নেইমার অলিম্পিকে অনিশ্চিত?
বয়স ২৩ পেরিয়ে গেছে। তবে সেটা খুব বড় সমস্যা নয়। ২৩ বছরের বেশি বয়সী তিনজন ফুটবলার খেলতে পারেন অলিম্পিক দলে। রিও অলিম্পিকেও তাই ব্রাজিলের হয়ে খেলার কথা ভাবতেই পারেন নেইমার। তবে চাইলেই তো আর হবে না। তাঁকে অলিম্পিকে খেলতে অনুমতি দেওয়া নিয়ে বেশ দোটানায় ক্লাব বার্সেলোনা। অন্তত বার্সা কোচ লুইস এনরিকের কথাতেই সেটি স্পষ্ট।
দেশের মাটিতে এর আগে কনফেডারেশনস কাপ ও সর্বশেষ বিশ্বকাপে খেলেছেন নেইমার। কোনো অঘটন না ঘটলে দেশের হয়ে খেলবেন আসন্ন কোপা আমেরিকাতেও। আবার এই বছরই অলিম্পিকও আছে, যেটি হবে ব্রাজিলেরই রিও ডি জেনিরোতে। চার বছর আগে লন্ডন অলিম্পিকে নেইমারের দল ব্রাজিল ফাইনালে হেরে গিয়েছিল মেক্সিকোর কাছে। এবার দেশের মাটিতে সেই আক্ষেপ ঘোচানোর কথা তো ভাবতেই পারেন ব্রাজিলিয়ান ফুটবলে এ সময়ের সবচেয়ে বড় তারকা। তবে নেইমার চাইলেও তাঁর সেই ইচ্ছাপূরণ হওয়ার নিশ্চয়তা নেই। তাঁর ক্লাব বার্সেলোনা কোচ লুইস এনরিকে যেমন বলে দিয়েছেন, ‘নিজের দেশে অলিম্পিক গেমস যেকোনো খেলোয়াড়ের জন্যই বিশেষ কিছু। তবে নেইমারের এর আগেই কোপা আমেরিকায় খেলার অনুমতি নিয়ে রেখেছে। আমাদের তো খেয়াল রাখতে হবে, যাতে একজন খেলোয়াড়ের ওপর বেশি চাপ না পড়ে।’ গোলডটকম।