকেটাররা অনেকেই দাঁড়িয়েছেন ধোনির পাশে। তবে সুনীল গাভাস্কার বাকিদের পথে হাঁটেননি। পরোক্ষে বুঝিয়ে দিয়েছেন, নিয়ম ভেঙে উচিত কাজ করেননি ধোনি।

গাভাস্কার নিয়ম মেনে চলারই পক্ষে। গাভাস্কারের ভাষ্য, নিয়ম যখন আছে, তখন সেটি মেনে চলাই ভালো। নিয়ম যদি মানা না-ই হবে, তাহলে নিয়ম রাখার যৌক্তিকতা কী, এমনটাই বোঝাতে চেয়েছেন সাবেক এই ভারতীয় অধিনায়ক।

ধোনির গ্লাভস প্রসঙ্গে কথা বলতে গিয়ে পাঁচ বছর আগে মঈন আলীর প্রসঙ্গও টেনে এনেছেন ভারতের প্রথম বিশ্বকাপজয়ী দলের সদস্য গাভাস্কার, ‘আমার মনে হয়, নিয়ম তৈরি করাই হয় সেটা মেনে চলার জন্য। আইসিসির সবশেষ সিদ্ধান্ত সেটিই প্রমাণ করছে। আপনাদের মনে আছে কী না, ২০১৪ সালে কোনো এক কারণে মঈন আলীও রিস্টব্যান্ড পরে মাঠে নেমেছিল। যত দূর মনে পড়ে, ইংলিশ ক্রিকেট বোর্ড তখন তাঁকে জরিমানা করেছিল।’

গাভাস্কার অবশ্য এটাও বলেছেন, ধোনি মাঠে কি পরে নামলেন তাতে তাঁর কিছুই যায় আসে না। যতক্ষণ পর্যন্ত ধোনি মাঠে নিজের কাজটা ঠিকঠাক করছেন, ততক্ষণ এসব বিষয়ে মাথা ঘামানোর দরকার নেই বলেও মন্তব্য করেছেন ভারতীয় এ কিংবদন্তি।

এদিকে ধোনিকে সামরিক ব্যাজ সংবলিত গ্লাভস পরে খেলতে দেওয়ার জন্য যে আবেদন জানিয়েছিল বিসিসিআই, সেটি নাকচ করে দিয়েছে আইসিসি। শুধু তাই নয়, অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে ‘বলিদান ব্যাজ’ পরে মাঠে নামলে জরিমানা কিংবা নিষিদ্ধ করা হবে ধোনিকে, এমন হুঁশিয়ারিও দিয়েছে আইসিসি।

২০১৯ বিশ্বকাপে ভারতের প্রথম ম্যাচে গ্লাভসে সামরিক ব্যাজ লাগিয়ে মাঠে নেমেছিলেন ধোনি। দক্ষিণ আফ্রিকা ইনিংসের ৪০তম ওভারে ক্যামেরায় ধরা পরলে বিষয়টি নিয়ে বেশ বিতর্ক শুরু হয়। ধোনির এমন কাজে আইসিসির পোশাক এবং ক্রীড়া সামগ্রী সম্পর্কিত আইনের লঙ্ঘন হয়েছে বলেও দাবি করেন অনেকে। তবে বিসিসিআই বলেছিল, ধোনির গ্লাভসের ওই প্রতীকের সঙ্গে সেনাবাহিনীর কোনো সম্পর্ক নেই। তাই ধোনি সেই গ্লাভস পরেই খেলবেন। ধোনি যেন সেই গ্লাভস জোড়া পরতে পারেন, সে জন্য আইসিসির কাছে অনুমতিও চেয়েছিল বিসিসিআই।