নেতৃত্ব ছাড়া উচিত কুকের!
মাঝে ব্যবধান চার বছর। মুদ্রার এপিঠ-ওপিঠ দুটোই দেখা হয়ে গেল অ্যালিস্টার কুকের। ২০১২ সালে এই কুকের নেতৃত্বেই ভারত থেকে ২-১ ব্যবধানে টেস্ট সিরিজ জিতে ফিরেছিল ইংল্যান্ড। তখন কুককে মাথায় তুলে নিয়েছিল ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি)। অথচ চার বছর পর আরও একটা ভারত সফর শেষে সেই কুকের অধিনায়কত্ব নিয়ে টানাটানি! ইংল্যান্ডের সবচেয়ে সফল অধিনায়ক যিনি, সেই মাইকেল ভন তো বলেই দিয়েছেন, অধিনায়ক কুকের সময় শেষ হয়ে গেছে। অবশ্য এই দুর্দিনে নিজের ড্রেসিংরুম থেকে ভালোই সমর্থন পাচ্ছেন ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক।
বাংলাদেশ সফরটা খুব একটা ভালো কাটেনি। তারপর ভারতে গিয়ে ৪-০ ব্যবধানে সিরিজ হারতে হয়েছে। সমালোচনাটা অবশ্য শুরু হয়ে গিয়েছিল আগেই। কুকের নেতৃত্বে সর্বশেষ ১২ টেস্টে মাত্র ৩টি জয়, হার ৬টি। পরশু চেন্নাই টেস্ট শেষে সংবাদ সম্মেলনেই তাই প্রশ্ন উঠে গেল, অধিনায়কত্ব কি ছেড়ে দেবেন কুক? ইংলিশ অধিনায়ক সরাসরি ‘হ্যাঁ’ কিংবা ‘না’ কিছুই বলেননি, ‘প্রথমে বাড়ি ফিরে বড়দিনের উৎসবটা যতটা পারি উপভোগ করব। জানুয়ারিতে অ্যান্ড্রু স্ট্রাউসের (ইসিবির ক্রিকেট পরিচালক) সঙ্গে কথা বলে ঠিক করব কোনটা ভালো হবে ইংল্যান্ডের জন্য।’ ইংলিশ সংবাদমাধ্যমে তাঁকে নিয়ে চলমান সমালোচনাকে অবশ্য সহজভাবেই নিয়েছেন কুক, ‘হারলে সমালোচনা হবেই। সেটা নেওয়ার সাহস থাকা উচিত।’
কুক যতই স্বাভাবিক থাকার ভান করুন, তাঁর নেতৃত্ব ছাড়ার সময় হয়ে গেছে বলেই মনে করেন মাইকেল ভন। টেলিগ্রাফ পত্রিকায় নিজের কলামে ইংল্যান্ডের সাবেক অধিনায়ক তো লিখেই দিয়েছেন, ‘সর্বশেষ তিনটি টেস্টে ওর শরীরী ভাষা দেখে বোঝা গেছে, ও নেতৃত্ব ছেড়ে দেওয়ার কথা ভাবছে। ওর উচিত নিজের প্রতি সৎ থাকা এবং ভাবা—আগামী গ্রীষ্মের সাত টেস্ট ও শীতের সময় অ্যাশেজে দেশকে নেতৃত্ব দেওয়ার মতো শক্তি ও সাহস আছে কি না।’
তবে এখনই কুককে নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়ার তোড়জোড় করাটা ঠিক হবে না বলে মনে করেন ইংল্যান্ডের সহকারী কোচ পল ফারব্রেস। অধিনায়কের পক্ষে দাঁড়িয়ে ফারব্রেস বলেছেন, ‘আমরা পরিকল্পনা করে রেখেছিলাম কুকের নেতৃত্বে আগামী অ্যাশেজটা খেলব। আমি তাই ব্যক্তিগতভাবে মনে করি, কুকেরই অধিনায়ক থাকা উচিত।’
শেষ পর্যন্ত সিদ্ধান্ত নেওয়ার ভারটা কুকের হাতেই ছেড়ে দিতে চান ফারব্রেস, ‘ওর সঙ্গে স্ট্রাউসের বৈঠক হবে কিছুদিন পর। আমি নিশ্চিত, সে (কুক) নিজের জন্য কোনটা ভালো এটা না ভেবে ইংল্যান্ডের জন্য কোনটা ভালো সেটা ভেবেই সিদ্ধান্ত নেবে।’ টেলিগ্রাফ, মিরর।