নেগির ব্যাটে রূপগঞ্জের রূপকথা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দলকে জিতিয়ে মাঠ ছাড়ছেন পবন নেগি l প্রথম আলো
দলকে জিতিয়ে মাঠ ছাড়ছেন পবন নেগি l প্রথম আলো

দুই দলের রান তখন সমান। রূপগঞ্জের হাতে আছে আরও ৮ বল, তবে উইকেট মাত্র ২টি। পবন নেগি আর ঝুঁকি নিতে চাইলেন না। ভিক্টোরিয়ার বাঁহাতি স্পিনার চতুরাঙ্গা ডি সিলভার করা বলটাকে ডিপ মিড উইকেট সীমানা দিয়ে সোজা ফতুল্লার পশ্চিম গ্যালারিতে আছড়ে ফেললেন ভারতীয় ব্যাটসম্যান। তাতেই নিশ্চিত প্রত্যাবর্তনের মহাকাব্যিক গল্প লিখে লিজেন্ডস অব রূপগঞ্জের জয়। নেগিই অসাধারণ এক সেঞ্চুরি করে এই গল্পের মূল নায়ক।
নেগি যখন উইকেটে এলেন, ৭৮ রানে ৪ উইকেট হারিয়ে ফেলেছে ২৫৯ রানের লক্ষ্যে ছোটা রূপগঞ্জ। স্কোরবোর্ডে আর ৫ রান যোগ হতেই নেই সৌম্য সরকার ও জহুরুল ইসলাম। ৮৩ রানে ৬ উইকেট হারিয়ে কাঁপতে থাকা রূপগঞ্জের পক্ষে বাজি ধরার লোক কোথায়! কিন্তু সেই ম্যাচই রূপগঞ্জ ৭ বল হাতে রেখে জিতে গেল, যে জয় ভিক্টোরিয়াকে টপকে তাদের তুলে দিল ঢাকা প্রিমিয়ার লিগে পয়েন্ট তালিকার শীর্ষে।
জহুরুলের বিদায়ের পর ২৩তম ওভারের শেষ বলে উইকেটে আসেন মোশাররফ হোসেন। ফেরেন ৪৫তম ওভারে, দলের জয়কে প্রায় নিশ্চিত করে। এর আগেই নেগি-মোশাররফের সপ্তম উইকেট-জুটিতে উঠে গেছে ১৪৮ রান।
৬২ বলে ৪১ রান করে পেসার কামরুল ইসলামের বলে বোল্ড মোশাররফ। সর্বশেষ আইপিএলে সাড়ে আট কোটি রুপি মূল্যের নেগি ১২৪ রান করেছেন ৮৯ বলে। ৪২ বলে ফিফটি ছোঁয়া বাঁহাতি ব্যাটসম্যান লিস্ট ‘এ’ ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিটি পেয়েছেন ৭৭ বলে। তাঁর ৮৯ বলের ইনিংসে আছে ১৩টি চার ও ৪টি বিশাল ছক্কা। ভাগ্যের ছোঁয়াও অবশ্য পেয়েছেন ২৩ বছর বয়সী অলরাউন্ডার। ৯৭ রানে ক্যাচ দিয়েছিলেন, ফিরতি ক্যাচটি হাতে জমাতে পারেননি বোলার মাহবুবুল আলম।
‘ব্যাটিং উইকেটে আমি শুধু স্বাভাবিক ব্যাটিং করেছি’—ম্যাচ শেষে বিস্ফোরক ইনিংসের ছিটেফোঁটাও ছিল না নেগির কথায়।
ব্যাটিংয়ের আগে বোলিংয়েও সফল নেগি। বাঁহাতি স্পিনে নিয়েছেন মুমিনুল হক ও নাদিফ চৌধুরীর উইকেট। ফর্মে থাকা মুমিনুল এবারের লিগে তাঁর দ্বিতীয় সেঞ্চুরিটি পেয়ে যাচ্ছেন বলেই মনে হয়েছিল। কিন্তু তাঁর ৭২ বলে ৮২ রানের অসাধারণ ইনিংসটি শেষ পর্যন্ত হলো আক্ষেপের গল্প। মুমিনুল ছাড়া ভিক্টোরিয়ার ২৫৮ রানের ইনিংসে ফিফটি পেয়েছেন আল আমিন।
রূপগঞ্জের প্রথম তিনটি উইকেট তুলে নিয়ে বড় ধাক্কা দিয়েছিলেন ৫ উইকেট নেওয়া বাঁহাতি স্পিনার ডি সিলভা। কিন্তু শেষ পর্যন্ত কে মনে রাখতে গেছে তা!সংক্ষিপ্ত স্কোর
ভিক্টোরিয়া: ৫০ ওভারে ২৫৮ (মুমিনুল ৮২, আল আমিন ৬৩, ফজলে ৪০, মজিদ ২৬; তাইজুল ৩/৪৭, হায়দার ২/৩২, নেগি ২/৫৪)। রূপগঞ্জ: ৪৮.৫ ওভারে ২৬৪/৮ (নেগি ১২৪*, মোশাররফ ৪১, সৌম্য ২৮, আসিফ ২৩; ডি সিলভা ৫/৪৬)।

ফল: রূপগঞ্জ ২ উইকেটে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: পবন নেগি।