নেতা কোহলির নতুন ইতিহাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সেঞ্চুরির পর অধিনায়ককে রাহুলের আবেগময় আলিঙ্গন। পরে সেঞ্চুরি করে ইতিহাস গড়েছেন অধিনায়ক কোহলিও l এএফপি
সেঞ্চুরির পর অধিনায়ককে রাহুলের আবেগময় আলিঙ্গন। পরে সেঞ্চুরি করে ইতিহাস গড়েছেন অধিনায়ক কোহলিও l এএফপি

গালি দিয়ে গুলির বেগে বেরিয়ে গেল বল। লোকেশ রাহুলের চিৎকার শুনল যেন সিডনির গোটা গ্যালারি। সেঞ্চুরি! হেলমেট খুলে, ব্যাট উঁচিয়ে চোখ বন্ধ করে তাকালেন আকাশে। আনন্দের চেয়ে স্বস্তিটাই যেন বেশি। ততক্ষণে আরেক পাশ থেকে দুহাত বাড়িয়ে এগিয়ে এসেছেন অধিনায়ক। রাহুল ঝাঁপিয়ে পড়লেন অধিনায়কের বুকে। কাঁধে মাথা রাখলেন, একটু আবেগও ছুঁয়ে গেল রাহুলকে, চিকচিক করছিল চোখ। অভিষেক টেস্টের দুঃস্বপ্নের পর এই অধিনায়কই তো তাঁর নিরাপদ আশ্রয়! যেভাবে আউট হয়েছিলেন অভিষেকের দুই ইনিংসে, রাহুলের ক্যারিয়ারে যতি দেখে ফেলেছিলেন প্রায় সবাই। অধিনায়ক শুধু আস্থাই রাখেননি, উপহার দিয়েছেন ওপেনিংয়ের প্রিয় জায়গাটা। আস্থার কী দারুণ প্রতিদান!
একটু পর আবার প্রসারিত অধিনায়কের দুহাত। এবার নিজের অর্জনের গৌরবে। হাসিমুখে দাঁড়িয়ে থাকা প্রেয়সী আনুশকা শর্মার দিকে এবার আর উড়ন্ত চুম্বন ছুড়লেন না। তবে মুষ্টিবদ্ধ হাত ও ব্যাট গ্যালারির একটি দিকে উঁচিয়ে দাঁড়িয়ে রইলেন বেশ কিছুক্ষণ। ব্যাটিংয়ে নামার সময় দুয়ো শুনেছিলেন গ্যালারির ওই অংশ থেকে। সেটার মধুর জবাব!
নিজের বিশ্বাসে অবিচল এক অধিনায়ক। তরুণ ক্রিকেটারের ওপর যিনি বড় ছাতা। নিজের শরীরী ভাষায় বদলে দিতে শুরু করেছেন দলের ভাষাও। অধিনায়কের চেয়েও যিনি বেশি আসলে নেতা। ব্যাট হাতে দুঃসাহসী। ক্রিকেট-দর্শনে আপাদমস্তক আক্রমণাত্মক, খ্যাপাটে। বিরাট কোহলির দুটি সত্তার দারুণ এক প্রদর্শনী দেখা গেল কাল। যে তরুণের ওপর তিনি আস্থা রেখেছিলেন, সেই রাহুলের ব্যাট কথা বলল তাঁর হয়ে। নিজের ব্যাট তো বলেই চলেছে। ম্যাকগ্রা ফাউন্ডেশনের সৌজন্যে সিডনি টেস্টের তৃতীয় দিন ‘জেন ম্যাকগ্রা ডে।’ গোলাপি দিন কাল আরও রঙিন হলো কোহলির পারফরম্যান্সে।
এই সিরিজটাই হয়ে গেছে দুই তরুণ অধিনায়কের সিরিজ। স্মিথের সঙ্গে পাল্লা দিয়ে রান করছেন কোহলি। নেতৃত্ব আর ব্যাটের ধার মিলিয়ে তোলপাড় ফেলে দিয়েছেন রেকর্ড বইয়ে। অর্জনের মুকুটে উজ্জ্বলতম পালক—টেস্ট ইতিহাসের প্রথম ক্রিকেটার হিসেবে নেতৃত্বের প্রথম তিন ইনিংসেই সেঞ্চুরি! সারা দিনে কাল ৪ উইকেট হারিয়ে ২৭১ রান তুলেছে ভারত। অস্ট্রেলিয়ার রানের কাছাকাছি যাওয়ার চ্যালেঞ্জ নিয়ে আজ আবার নামবেন হার না-মানা কোহলি।
নতুন অধিনায়কের আস্থা ভোটে দলে ফিরে আসা আরেকজনও করেছেন ফিফটি। লাঞ্চের আগে রোহিত ফেরার পর রাহুল ও কোহলির জুটি। আগের টেস্টে প্রথমে ছয়ে ও পরে তিনে নেমে দৃষ্টিকটু দুটি শটে আউট হয়েছিলেন রাহুল। ‘টেম্পারামেন্ট ভালো’, নির্বাচকদের এই সার্টিফিকেট তখন ভ্রুকুটি করছে। এই টেস্টে স্লিপে হাতছাড়া করেছেন সহজতম ক্যাচ। দুর্ভাগ্যের সব প্রহর শেষে রাহুল কাল পেয়েছেন সৌভাগ্যের ছোঁয়া। ৪১ রানে বেঁচে গেছেন আম্পায়ারের ভুলে, ৪২ রানে রানআউট হতে হতে হননি। ৪৬ রানে তাঁর এমন এক ক্যাচ ছেড়েছেন স্মিথ, যেটি এমনিতে চোখ বন্ধ করেও মুঠোবন্দী করেন তিনি। পরে টেম্পারামেন্টের প্রমাণ দিয়েই ২৫৩ বলে সেঞ্চুরি।
কোহলিও কাল ছিলেন অনেক সাবধানী। প্রথম পঞ্চাশ ছুঁয়েছেন ১০৮ বলে। দারুণ কিছু স্ট্রোক খেলে পরের পঞ্চাশ মাত্র ৫৪ বলে। দল পরপর দুই বলে উইকেট হারানোর পর আবার গুটিয়ে নিয়েছেন নিজেকে। সবশেষে টেস্টে শূন্য করার আড়াই বছর পর ফিরে আবার ‘গোল্ডেন ডাক’ সুরেশ রায়না। মাইকেল বেভান বলছেন, সিডনির উইকেট এমন ব্যাটিং-স্বর্গ তিনি কখনো দেখেননি। সেই স্বর্গে আজ যতটা বিচরণ থাকবে কোহলির, ভারতও এগিয়ে যাবে ম্যাচ বাঁচানোর তত কাছে। স্টার স্পোর্টস, ক্রিকইনফো।
বিরাট–কীর্তি
নেতৃত্বের প্রথম তিন ইনিংসেই সেঞ্চুরি টেস্ট ইতিহাসে এই প্রথম। বিজয় হাজারে ও গ্রেগ চ্যাপেল করেছিলেন দুটি করে।
অস্ট্রেলিয়ায় সফরকারীদের মধ্যে এক সিরিজে ৪ সেঞ্চুরি করতে পেরেছেন আর শুধু হার্বার্ট সাটক্লিফ (১৯২৪-২৫) ও ওয়ালি হ্যামন্ড (১৯২৮-২৯)।
ভারতের হয়েই এক সিরিজে ৪ সেঞ্চুরি আছে আর শুধু সুনীল গাভাস্কারের (দুবার)।
অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে ভারতের সবচেয়ে বেশি রান (৬৩৯*), ছাড়িয়ে গেছেন রাহুল দ্রাবিড়কে (৬১৯)।
৫৮ ইনিংসে ১০ সেঞ্চুরি ছুঁলেন কোহলি, ভারতের হয়ে কম লেগেছে শুধু বীরেন্দর শেবাগের (৫৫)।