নেতা যখন 'শিকার', শিকারিও নেতা

‘'স্ট্রাইক নেওয়ার আগে ফিল্ডারদের দেখে নেয় সব ব্যাটসম্যান। ফিল্ডারদের অবস্থান তাদের মনের মধ্যে গেঁথে যায়। মনের চোখ দিয়ে প্রায় সব ফিল্ডারকেই তারা দেখতে পায়। কিন্তু আমি ফিল্ডারদের দেখি না, শুধু গ্যাপ দেখি’—রিকি পন্টিং।
ইতিহাসের এই অন্যতম সেরা অধিনায়কের ব্যাটিং কৌশল নিশ্চয়ই জানতেন তাঁর প্রতিপক্ষ দলের অধিনায়ক। কখনো সফল হয়েছেন, কখনো হননি। বাইশ গজে দুই দলের অধিনায়কের লড়াই এমনিতেই আলাদা তাৎপর্য বহন করে। এ যেন যুদ্ধের মধ্যে খণ্ডযুদ্ধ, তাতে সফল হতে পন্টিংয়ের মতো কৌশল থাকে সব অধিনায়কেরই।
কিন্তু তাতেও সব সময় শেষ রক্ষা হয় না। অনেক সময় ফিরতে হয় প্রতিপক্ষ দলের অধিনায়কের শিকার হয়ে।সাকিব আল হাসান যখন বোলিংয়ে প্রতিপক্ষ অধিনায়ককে ফেরান কিংবা উল্টোটা, তখন অনেকেরই হয়তো জানতে ইচ্ছে হয়, কাকে এই দুর্ভাগ্য সবচেয়ে বেশি পোহাতে হয়েছে?
টেস্টের হিসেবটা জানিয়েছে ক্রিকইনফোর ‘আস্ক স্টিভেন’। উপমহাদেশে ইমরান খান-সুনীল গাভাস্কারের কথা আগে উঠে আসে। টেস্টে সুনীলকে পাঁচবার আউট করেছেন ইমরান, যখন তারা দুই দলের অধিনায়ক। এখানে উঠে আসবে রিচি বেনো ও টেড ডেক্সটারের নামও। অস্ট্রেলিয়ান অধিনায়কের কাছে পাঁচবার আউট হয়েছেন ইংলিশ অধিনায়ক ডেক্সটার। সেটিও ১৯৬২-৬৩ মৌসুমে এক অ্যাশেজ সিরিজেই।
শুধু একজন অধিনায়কের কাছে নয়, সব মিলিয়ে হিসেব কষলে গাভাস্কারের নামটা আরেকটু ওপরে উঠে আসবে। ১৯৮২ সালে ইংল্যান্ড সফরে প্রতিপক্ষ দলের অধিনায়ক বব উইলিসের কাছেও দুইবার আউট হন ভারতের নেতৃত্ব দেওয়া গাভাস্কার। অর্থাৎ সব মিলিয়ে সাতবার। গাভাস্কার এই অপ্রত্যাশিত তালিকায় ক্লাইভ লয়েডকে টেক্কা দিতে পারেননি।
টেস্টে প্রতিপক্ষ দলের অধিনায়কের বলে মোট ৯বার আউট হয়েছেন লয়েড। এ সময় তিনি ছিলেন ওয়েস্ট ইন্ডিজের নেতৃত্বে। তাঁকে এই ৯বার আউট করার কৃতিত্ব ভারত ও ইংল্যান্ডের চার সাবেক অধিনায়কের। কপিল দেবের কাছে চারবার আউট হয়েছেন লয়েড। দুইবার করে বিষেণ সিং বেদী ও টনি গ্রেগের কাছে, একবার তাঁকে ফিরিয়েছেন ইয়ান বোথাম। টেস্টে লয়েডই সেই অধিনায়ক যিনি প্রতিপক্ষ দলের অধিনায়কের কাছে সবচেয়ে বেশি আউট হয়েছেন।
অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক এবং কিংবদন্তি ধারাভাষ্যকার বেনো অবশ্য একটি জায়গায় বাকিদের চেয়ে এগিয়ে। প্রতিপক্ষ দলের অধিনায়ককে সবচেয়ে বেশি সংখ্যকবার আউট করেছেন প্রয়াত এ লেগ স্পিনার। ২৮ টেস্টে নেতৃত্ব দিয়ে ১৮বার! ৪৮ টেস্টে ১৫বার আউট করে দুইয়ে ইমরান। তিনে উঠে এসেছেন বর্তমানের এক অধিনায়ক। ৩২ টেস্টে ওয়েস্ট ইন্ডিজের নেতৃত্ব দিয়ে ১৩বার আউট করেছেন প্রতিপক্ষ অধিনায়ককে। জেসন হোল্ডার!