নেতৃত্ব ফেরাল ম্যাচসেরা মাশরাফিকে

ড্রেসিংরুম থেকে নেমে মাঠ পেরিয়ে সংবাদ সম্মেলনকক্ষে আসতে আসতে তাঁকে থামতে হলো অনেকবারই। অনেকেই এগিয়ে গিয়ে হাত মেলাচ্ছেন, অভিনন্দন জানাচ্ছেন। কত দিন পর ম্যান অব দ্য ম্যাচ!
‘কত দিন পর, মনে আছে?’ প্রশ্নটা শুনে হাসেন হাসিখুশি মাশরাফি বিন মুর্তজা, ‘নাহ, মনে নেই। কবে?’ উত্তর শুনে চোখ কপালে উঠল, ‘বাপ রে, এত দিন পর!’
এই ‘এত দিন’ মানে চার বছর। চার বছর আগে ওয়ানডেতে সর্বশেষ ম্যাচসেরা হয়েছিলেন মাশরাফি, মনে থাকার কথাও নয়। মনে করিয়ে দিতেই স্মৃতিরা ভিড় করতে শুরু করল, ‘ইংল্যান্ডকে প্রথমবার হারিয়েছিলাম আমরা, ব্রিস্টলে। আমিই তো ক্যাপ্টেন ছিলাম!’
গোটা বিশ্ব তখন কাঁপছে ফুটবল বিশ্বকাপের উত্তেজনায়। ফুটবলে বুঁদ ছিল বাংলাদেশও। এর মধ্যেই ইংল্যান্ডকে হারিয়ে চক্রপূরণ করল বাংলাদেশ। অন্তত একবার করে জয়ের স্বাদ নেওয়া হলো তখন সব টেস্ট-খেলুড়ে দেশের বিপক্ষে। স্মরণীয় সেই জয় এসেছিল মাশরাফির নেতৃত্বে। ২২ রান ও ২ উইকেট নিয়ে ম্যাচসেরা ছিলেন অধিনায়কই। পরের গল্পটা মাশরাফির গোটা ক্যারিয়ারের গল্প। চোট, অস্ত্রোপচার, বারবার ছিটকে যাওয়া আর ফিরে আসা। অধিনায়কত্বেরও শেষ সেই বছরই।

দুর্ভাগ্যের সঙ্গে যাঁর নিত্য বাস, সেই মাশরাফির ক্যারিয়ারে কিছুদিন আগে নাটকীয়ভাবে এসেছে সৌভাগ্যের মোড়। আবার পেয়েছেন নেতৃত্ব এবং নেতৃত্বের দ্বিতীয় ম্যাচেই আবার ম্যান অব দ্য ম্যাচ! ওয়ানডেতে, ১০ বার ম্যাচসেরা হলেন এই নিয়ে, বাংলাদেশের হয়ে এর চেয়ে বেশিবার হয়েছেন শুধু একজনই। সেই নামটিও বলার অপেক্ষা রাখে না, ১৪ বার হয়েছেন সাকিব আল হাসান।
ব্যক্তিগত অর্জন নিয়ে কথা বলায় কখনোই তাঁর খুব একটা আগ্রহ নেই। তাঁকে বেশি টানল বরং দলের একটি মাইলফলক। ম্যাচসেরা মাশরাফি, অধিনায়ক মাশরাফির দিনটি আরও স্মরণীয় হয়ে উঠেছে দলের ওই মাইলফলকে, আন্তর্জাতিক ক্রিকেটে কাল ছিল বাংলাদেশের শততম জয়। এতটা খুঁটিনাটি পরিসংখ্যান তাঁর জানা থাকার কথা নয়। ছিলও না। শুনে তাই উচ্ছ্বসিত অধিনায়ক, ‘দারুণ ব্যাপার! খুব ভালো লাগছে। মনে আছে আমাদের শততম ওয়ানডেতেও আমরা জিতেছিলাম, আমি ম্যান অব দ্য ম্যাচ হয়েছিলাম। এসব মাইলফলকের সঙ্গে জুড়ে থাকতে পারলে তো ভালোই লাগে।’ শততম ওয়ানডের সেই জয়টি ছিল ভারতের বিপক্ষে ২০০৪ সালে, বঙ্গবন্ধু স্টেডিয়ামে। ব্যাট হাতে ৩১ রান করার পর বীরেন্দর শেবাগের স্টাম্প উপড়েছিলেন মাশরাফি, পরে নিয়েছিলেন মহেন্দ্র সিং ধোনির উইকেট। আন্তর্জাতিক ক্রিকেটে সেটিই ছিল মাশরাফির প্রথম ম্যাচসেরা হওয়া।
তবে ওই যে, এসব ব্যক্তিগত ব্যাপারে উৎসাহ নেই মাশরাফির। ম্যাচসেরার প্রতিক্রিয়াতেও তাই উঠে এল দল, ‘দলের জয়ে অবদান রাখতে পারলে তো ভালো লাগেই। তবে আমি ম্যান অব দ্য ম্যাচ, এর চেয়ে বড় ব্যাপার হলো দল জিতেছে। ম্যাচ জয়টাই গুরুত্বপূর্ণ ব্যাপার ছিল। প্রথম ম্যাচের চেয়ে কিছু জায়গায় উন্নতির দরকার ছিল, সেসব হয়েছে।’
প্রথম ম্যাচে ২ উইকেট পেয়েও বলেছিলেন নিজের বোলিংয়ে সন্তুষ্ট নন। মাশরাফি সন্তুষ্ট নন কাল ৩ উইকেট পেয়েও, ‘হয়তো উইকেট পাচ্ছি, তবে এতেও পুরোপুরি সন্তুষ্ট নই নিজের বোলিংয়ে। হয়তো আমি ৮০ ভাগ দিতে পারছি। আগে ম্যাচের চেয়ে আরও ভালো জায়গায় বল করতে পেরেছি। কিন্তু এখন তৃপ্তি পাচ্ছি না। পুরোপুরি নিজের মতো বোলিং করলে নিজের মনেই সেটা জানা হয়ে যায়।’
নিজেকে নিয়ে যেমন তৃপ্ত নন, তেমনি এমন দারুণ দুটি জয়েও উচ্ছ্বাসে ভেসে যাচ্ছেন না অধিনায়ক। এখনই ৫-০ ভাবনায় যেতে নারাজ মাশরাফি, ‘এখনই অত দূর ভাবছি না। আপাতত ভাবনায় থাকবে পরের ম্যাচ। আগে সিরিজ জয় নিশ্চিত করতে চাই। এরপর আরেকটি জয়। ৪-০ হলেই কেবল ৫-০ ভাবব।’
বোলার মাশরাফির ভাবনা ইতিবাচক, অধিনায়ক মাশরাফির ভাবনাও। তৃপ্ত না হলেই ভালো। অতৃপ্তির তাড়না আর চেষ্টাই তো আরও ওপরে ওঠার সোপান!