নিয়ম মেনে বল করতে বলছেন মুরালি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বোলিং অ্যাকশনের কারণে ক্রিকেট ইতিহাসে আর কোনো বোলারকে নিয়ে বোধ হয় তাঁর মতো এত বেশি বিতর্ক হয়নি। ড্যারেল হেয়ার, রস এমারসনরা ‘নো’ ডেকেছেন। বিষেন সিং বেদি তো তাঁকে বোলার নন, ‘বর্শা নিক্ষেপকারী’ বলে এসেছেন বরাবর। বারবার প্রশ্নবিদ্ধ হয়েছেন। কিন্তু প্রতিবারই পরীক্ষা দিয়ে নিজেকে ‘শুদ্ধ’ প্রমাণ করে ঘুরে দাঁড়িয়েছেন মুত্তিয়া মুরালিধরন। হয়েছেন টেস্ট ও ওয়ানডে দুটিতেই সর্বোচ্চ উইকেটের মালিক। খেলোয়াড়ি জীবনে যাঁর বোলিং অ্যাকশন নিয়ে এত বিতর্ক ছিল, সেই মুরালিই সন্দেহভাজন বোলিং অ্যাকশনের কারণে প্রশ্নবিদ্ধ এখনকার বোলারদের অনুরোধ করেছেন আইসিসির নিয়ম মেনে বল করার জন্য!
আইসিসির ‘শুদ্ধি অভিযানে’ গত কয়েক মাসে সাময়িকভাবে নিষিদ্ধ হয়েছেন পাকিস্তানের সাঈদ আজমল, শ্রীলঙ্কার সচিত্রা সেনানায়েকে, নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন, জিম্বাবুয়ের প্রসপার উতসেয়া ও বাংলাদেশের সোহাগ গাজী। সন্দেহের তালিকায় আছেন বাংলাদেশের আল-আমিন, ওয়েস্ট ইন্ডিজের সুনীল নারাইনরা। আইসিসির নিয়মানুযায়ী, বল করার সময় কোনো বোলারই ১৫ ডিগ্রির বেশি কনুই বাঁকাতে পারবেন না। যদিও অস্ট্রেলিয়ার বায়োমেকানিকস ল্যাবের পরীক্ষায় দেখা গেছে, বোলিংয়ের সময় আজমল ও সেনানায়েকে দুজনের কনুই বাঁকে ৪৩ ডিগ্রির কাছাকাছি! তবে মুরালিধরন মনে করেন, এ সমস্যাও কাটিয়ে ওঠা সম্ভব। বলেছেন, ‘যখন আমি খেলতাম, তখনো এ সমস্যা ছিল। আপনাকে ল্যাবে যেতে হবে, পরীক্ষা দিতে হবে। যদি আপনি ১৫ ডিগ্রির মধ্যে রাখতে পারেন তাহলে আপনার অ্যাকশন বৈধ। না হলে সেটা ঠিক করার জন্য কাজ করতে হবে। এটা তো অন্য কেউ বিচার করবে না। আইন আছে। আমিও একই সমস্যায় পড়েছিলাম। আমি পরীক্ষা দিয়েছি এবং আমার অ্যাকশন বৈধ প্রমাণিত হয়েছে।’
লক্ষণীয় বিষয় হচ্ছে, নিষিদ্ধ ও সন্দেহভাজন বোলারদের মধ্যে বাংলাদেশি পেসার আল-আমিন ছাড়া বাকি সবাই অফ স্পিনার। এঁদের অনেকেই সাম্প্রতিক কালে অফ স্পিনারদের বড় অস্ত্র ‘দুসরা’র কারণে প্রশ্নবিদ্ধ। সাবেক পাকিস্তানি স্পিনার সাকলায়েন মুশতাক আবিষ্কৃত এই বল আইসিসির নিয়মের মধ্যে করা কঠিন মনে করেন অনেক বিশেষজ্ঞই। তবে মুরালি বলছেন অন্য কথা, ‘আমি তো অনেকবার পরীক্ষা দিয়েছি। আমি ১০.৪ ডিগ্রি বাঁকা করেই দুসরা করেছি এবং দেখিয়েছি যে এটা সম্ভব। এটা নির্ভর করে বোলারের ওপর। আপনি যদি সাকলায়েনকে জিজ্ঞেস করেন সেও একই কথা বলবে।’
তবে দিন দিন ক্রিকেট ব্যাটসম্যানদের খেলা হয়ে যাচ্ছে—এ যুক্তি দেখিয়ে বোলিং-বৈচিত্র্যের জন্য হলেও দুসরার ক্ষেত্রে আইসিসির নিয়মটা কিছুটা শিথিল করার পক্ষপাতী সাবেক পাকিস্তানি ব্যাটসম্যান রমিজ রাজা, ‘দুসরাতে তো শারীরিক ক্ষতিরও আশঙ্কা নেই। এতে বরং ব্যাটসম্যানের দক্ষতার পরীক্ষা হয়ে যায়। আমার তাই মনে হয়, যদি এ ক্ষেত্রে নিয়মটা একটু শিথিলও করার দরকার হয়, যেমন ১৮-২০ ডিগ্রি, সেটা করা উচিত।’ এএফপি।