নেটে ওয়াটসনকে বাউন্সারের ছোবল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেন ওয়াটসন: আঘাত পাওয়ার পর
শেন ওয়াটসন: আঘাত পাওয়ার পর

দলে তাঁর জায়গা এমনিতেই নড়বড়ে। চোট-জর্জর দল বলেই হয়তো সুযোগ পেয়ে যাচ্ছেন। তবে কাল শেন ওয়াটসন নড়ে গেলেন বাউন্সারে। মেলবোর্নে অস্ট্রেলিয়ার নেটে জেমস প্যাটিনসনের বাউন্সার লাগে ওয়াটসনের হেলমেটে। সঙ্গে সঙ্গে নেট থেকে বেরিয়ে আসেন এই অলরাউন্ডার। যদিও চোট পাননি বা গুরুতর কিছু হয়নি। ওয়াটসনের হেলমেটে বল লাগিয়ে উদ্বিগ্ন প্যাটিনসনও আর বোলিং করেননি নেটে। চোট কাটিয়ে ফেরার লড়াইয়ে থাকা প্যাটিনসনকে কাল ডাকা হয়েছিল অস্ট্রেলিয়ার নেটে।
নেট ছাড়ার পর দলীয় চিকিৎসক পিটার ব্রুকনারের সঙ্গে কিছু সময় কাটিয়ে ড্রেসিংরুমে ফিরে যান ওয়াটসন। উইকেটকিপার ব্র্যাড হাডিন পরে নিশ্চিত করেছেন, ওয়াটসন সুস্থই আছেন, ‘ওর সঙ্গে আমার কথা হয়েছে। ও ঠিক আছে। এটি একটু স্রেফ নাড়িয়ে দিয়েছে ওকে। মাথায় বল লেগেছে, যে কারোরই এতে এমন হওয়ার কথা। তবে ও ঠিক আছে। এর চেয়ে বেশি কিছু বলতে পারছি না, কারণ আসলেই বলার আর কিছু নেই।’
প্রায় একই ঘটনা কাল রঞ্জি ট্রফিতেও। পাঞ্জাবের অভিষিক্ত পেসার মানিন্দর সিংয়ের বল হেলমেটে লাগে মহারাষ্ট্রের ব্যাটসম্যান অঙ্কিত বাউনের। বাউনে সঙ্গে সঙ্গেই বেরিয়ে যান। তাঁর চোটও গুরুতর নয়, প্রয়োজনে আবার ব্যাটিং করার কথা। হেলমেটে বল লাগার এসব ঘটনা নতুন কিছু নয়। তবে গত কিছুদিনে এসব খবর এতটা ফলাও করে প্রচারের আলোয় আসছে, বা ব্যাটসম্যানের হেলমেটে বল লাগলে বোলারেরও উদ্বিগ্ন হয়ে পড়া, এসব ঘটনাই বলছে, ফিল হিউজের মৃত্যুর পর ক্রিকেট আর আগের মতো নেই!
অস্ট্রেলিয়ার নেটে কাল ব্যাটিংয়ের সময় হাঁটুতে চোট পেয়েছেন মিচেল স্টার্ক। খুব গুরুতর অবশ্য নয়। আর বক্সিং ডে টেস্টে স্টার্কের এমনিতেই একাদশে থাকার কথা নয়। তাঁর জায়গায় যাঁর ফেরার কথা, সেই রায়ান হ্যারিস কাল নেটে বোলিং করেছেন। তবে আজ ফিটনেস টেস্ট উতরাতে পারলেই কেবল পাবেন বক্সিং ডের টিকিট। ব্রিসবেন টেস্টের দ্বিতীয় ইনিংসে বাঁহাতের বুড়ো আঙুলে চোট পাওয়া ডেভিড ওয়ার্নার কাল অনুশীলন করেননি। তবে নিজেই নিশ্চিত করেছেন, বক্সিং যে টেস্টে খেলবেনই যেকোনো মূল্যে। রয়টার্স, ক্রিকইনফো।