নুরুল কেন এত নিচে?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
৩ বলে ১১ রান করে সিলেটকে ম্যাচ জেতালেন নুরুল হাসান। ছবি: শামসুল হক
৩ বলে ১১ রান করে সিলেটকে ম্যাচ জেতালেন নুরুল হাসান। ছবি: শামসুল হক

ডোয়াইন ব্রাভোর করা শেষ ওভারে দরকার ছিল ১০ রান। প্রথম বলে শুভাগত হোম চৌধুরী আউট হওয়ায় সিলেট সিক্সারসের কাজটা বেশ কঠিনই হয়ে পড়েছিল। তীব্র স্নায়ু চাপের মধ্যে নেমে নুরুল হাসান ডোয়াইন ব্রাভোকে লং অন দিয়ে মারলেন উড়িয়ে। তিন বল পরে ব্রাভোকেই থার্ড ম্যান দিয়ে সীমানার বাইরে পাঠিয়ে কুমিল্লা ভিক্টোরিয়ানসের বিপক্ষে দুর্দান্ত এক জয় এনে দিয়ে বুনো উদ্‌যাপনে মাতলেন এই উইকেটরক্ষক-ব্যাটসম্যান।

৩ বলে ১১ রান করে দলকে জেতানো নুরুল কেন আটে? যদিও জাতীয় দলে যে ১২টি ম্যাচ খেলেছেন, সাতে-আটেই ব্যাটিং করেছেন। তবে ঘরোয়া ক্রিকেটে তিনি আরেকটু ওপরে ব্যাটিং করে অভ্যস্ত। আজ কী তাঁকে একটু আগে নামানো যেত না? ব্যাটসম্যান হিসেবে তাঁর যে সামর্থ্য, নুরুল তো লিয়াম প্লাংকেটের আগে নামার সুযোগ পেতেই পারতেন!
স্বাভাবিকভাবেই ম্যাচ শেষ সংবাদ সম্মেলনে অধিনায়ক নাসির হোসেনের দিকে এ নিয়ে ছুটে গেল প্রশ্ন। উত্তরটা তিনি দিলেন একটু গা বাঁচিয়েই, ‘এটা আমার হাতে নেই। টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্ত। সোহান (নুরুল) আরও আগে নামত। মাত্র দুটি ম্যাচ হয়েছে। এখনো অনেক ম্যাচ বাকি আছে। সোহান আরও আগে নামত। প্লাংকেটের আগেই নামত। তবে ওই সময় মনে হয়েছে প্লাংকেট আগে নামলে ভালো হতে পারে।’
তবে শেষ ওভারে নুরুল যেভাবে চার-ছক্কা মেরে দলকে জিতিয়েছেন, তাতে মোটেও অবাক নন নাসির, ‘সোহান খুব ভালো ব্যাটসম্যান। আশা করিনি ওকে নামতে হবে। অনেক আগেই জিততাম। ১০ ওভারের পর ভালো ব্যাটিং করিনি। সোহান সম্পর্কে কী বলব, সে ভালো ব্যাটসম্যান সবাই জানে। ও যে চার-ছয় মেরেছে, অবাক হইনি। এটা সে নিয়মিতই মারে।’
এবার বিপিএলে অধিনায়ক হিসেবে এখনো পর্যন্ত নাসির শতভাগ সফল। সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন দলকে। সিলেটও এগিয়ে চলেছে দুর্দান্ত গতিতে। আগেও বলেছেন নেতৃত্ব তাঁর কাছে চাপের নয়, উপভোগের আরেক নাম। সেটির পুনরাবৃত্তি করলেন আজও, ‘উপভোগ তো করছিই। এখানে আমি যে সিদ্ধান্ত নিই সবাই একমত হয়। আমার ওপর আস্থা রাখে। দলে অনেক সিনিয়র খেলোয়াড় থাকলে সিদ্ধান্ত নিতে একটু সমস্যা হয়। একেকজন একেক কথা বলে। এখানে সেটি নেই। যে সিদ্ধান্ত নিই সবাই সেটিতে একমত হয়।’
নাসির বলছেন, তাঁর দলে ‘বড় নাম’ নেই। তবে যেভাবে এগোচ্ছে সিলেট, ছন্দটা ধরে রাখতে পারলে প্রতিযোগিতার বড় নামই হয়ে উঠবে সিলেট সিক্সারস।