নুরুলের ওপর চটেছেন ডমিঙ্গো

অযথা তুলে মারতে গিয়ে উইকেট উপহার দেন নুরুল হাসানছবি: শামসুল হক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্কোরবোর্ড তখন দেখাচ্ছে বাংলাদেশ এগিয়ে আছে ১৯৭ রানে। লিটন দাসের সঙ্গে তখন ব্যাটিং করছেন ইয়াসির আলীর বদলি নুরুল হাসান।

মোটামুটি একটা জুটি দাঁড়িয়েছে, দুজনই উইকেটে থিতু। হাতে চার উইকেট, একটু দৃঢ়তার সঙ্গে ব্যাটিং করলে লিডটাকে আড়াই শর আশপাশে নিয়ে যাওয়া খুবই সম্ভব।

কিন্তু এমন একটা সময়ে নুরুল হাসানের মাথায় কী খেলে ছিল, কে জানে। অফ স্পিনার সাজিদ খানের নির্বিষ এক বলে এগিয়ে এসে তুলে মারলেন। লং অনে দাঁড়িয়ে সেটি সহজেই ধরে নিলেন পাকিস্তানি ফিল্ডার।

ম্যাচের ওই পরিস্থিতিতে নুরুলের অমন শট খেলার ক্রিকেটীয় যুক্তি খুঁজে বের করাটা খুবই কঠিন। নুরুল হয়তো নিজেও আউট হওয়ার ওই শটটির ভিডিও ফুটেজ আর কোনো দিনই দেখতে চাইবেন না।

আউট হওয়ার আগে ভালোই খেলছিলেন নুরুল হাসান
ছবি: প্রথম আলো

এরপর বাংলাদেশের লিডে যোগ হয়েছে মাত্র ৪ রান। পাকিস্তানও ২০২ রানের লক্ষ্যে ব্যাট করতে নামার সুযোগ পেল ব্যাটিংয়ের জন্য দিনের সবচেয়ে আদর্শ সময়ে। ম্যাচের মোড় ঘুরে যাওয়া মুহূর্তে ভিলেন বনে যাওয়া নুরুলের সমালোচনা করেছেন দলের প্রধান কোচ রাসেল ডমিঙ্গোও।

আজ দিনের খেলা শেষে অনলাইন সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ‘আপনি যদি সোহানকে (নুরুল) জিজ্ঞেস করেন, এমন বলে তুমি কোন শট খেলতে চাও? সে আজ যে শট খেলেছে, নিশ্চয়ই সেই শটটা খেলবে না। সে নিজেকে ও তার দলকে ওই শটটা খেলে হতাশ করেছে। এতে কোনো সন্দেহ নেই।’

ম্যাচের অবস্থার কারণেই হয়তো নুরুলের ওপর চটেছেন ডমিঙ্গো। তিনি বলছিলেন, ‘আমি ক্রিকেটারদের সমালোচনা মিডিয়ার সামনে করতে চাই না। আমরা আজ ভালোই ছন্দে ছিলাম। মনে হচ্ছিল আমরা এগিয়েই আছি। ১৯৭ রানের লিড, হাতে চার উইকেট, দুজন ব্যাটসম্যান ভালো করছিল। আমরা যদি তখন জুটি গড়ে ৪০-৫০ রান যোগ করতে পারতাম, তাহলে পাকিস্তান চাপে থাকত। তাদের হয়তো ব্যাট করতে হতো দিনের খেলা শেষ হওয়ার ঘণ্টাখানেক আগে।’

চতুর্থ দিনের খেলা শেষে মাঠ ছাড়ছেন বাংলাদেশের লিটন দাস ও পাকিস্তানের আবিদ আলী
ছবি: প্রথম আলো

কিন্তু বাংলাদেশ দলের প্রত্যাশামতো এগোয়নি চট্টগ্রাম টেস্ট। মাত্র ২০২ রানের লক্ষ্যে খেলতে নেমে পাকিস্তান আজকের দিন শেষ করেছে কোনো উইকেট না হারিয়ে ১০৯ রান করে। প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও আবিদ আলী ও আবদুল্লাহ শফিক জোড়া অর্ধশতক করে পাকিস্তানের দাপুটে জয়ের চোখ রাঙানি দিচ্ছেন।

তবে নিবু নিবু হলেও আশার প্রদীপ জ্বলছে বাংলাদেশ দলের ড্রেসিংরুমে। এখন পর্যন্ত চট্টগ্রাম টেস্টের সিংহভাগ উইকেট পড়েছে সকালের সেশনে। কাল পঞ্চম দিনের খেলায় সকালের সেশনে দ্রুত কিছু উইকেট নিলে হয়তো ম্যাচে ফিরবে বাংলাদেশ।

কোচের আশাটা সে রকমই, ‘দেখা যাচ্ছে যে সব উইকেটই পড়ছে প্রথম সেশনে। ওদের ৯৩ রান দরকার। আমাদের জিততে হলে বিশেষ কিছু করতে হবে। টেস্ট ক্রিকেটে কিন্তু সবকিছুই হতে পারে। আমাদের কাল মাঠে আসতে হবে জেতার বিশ্বাস নিয়ে। যদি এক-দুটি উইকেট নিতে পারি প্রথম আধা ঘণ্টায়, তাহলে যেকোনো কিছুই হতে পারে।’