নেতা হতে অধিনায়ক হওয়া লাগে না: কোহলি
দলের অধিনায়ক মানেই তো দলের নেতা। কদিন আগেই ভারত দলের অধিনায়কত্ব ছেড়ে দিয়েছেন বিরাট কোহলি। তাই বলে তাঁর নেতৃত্বের সুবিধা ভারত পাবে না, এমন নয়। অধিনায়ক না হয়েও নেতা হওয়া যায় বলে মনে করেন সাবেক অধিনায়ক বিরাট কোহলি। একটি ব্যবসায়িক সংগঠনের অনুষ্ঠানে গিয়ে এ ব্যাপারে নিজের মত জানিয়েছেন কোহলি।
গত বছরও ক্রিকেটের সব সংস্করণে ভারতীয় দলের নেতৃত্বে ছিলেন কোহলি। এখন আর কোনোটারই দায়িত্বে নেই। সর্বশেষ ছেড়েছেন টেস্টের অধিনায়কত্ব। ২০১৪ সালে মহেন্দ্র সিং ধোনির কাছ থেকে টেস্টের অধিনায়কত্বের ব্যাটন পেয়েছিলেন তিনি। তাঁর উদাহরণ টেনে কোহলি বলেন, ‘নেতা হওয়ার জন্য কাউকে দলের অধিনায়ক হতে হয় না। মহেন্দ্র সিং ধোনি যখন ভারতীয় দলে খেলতেন (অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার পর), তখনো নেতা ছিলেন। তাঁর কাছে থেকে আমরা প্রয়োজনীয় পরামর্শ নিতাম। জেতা বা হারা কারও হাতে থাকে না। ভালো করার চেষ্টা, প্রতিদিন ভালো করা—আপনি স্বল্প মেয়াদের চিন্তা করতে পারেন না।’
অধিনায়কত্বের দায়িত্ব পাওয়ার আগেই নিজেকে অধিনায়ক ভাবতেন বলে জানান কোহলি, ‘ধোনির নেতৃত্বে বেশ কিছুদিন খেলার পর আমি অধিনায়ক হয়েছিলাম। যখন অধিনায়ক ছিলাম না, তখনো আমার মানসিকতা অধিনায়কের মতো ছিল। সাধারণ খেলোয়াড় থাকা অবস্থাতেই নিজেকে অধিনায়কের মতো ভাবতাম।’ সর্বশেষ টেস্ট থেকে তাঁর অধিনায়কত্ব ছাড়া নিয়ে কম আলোচনা-সমালোচনা হচ্ছে। তবে কাজটি সঠিক সময়েই করেছেন বলে মনে করেন কোহলি, ‘সঠিক সময়ে নেতৃত্ব ছাড়াটা অধিনায়কত্বের অংশ। আমার মনে হয়, প্রত্যেকেরই সে সুযোগ পাওয়া উচিত।’
অধিনায়কত্বের দায়িত্ব পালন না করা মনে চাপমুক্ত হয়ে খেলার সুযোগ। এখন একজন ব্যাটসম্যান হিসেবে নিজের সেরাটা দিতে চান কোহলি, ‘প্রথমে লক্ষ্যটা ঠিক করতে হবে। আর সেই লক্ষ্য ছুঁতে চাইছি কি না। সবকিছুরই একটা নির্দিষ্ট সময় আছে। সে ব্যাপারে অবগত থাকতে হবে। ব্যাটসম্যান হিসেবে কেউ যদি দলকে অনেক কিছু দিতে পারে, তাহলে সেটা নিয়েই গর্বিত থাকতে হবে।’