নেটে মুস্তাফিজের বোলিং
আইপিএল থেকে হ্যামস্ট্রিং ও অ্যাঙ্কেলের চোট নিয়ে ফেরা মুস্তাফিজুর রহমানের পুনর্বাসনপ্রক্রিয়া শুরু হয় ৯ জুন থেকে। দুই সপ্তাহ পর কাল প্রথম নেটে বোলিং করেছেন বাংলাদেশের বাঁহাতি পেসার।
সকাল সাড়ে ১০টার দিকে বিসিবি একাডেমি মাঠে মারিও ভিল্লাভারায়ন, ফিজিও বায়েজিদুল ইসলাম ও বিসিবির হাইপারফরম্যান্স ইউনিটের পুনর্বাসন ম্যানেজার ব্রেট হ্যারপের উপস্থিতিতে ৬ ওভার বোলিং করেন মুস্তাফিজ। যদিও পুরো ছন্দে করতে পারেননি, কিছুটা থেমে থেমে বোলিং করেছেন।
গত দুই সপ্তাহে মুস্তাফিজের সময় কেটেছে শুধু চিকিৎসা, জিম ও রানিংয়ে। তাঁর পুরো ছন্দ ফিরে পেতে আরও একটু সময় লাগবে বলে জানালেন বায়েজিদ, ‘ওর ব্যথা কমেছে। উন্নতি হয়েছে বলেই আজ (কাল) সে নেটে বোলিং করেছে। আমরা সপ্তাহের ভিত্তিতে তাকে পর্যবেক্ষণ করছি, আরেকটু সময় লাগবে। শতাংশের হিসাবে বললে মুস্তাফিজ ৬০-৭০ ভাগ সেরে উঠেছে।’
আজ বিরতি দিয়ে কাল আবারও নেটে বোলিং করার কথা মুস্তাফিজের। কদিন আগে তাঁর পুনর্বাসনপ্রক্রিয়ার তত্ত্বাবধায়ক ভিল্লাভারায়ন জানিয়েছিলেন, পুরোপুরি সেরে উঠতে সময় লাগবে এক মাস। দুই সপ্তাহ পেরিয়েছে, বাঁহাতি পেসারের ফিট হতে লাগতে পারে আরও দুই সপ্তাহ।