তাহলে কি অধিনায়কত্ব ছেড়েই আসল ধোনি ফিরলেন?
সেটিই তো মনে হচ্ছে। তাঁর দল চেন্নাই সুপার কিংস গত মৌসুমে আইপিএল জিতলেও ব্যাট হাতে বহুদিন ধরেই নিষ্প্রভ এই উইকেটকিপার ব্যাটসম্যান। টি-টোয়েন্টিতে যেমন ধুমধাড়াক্কা ব্যাটিং করতে হয়, বহুদিন ধরেই পরিস্থিতির দাবি মিটিয়ে অমন ব্যাট চালাতে পারেন না। এবার মৌসুম শুরুর আগেই চেন্নাই সুপার কিংসের নেতৃত্ব ছেড়েছেন, দায়িত্ব সঁপেছেন রবীন্দ্র জাদেজার হাতে। অধিনায়কত্বের চাপ থেকে মুক্তি পাওয়া ধোনি এবারের আইপিএলের প্রথম দুই ম্যাচেই নিজের ব্যাটসম্যান-সত্তাকে নতুন করে চেনালেন।
প্রথম ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ধোনির ৩৮ বলে করা ৫০ রানের ইনিংসটা না থাকলে দলগত স্কোর ১০০ ছাড়ায় না চেন্নাইয়ের। দ্বিতীয় ম্যাচেও দলের প্রয়োজনমতো ব্যাট চালিয়েছেন। প্রথম বলেই ছক্কা হাঁকিয়ে ইনিংস শুরু করেছিলেন।
শেষ বলে মেরেছেন চার। মাত্র ছয় বল খেলতে পারলেন। ওই ৬ বলেই ১৬ তুলেছেন। দলের স্কোর যেন ২০০ ছাড়ায়, নিশ্চিত করেছেন। ১৫ রান করতে পারলে টি-টোয়েন্টি ক্যারিয়ারে ৭ হাজার রানের মাইলফলক স্পর্শ করা হয়ে যেত, ধোনি করলেন আরও এক রান বেশি।
টি-টোয়েন্টিতে ৭ হাজার রানের মাইলফলক স্পর্শ করা ভারতীয়রা
এই ৭ হাজার রান করেই অনন্য দুটি রেকর্ডে নিজের নাম লিখেছেন এই উইকেটকিপার ব্যাটসম্যান। প্রথম ভারতীয় উইকেটকিপার হিসেবে টি-টোয়েন্টিতে ৭ হাজার রান হয়ে গেল সাবেক চেন্নাই অধিনায়কের। সব মিলিয়ে ষষ্ঠ ভারতীয় হিসেবে এই কীর্তি গড়লেন ধোনি। তাঁর আগে বিরাট কোহলি, রোহিত শর্মা, সুরেশ রায়না, শিখর ধাওয়ান ও রবিন উথাপ্পা টি-টোয়েন্টিতে ৭ হাজার রানের মাইলফলক ছুঁয়েছেন।
তবে ব্যাট হাতে ধোনির বীরত্বের পরও জয়ের মুখ দেখতে পাচ্ছে না চেন্নাই। রবীন্দ্র জাদেজার অধিনায়কত্বে এবারের আইপিএলের প্রথম দুই ম্যাচেই হেরেছে গতবারের চ্যাম্পিয়নরা। প্রথমে কলকাতা, পরে লক্ষ্ণৌ সুপার জায়ান্টস—দুই দলের বিপক্ষেই হেরেছে ৬ উইকেটে।
অধিনায়কত্ব ছেড়ে ধোনি নিজে নির্ভার হলেও তাঁর কাছ থেকে অধিনায়কত্বের দায়িত্ব নিয়ে জাদেজাকে দিয়ে চেন্নাই আপাতত নির্ভার নেই!