নেতাবদলের পালাবদল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ওয়ানডেতে এখন আর তিনি অধিনায়ক নন। মুশফিক আজ চট্টগ্রামে দলের একজন সিনিয়র খেলোয়াড়  l প্রথম আলো
ওয়ানডেতে এখন আর তিনি অধিনায়ক নন। মুশফিক আজ চট্টগ্রামে দলের একজন সিনিয়র খেলোয়াড় l প্রথম আলো

ড্রেসিংরুম থেকে সবার আগে নামলেন ইমরুল কায়েস। ঠিক পেছনেই মুশফিকুর রহিম। ব্যাট বগলদাবা করে গেলেন নেটের দিকে। একটু পর বিসিবির মিডিয়া ম্যানেজারের সঙ্গে সংবাদ সম্মেলনকক্ষের দিকে এগিয়ে যাচ্ছিলেন মাশরাফি বিন মুর্তজা। নেটে নক করতে থাকা মুশফিক সেদিকে ঘুরে তাকালেন, ক্ষণিকের জন্য। হয়তো ইচ্ছে করেই, হয়তো এমনি। চাইলে ওই চাহনিতে কিছু খুঁজে নিতেও পারেন, চাইলে কিছুই নয়!
যেটাই হোক, ওই দৃশ্যটিই এখন বাস্তবতা। মুশফিক শুধুই উইকেটকিপার-ব্যাটসম্যান, মাশরাফি অধিনায়ক। গত ৩০ সেপ্টেম্বর এসেছিল ঘোষণা, আজ থেকে সেটির বাস্তবায়ন। আনুষ্ঠানিকভাবে দুই অধিনায়কের যুগে প্রবেশ করছে বাংলাদেশ। সাবেক অধিনায়ক মাশরাফির নেতৃত্বে প্রত্যাবর্তন ওয়ানডের নেতা হয়ে। কাল নেটে ব্যাটিং শেষে যখন সেন্টার উইকেটে কিপিং অনুশীলন করছেন মুশফিক, সংবাদ সম্মেলন শেষে মাশরাফি তখন কথা বলছেন কোচ চন্ডিকা হাথুরুসিংহের সঙ্গে। হয়তো সাজাচ্ছিলেন কোনো পরিকল্পনা!
ওয়ানডে অধিনায়কত্ব হারানোর পর অনেকবারই সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছেন মুশফিক। এই প্রসঙ্গে কথা বলায় খুব একটা আগ্রহ দেখাননি। ‘ওয়ানডে এলে দেখা যাবে’, ‘প্রথম ওয়ানডের পর বুঝতে পারব’, এসব বলে এড়িয়ে গেছেন বারবারই। তবে নেতৃত্ব হারালে, হোক সেটা অর্ধেক, সানন্দে মেনে নেওয়ার কারণ নেই কারও। টেস্ট সিরিজ শেষের দিন চাপা ব্যথার খানিকটা যেমন বেরিয়েও এসেছিল, ‘সব সিরিজের আগে আমি হোমওয়ার্ক করে রাখি কীভাবে খেলব, কাকে-কীভাবে খেলাব। এবারও ওয়ানডে সিরিজের জন্য করছিলাম দিন সাতেক আগে, হঠাৎ মনে হলো আমি তো আর অধিনায়ক নই!’
তবে বরাবরের ‘টিমম্যান’ মুশফিক যে অধিনায়ক না থেকেও নিজের সবটা উজাড় করে দেবেন, সেটা নিয়ে সংশয় নেই বিন্দুমাত্র। প্রয়োজন হলে মুশফিককে পাশে পাবেন মাশরাফি নিশ্চিতভাবেই। আরেকটা ব্যাপার, সেটা আদায় করে নেওয়ার গুণটাও আছে মাশরাফির। বলা যায়, অধিনায়ক মাশরাফির সবচেয়ে বড় গুণ এটিই। দলকে অনুপ্রাণিত, উজ্জীবিত করতে পারায় জুড়ি নেই মাশরাফির। সতীর্থদের বিশ্বাসটাও অর্জন করতে পারেন সহজে। আর কোনো দল যখন অধিনায়কের জন্য খেলে, নিজেদের উজাড় করে দেয়, সেই দলের স্পিরিট থাকে আকাশছোঁয়া। সেটির ইতিবাচক প্রভাব পড়ে মাঠেও। দুই অধিনায়কের ক্ষেত্রে মূল সমস্যা যেটি মনে করা হয়, সিরিজের মাঝপথে নতুন একজনের দায়িত্ব নিয়ে ড্রেসিংরুমে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা, এই জায়গাটায় মাশরাফির সমস্যা খুব একটা হওয়ার কথা নয়। বাংলাদেশ দলে ‘সর্বসাধারণে’ সবচেয়ে বেশি গ্রহণযোগ্যতা তো তাঁরই! তা ছাড়া টেস্ট সিরিজের সাফল্যের পর দলের ড্রেসিংরুমেও এখন সুখী পরিবারের আবহ। নতুন কর্তার জন্য এর চেয়ে স্বস্তির আর কী থাকতে পারে!
দৈব ব্যাপার হলো, আজ মাশরাফিকে দিয়ে যে দুই অধিনায়কের যুগে প্রবেশ করছে বাংলাদেশ, তাতে পরোক্ষ ভূমিকা আছে স্বয়ং মাশরাফিরই। চোটজর্জর ক্যারিয়ার মাশরাফির নিজের জন্য যতটা আক্ষেপের, ততটাই বাংলাদেশের ক্রিকেটের। শুধু একজন বোলার বা একজন সম্ভাব্য অলরাউন্ডার নয়, বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় ক্ষতিটা হয়েছে অধিনায়ক মাশরাফির পুরো সেবা না পাওয়ায়। ড্রেসিংরুমে প্রশ্নাতীত গ্রহণযোগ্যতা, অনুপ্রাণিত করার সহজাত ক্ষমতা তো আছেই, মাশরাফির ক্রিকেট-মস্তিষ্কও ক্ষুরধার। চোটের সঙ্গে নিত্য বাস না হলে তো আজও মাশরাফিরই অধিনায়ক থাকার কথা! দুই অধিনায়কের ঝুঁকিতে যেতে হতো না আজ, সমাধান হতো বাংলাদেশ ক্রিকেটের অনেক সমস্যার। কিন্তু মাশরাফির দুঃখ হয়ে গেছে বাংলাদেশের ক্রিকেটেরও চির-আক্ষেপ।
মাশরাফির এবারের নেতৃত্বের মেয়াদ যেন সেই আক্ষেপের মেঘ ফুঁড়ে আলোর আভাস। ভিন্ন সংস্করণে ভিন্ন অধিনায়কের সাফল্য-ব্যর্থতা, দুটোই দেখেছে ক্রিকেট। মাইক আথারটনের কাছ থেকে ওয়ানডে অধিনায়কত্ব পেয়ে অ্যাডাম হোলিওক সাময়িক সাফল্য পেয়েছিলেন, কিন্তু টানা ব্যর্থতায় নেতৃত্ব হারিয়েছেন কয়েক মাস পরই। মার্ক টেলর-স্টিভ ওয়াহ বা স্টিভ ওয়াহ-রিকি পন্টিং জুটির সাফল্য আবার গাইছে দুই অধিনায়ক ভাবনার জয়গান।
মাশরাফির ভাবনায় নিশ্চয়ই অত কিছু থাকবে না। হারানো সময়ের আক্ষেপও পোড়াবে না আপাতত। আজ টস করতে নামার সময় লক্ষ্য থাকবে জিম্বাবুয়েকে ধবলধোলাই, দৃষ্টি বিশ্বকাপে। আর স্বপ্নের সীমানা? আরও সুদূরে!