নেতৃত্বের প্রত্যাশা নেই বেইলির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জর্জ বেইলি
জর্জ বেইলি

গত দুই বছরে ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে অনেকবার নেতৃত্ব দিয়েছেন জর্জ বেইলি। সদ্য শেষ হওয়া বিশ্বকাপেও নিয়মিত অধিনায়ক মাইকেল ক্লার্কের অনুপস্থিতিতে একটি ম্যাচে অস্ট্রেলিয়ার নেতৃত্ব ছিল তাঁর কাঁধে। কিন্তু ভবিষ্যতে আবার অধিনায়কত্ব পাবেন কি না এ নিয়ে যথেষ্ট সন্দিহান তিনি নিজেই।
ক্যারিয়ারে এখন পর্যন্ত ৫৭টি ওয়ানডে খেলেছেন বেইলি। এর মধ্যে ক্লার্কের অনুপস্থিতিতে বিভিন্ন সময়ে নেতৃত্ব দিয়েছেন ২৯টি ম্যাচে। অধিনায়ক হিসেবে তাঁর জয়ের হার ৫৫ ভাগ। বিশ্বকাপেও তাঁর নেতৃত্বে ইংল্যান্ডকে ১১১ রানে হারিয়েছিল অস্ট্রেলিয়া, ওই ম্যাচে বেইলি নিজেও করেছিলেন ৫৫ রান। কিন্তু এরপর চোট সারিয়ে ফেরেন নিয়মিত অধিনায়ক ক্লার্ক। বেইলির আর খেলা হয়নি বিশ্বকাপেই। সম্প্রতি ওয়ানডে থেকে ক্লার্কের অবসরে মিডল অর্ডারে আবারও নিয়মিত হওয়ার সম্ভাবনা জেগেছে বেইলির। কিন্তু তাঁর অধিনায়কত্ব নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।
ক্লার্কের অনুপস্থিতিতে গত ডিসেম্বর-জানুয়ারিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজে নেতৃত্ব দিয়েছেন স্টিভেন স্মিথ। ত্রিদেশীয় সিরিজে স্লো ওভার রেটের কারণে বেইলি একটি ম্যাচ খেলতে পারেননি। ওই ম্যাচে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেন স্মিথ। চমকপ্রদ ব্যাপার হচ্ছে, সব মিলিয়ে যে চারটি ম্যাচে অধিনায়কত্ব করেছেন, ওই চারটি ম্যাচে সেঞ্চুরিও করেছেন স্মিথ! তিন ধরনের ক্রিকেটেই অধিনায়ক হিসেবে সবচেয়ে বড় দাবিদার মনে করা হচ্ছে তাঁকে। বাস্তবতা মেনে বেইলিও তাই প্রায় ছেড়ে দিয়েছেন আবার অধিনায়ক হওয়ার স্বপ্ন, ‘শেষ ছয় সপ্তাহ আমি দলেই ছিলাম না। তাই নিজেকে অধিনায়ক হিসেবে কল্পনা করতে পারছি না। দলের অংশ হয়ে থাকতেই পছন্দ করব আমি। আরও কয়েক বছর ভালো খেলার আশা করছি। আশা করছি, অস্ট্রেলিয়ার হয়ে খেলে যেতে পারব।’
টেস্ট দলে স্মিথ ক্লার্কের উত্তরসূরি, এটা একরকম নিশ্চিত। অস্ট্রেলিয়ার সর্বশেষ তিন অধিনায়ক—স্টিভ ওয়াহ, রিকি পন্টিং ও মাইকেল ক্লার্ক টেস্ট দলের নেতৃত্ব নেওয়ার আগে বেশ কিছুদিন ওয়ানডে অধিনায়কত্ব করেছেন। যদি তাই হয়, তাহলে সেপ্টেম্বরে ইংল্যান্ডের বিপক্ষে অস্ট্রেলিয়ার পরবর্তী ওয়ানডে সিরিজে বেইলি নয়, স্মিথই হয়তো অধিনায়ক হবেন। সাবেক অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান মাইক হাসি বলেছেন, ‘দুটি বিকল্প আছে আমাদের হাতে। যদি আমরা একজন তৈরি অধিনায়ক চাই, তাহলে বেইলিকে নেতৃত্ব দিতে হবে। যদি লম্বা সময়ের জন্য পরিকল্পনা করি তাহলে স্মিথের নামটাই আসবে।’
এ বাস্তবতাও হয়তো মাথায় থাকবে অস্ট্রেলিয়ার নির্বাচকদের। ৩২ বছর বয়সী বেইলিকে দীর্ঘমেয়াদি অধিনায়ক হিসেবে ভাবা একটু কঠিন তো তাঁদের জন্যও। সূত্র: ক্রিকেট অস্ট্রেলিয়া।