‘নেগেটিভ’ হয়ে নিউজিল্যান্ড দলের সঙ্গে যোগ দিলেন ফিন অ্যালেন
ঢাকায় এসে করোনা পজিটিভ হন নিউজিল্যান্ড দলের তরুণ ওপেনার ফিন অ্যালেন। প্রায় দুই সপ্তাহ আইসোলেশনে থাকার পর দুটি করোনা পরীক্ষায় নেগেটিভ হয়ে আজ তিনি দলের সঙ্গে যোগ দিয়েছেন। নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের সামাজিক যোগাযোগমাধ্যমে দলটির কোচ গ্লেন পোকন্যাল বিষয়টি জানান।
পোকন্যাল বলেছেন, ‘দুটি করোনা পরীক্ষায় সে নেগেটিভ হয়েছে। এটা আমাদের জন্য ভালো খবর। সে আমাদের দলের গুরুত্বপূর্ণ সদস্য। ওকে পাওয়ার ব্যাপারে আমরা আশাবাদী। আশা করছি সে দ্রুতই একাদশে ফিরতে পারবে। আরও কিছু পরীক্ষা হয়তো তাকে দিতে হবে, তারপর দেখা যাবে।’
এর আগে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, বাংলাদেশে আসার পরই নাকি অ্যালেন পজিটিভ হন। অ্যালেনের সঙ্গে নিউজিল্যান্ডের আরেক ক্রিকেটার কলিন ডি গ্র্যান্ডহোম ঢাকায় এসেছিলেন গত ২০ আগস্ট। ইংল্যান্ড থেকে ‘দ্য হানড্রেড’ খেলে বাংলাদেশে এসেছেন দুজন।
ইংল্যান্ডের বিমানে ওঠার ৪৮ ঘণ্টা আগে প্রয়োজনীয় সব রকম টেস্টে নেগেটিভ হয়েছিলেন দুজন। ঢাকার পরীক্ষায় গ্র্যান্ডহোম নেগেটিভ হলেও অ্যালেন হন পজিটিভ। তাঁর করোনার মৃদু উপসর্গও ছিল। অবশ্য করোনার টিকা নেওয়াই ছিল অ্যালেনের।
আশা করছি সে দ্রুতই একাদশে ফিরতে পারবে। আরও কিছু পরীক্ষা হয়তো তাকে দিতে হবে, তারপর দেখা যাবে
এরপর বিসিবির অধীন চিকিৎসা নিয়েছেন অ্যালেন। বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরীর সঙ্গে নিউজিল্যান্ড ক্রিকেটের প্রধান চিকিৎসক প্যাট ম্যাকহিউয়ের এ ব্যাপারে সার্বক্ষণিক যোগাযোগ হয়েছে বলে জানানো হয়। নিউজিল্যান্ড দলের ম্যানেজার মাইক স্যান্ডল বলেছিলেন, ‘বাংলাদেশ ক্রিকেটের কর্তৃপক্ষ খুবই পেশাদারত্ব দেখাচ্ছে এ ব্যাপারে। আমরা তাদের প্রতি কৃতজ্ঞ।’
অ্যালেনকে ছাড়াই গতকাল পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে নিউজিল্যান্ড নাস্তানাবুদ হয়েছে বাংলাদেশের হাতে।
মিরপুরে কাল টস জিতে আগে ব্যাট করে ৬০ রানে অলআউট হয়েছে সফরকারীরা, বাংলাদেশ ম্যাচটা জিতে গেছে ৭ উইকেটে। টি-টোয়েন্টিতে দুই দলের মধ্যে ১১তম ম্যাচে এসে এই প্রথম নিউজিল্যান্ডকে হারিয়েছে বাংলাদেশ।
সিরিজের দ্বিতীয় ম্যাচ আগামীকাল মিরপুরেই, শুরু হবে বাংলাদেশ সময় বিকেল চারটায়। অ্যালেন এই ম্যাচেই নিউজিল্যান্ড একাদশে ফিরবেন?