নেই বিশ্বকাপের ৭ জন!
বিশ্বকাপের পর অস্ট্রেলিয়ার প্রথম ওয়ানডে দল। তাতেই কিনা নেই বিশ্বকাপ দলের সাত মুখ! ভাবছেন চমক? দল থেকে আসলে বাদ পড়েছেন কেবল বাঁহাতি স্পিনার জেভিয়ার ডোহার্টিই। অবসর নিয়েছেন অধিনায়ক মাইকেল ক্লার্ক ও উইকেটকিপার ব্র্যাড হাডিন। বিশ্রাম দেওয়া হয়েছে পেসার মিচেল জনসন ও জশ হ্যাজলউডকে। ইংল্যান্ডে কাউন্টি খেলতে গিয়ে চোট পেয়েছেন ওপেনার অ্যারন ফিঞ্চ। এ ছাড়া মদ্যপ অবস্থায় গাড়ি চালানোয় নিষেধাজ্ঞা পেয়েছেন জেমস ফকনার। ফলে নতুনদের জন্য সুযোগটা এসে গেছে অবধারিতভাবেই। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের দলে জায়গা পেয়েছেন ওয়ানডে অভিষেকের অপেক্ষায় থাকা জো বার্নস, অ্যাশটন অ্যাগার ও মার্কাস স্টোইনিস।
দলের একমাত্র স্পিনার অ্যাগার ও ওপেনার বার্নসের টেস্ট অভিষেক হলেও কোনো ধরনের ক্রিকেটেই অস্ট্রেলিয়ার হয়ে খেলা হয়নি অলরাউন্ডার মার্কাস স্টোইনিসের। স্পিনের পাশাপাশি অবশ্য ব্যাটিংটাও ভালো পারেন ২১ বছরের অ্যাগার। ২০১৩ সালের অ্যাশেজে ১১ নম্বরে নেমে ৯৮ রানের একটা ইনিংস খেলে আলোচনায় এসেছিলেন। ওই সিরিজে অস্ট্রেলিয়ার হয়ে আর একটি টেস্ট খেললেও পরে আর সুযোগ পাননি দলে। ওয়ানডে দলের সঙ্গে টি-টোয়েন্টিতে যোগ দেবেন শুধু লেগ স্পিনার ক্যামেরন বয়েস। উইকেটের পেছনে দায়িত্বটা থাকছে ম্যাথু ওয়েডের কাঁধে। সম্ভাব্য টেস্ট অধিনায়ক স্টিভেন স্মিথের নেতৃত্বে এটাই অস্ট্রেলিয়ার প্রথম ওয়ানডে সিরিজ।
আয়ারল্যান্ডের বিপক্ষে বেলফাস্টে ২৭ আগস্ট একটি ওয়ানডে খেলবে অস্ট্রেলিয়া। এরপর ইংল্যান্ডের বিপক্ষে ৩১ আগস্ট কার্ডিফে খেলবে একমাত্র টি-টোয়েন্টি। ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে শুরু হবে ৩ সেপ্টেম্বর। এএফপি, রয়টার্স।
অস্ট্রেলিয়া দল: স্টিভেন স্মিথ (অধিনায়ক), অ্যাশটন অ্যাগার, জর্জ বেইলি, জো বার্নস, নাথান কোল্টার-নাইল, প্যাট কামিনস, গ্লেন ম্যাক্সওয়েল, মিচেল মার্শ, জেমস প্যাটিনসন, মিচেল স্টার্ক, মার্কাস স্টোইনিস, ম্যাথু ওয়েড (উইকেটকিপার), শেন ওয়াটসন, ডেভিড ওয়ার্নার, ক্যামেরন বয়েস।