নেইমারও খুশি, কাভানিও খুশি
>* পিএসজির হয়ে সর্বোচ্চ গোলদাতার রেকর্ড কাভানির।
* জোড়া গোল করেছেন নেইমার।

নেইমারকে সেদিন দুয়ো দিয়েছিল পিএসজির দর্শকেরা। অথচ সেদিন ফ্রেঞ্চ লিগে পিএসজি দিজোঁর বিপক্ষে জিতেছিল ৮-০ গোলে। এর মধ্যে ব্রাজিলীয় তারকার একারই ছিল ৪ গোল! এমন খেলেও ‘দুয়ো’ পেয়েছিলেন, কারণ হ্যাটট্রিক করেও এডিনসন কাভানিকে পেনাল্টি নিতে না দিয়ে নিজে নিয়েছেন। পিএসজির সমর্থকেরা তো রেগে আগুন!
সমর্থকেরা আশা করেছিলেন, পিএসজির ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা হওয়ার অপেক্ষায় থাকা এডিনসন কাভানিকে পেনাল্টিটি মারতে দেবেন। রেকর্ড থেকে মাত্র এক গোল দূরে ছিলেন কাভানি। আট গোলের জয়ের সঙ্গে সমর্থকেরা তাই কাভানির অর্জনও প্রাণভরে উদ্যাপনের অপেক্ষায় ছিলেন। কিন্তু নেইমার তা হতে দেননি। ব্রাজিলিয়ান তারকা নিজেই পেনাল্টি থেকে গোল করে নিজের জেদটাই বজায় রেখেছিলেন। এর আগে কাভানির সঙ্গে পেনাল্টি নিয়ে তাঁর বচসায় জড়িয়ে পড়ার ব্যাপারটি ফুটবল দুনিয়ায় হাসির খোরাক হয়েছিল। পিএসজি সমর্থকেরা মেনে নিতে পারেননি নেইমারের সেই শিশুসুলভ আচরণ।
সমর্থকদের দুয়ো শুনে ভারাক্রান্ত নেইমার পরের ম্যাচে খেলতে পারেননি চোটের জন্য। কাভানিও সে ম্যাচে পিএসজির সর্বোচ্চ গোলদাতা হতে পারলেন না। লিওঁর বিপক্ষে ম্যাচটা দুঃস্বপ্নেরই ছিল পিএসজির জন্য। দানি আলভেজের লাল কার্ডের সে ম্যাচে পিএসজির তারকাদের ব্যর্থতা ছিল নিদারুণ। তবে নেইমার ফিরতেই আবার সেই পুরোনো পিএসজি! কাভানিও দারুণ কার্যকর। মঁপেঁলিয়ের বিপক্ষে ৪-০ গোলের জয়ে অবদান দুজনেরই। সবচেয়ে বড় কথা, অনেক দিন পর নেইমার-কাভানি দুজনই খুশি। দারুণ খুশি!
মঁপেঁলিয়ের জালে কাল দুজনেই বল পাঠিয়েছেন। এর মধ্যে ১১ মিনিটে প্রথম গোলটি করে পিএসজির ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার রেকর্ড গড়েছেন কাভানি ( ১৫৭ গোল)। এ পথে তিনি টপকে গেলেন সুইডিশ স্ট্রাইকার জ্লাতান ইব্রাহিমোভিচকে (১৫৬ গোল)। রেকর্ড গড়ার উল্লাস জার্সি খোলায় জন্য অবশ্য তাঁকে রেফারির ‘অভিবাদন’ পেতে হয়েছে হলুদ কার্ড দেখে!
চোটের কারণে তিন ম্যাচ খেলতে না পারা নেইমার পেয়েছেন জোড়া গোল। ৪০ মিনিটে ম্যাচের দ্বিতীয় গোলটির পর শেষ গোল নেইমারের। যেখানে কাভানিরও অবদান রয়েছে। উরুগুয়ে স্ট্রাইকারের ক্রস থেকে হাঁটু দিয়ে গোল করেছেন নেইমার। তার আগে অ্যাঙ্গেল ডি মারিয়াও লক্ষ্যভেদ করেছেন। তবে নেইমার-কাভানি জুটির খুশি থাকাটাই বোধ হয় এ ম্যাচে পিএসজির বড় প্রাপ্তি। ২৩ ম্যাচে ৪৯ পয়েন্ট নিয়ে শীর্ষেও প্যারিসের ক্লাবটি।