নুরুলের প্রথম সেঞ্চুরিতে জিতল প্রাইম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লিস্ট ‘এ’ তে প্রথম সেঞ্চুরি করলেন নুরুল হাসান। ছবি: ফাইল ছবি।
লিস্ট ‘এ’ তে প্রথম সেঞ্চুরি করলেন নুরুল হাসান। ছবি: ফাইল ছবি।

নিজের ৪১তম লিস্ট ‘এ’ ম্যাচে এসে প্রথম সেঞ্চুরিটি পেলেন নুরুল হাসান। জাতীয় ক্রিকেট দলের নবীন এই সদস্যের ১০৮ রানের ইনিংসে ফতুল্লায় লিজেন্ড অব রূপগঞ্জের বিপক্ষে ৬০ রানের জয় পেয়েছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব।
প্রথমে ব্যাট করতে নেমে ৫০ ওভারে ৯ উইকেটে ২৯৯ রান তুলেছে প্রাইম ব্যাংক। নুরুলের সেঞ্চুরি ছাড়াও মেহেদী মারুফের ৫০ আর ভারতীয় ক্রিকেটার শচীন রানার ৪০ রানও প্রাইম ব্যাংকের বড় সংগ্রহে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তবে প্রাইমের মূল তারকা সাব্বির রহমান আজও নিজের সংগ্রহটাকে (১১) বড় করতে পারেননি।
লিগে শেখ জামালের বিপক্ষে এর আগে একটি ফিফটি (৬৩) করেছিলেন নুরুল। ভিক্টোরিয়ার বিপক্ষে সর্বশেষ ম্যাচে তাঁর ইনিংস শেষ হয়েছিল ৪০ রানে। ব্রাদার্সের বিপক্ষে ৩৪, কলাবাগান ক্রিকেট একাডেমির বিপক্ষে ১৮ আর ক্রিকেট কোচিং স্কুলের বিপক্ষে ১৪ রানের ইনিংসগুলো তাঁর আক্ষেপই বাড়িয়েছে। আজকে সেই দুঃখ ঘোচালেন ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি দিয়ে।
৩০০ তাড়া করতে নেমে শুরুটা একদমই ভালো হয়নি রূপগঞ্জের। ৩৯ রানেই ৩ উইকেট হারিয়ে ফেলে তারা। পথ হারা রূপগঞ্জ দল আর ম্যাচে ফিরতে পারেনি। ৪৫.৫ ওভারে অলআউট হয়েছে ২৩৯ রানে। এই হারে প্রিমিয়ার লিগের শীর্ষে ওঠার সুযোগ হারিয়েছে রূপগঞ্জ।