শেষ হয়ে এল বছর। আগামীকাল নেলসনে নিউজিল্যান্ড-শ্রীলঙ্কার তৃতীয় ওয়ানডে দিয়েই শেষ হচ্ছে ২০১৫ সাল। এ ম্যাচটি এ বছর নিউজিল্যান্ডের ৪৪তম ও শ্রীলঙ্কার ৪০তম আন্তর্জাতিক ম্যাচ। তিন সংস্করণের ক্রিকেট মিলিয়ে ২০১৫ সালে নিউজিল্যান্ডের চেয়ে বেশি ম্যাচ খেলেছে শুধু ইংল্যান্ড ও পাকিস্তান। দুটি দলই ৪৫টি করে ম্যাচ খেলেছে। ব্যক্তিগতভাবে সবচেয়ে বেশি ম্যাচ খেলেছেন নিউজিল্যান্ডের মার্টিন গাপটিল ও জিম্বাবুয়ের সিকান্দার রাজা। ৪২টি করে ম্যাচ খেলেছেন এঁরা দুজন। কাল মাঠে নামলেই রাজাকে ছাড়িয়ে যাবেন গাপটিল। গাপটিল অবশ্য একটি ম্যাচ খেলেননি, রাজা ছিলেন এবার জিম্বাবুয়ের খেলা সব ম্যাচেই। টেস্ট খেলুড়ে দলগুলোর মধ্যে রাজা ছাড়া ২০১৫ সালে যার যার দলের হয়ে সব ম্যাচ খেলেছেন আর মাত্র তিনজন। স্টিভেন স্মিথ অস্ট্রেলিয়ার ৩৩ ম্যাচে এবং মুশফিকুর ও তামিম বাংলাদেশের ২৮টি ম্যাচেই একাদশে ছিলেন।