নেপথ্যের কুশীলব

তাঁর হাতে জাদুর কাঠি আছে বললে কি বাড়াবাড়ি হবে? সিদ্ধান্তটা নিতে সাহায্য করবে কিছু তথ্য।
ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে এ পর্যন্ত চার মৌসুম কোচের দায়িত্ব পালন করেছেন। দুবার চ্যাম্পিয়ন করেছেন ভিক্টোরিয়াকে। সোনারগাঁ ক্রিকেটার্সকে একবার রানার্সআপ, গাজী ট্যাংক হয়েছিল তৃতীয়। করপোরেট ক্রিকেট লিগে চ্যাম্পিয়ন করিয়েছেন আরাফ অ্যাপারেলসকে। গত বিপিএলে সিলেট রয়্যালসের কোচ ছিলেন, সিলেট ছিল প্রথম পর্বের শীর্ষ দুইয়ে।
এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছেন কার কথা বলা হচ্ছে। মোহাম্মদ সালাউদ্দিন—বিপিএলের নতুন চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ানসের কোচ। আড়ালের কুশীলব। ঘরোয়া ক্রিকেটে যেখানেই হাত দেন, সাফল্য তুলে আনেন।
কিন্তু সাদামাটা কুমিল্লা ভিক্টোরিয়ানসকে শিরোপা এনে দেওয়ার জাদুটা কী! বিপিএলের মতো ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে কোচদের ভূমিকা মিকি আর্থার, মারভান আতাপাত্তু ও গ্রাহাম ফোর্ডকে দেখেই বোঝা গেছে। কদাচ হওয়া অনুশীলনে হাজিরা দেওয়া আর ম্যাচের সময় ড্রেসিংরুমের সামনে সিরিয়াস মুখ নিয়ে বসে থাকা তাদের কিছু করার নেই। কোচ এখানে একটা দলের প্রোফাইলই বাড়ায় শুধু।
ফোর্ড-আর্থারের মতো হাইপ্রোফাইল কোচ নন সালাউদ্দিন। তাঁর সাফল্যের রহস্য অন্য। ক্রিকেটারদের সঙ্গে সম্পর্ক, তাঁদের মনের খোঁজ রাখা, সামর্থ্য সম্পর্কে স্পষ্ট ধারণাই অল্প সময়ের মধ্যেও দলটাকে গোছাতে সাহায্য করেছে তাঁকে। সালাউদ্দিনের ভাষায়, ‘ইমরুলের কথাই ধরুন। প্রথম দুই ম্যাচে রান না পেলেও ওর ওপর আমার আস্থা ছিল। সে-ও জানত, আমি ওকে এরপরও খেলাব। সেটার সুফলও আমরা পেয়েছি। বিদেশি কোচ থাকলে ওকে হয়তো প্রথম দুই ম্যাচের পরই বসিয়ে দিত।’
অলক কাপালিও শুরু থেকে তাঁর ওপর রাখা আস্থার প্রতিদান দিলেন ফাইনালে। সালাউদ্দিনের তত্ত্বই হলো, টি-টোয়েন্টিতে অভিজ্ঞদের প্রাধান্য দেওয়া, ‘অভিজ্ঞরা কন্ডিশন, ম্যাচের পরিস্থিতি বুঝে খেলতে পারে। টি-টোয়েন্টিতে এটা খুব জরুরি। ঢাকায় মার্চের উইকেটে আপনি যেভাবে খেলবেন, নভেম্বর-ডিসেম্বরে সেভাবে খেললে হবে না। জাতীয় দলের তরুণ ক্রিকেটাররা সেটা বুঝতে পারেনি বলেই ব্যর্থ হয়েছে।’
কুমিল্লা শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন হলেও ‘প্লেয়ার্স বাই চয়েজে’র পর লোকজনের কথা শুনে আত্মবিশ্বাস নড়ে গিয়েছিল সালাউদ্দিনেরও, ‘আমার শুরু থেকেই মনে হচ্ছিল আমাদের দলটা ভালো হয়েছে। কিন্তু সবাই যেভাবে দলের বিভিন্ন দুর্বলতা তুলে ধরছিল, মাঝখানে আমার মধ্যেও সন্দেহ ঢুকে গিয়েছিল—আসলেই দলটা ভালো হলো তো! মানুষ এসব বলছে কেন?’ এখন তাঁর অনুভূতি কী, সেটা আর না বললেও চলে। তবে সালাউদ্দিন স্বীকার করছেন, ‘বাঁহাতি স্পিনারের জায়গায় আমাদের দুর্বলতা ছিল। এ জায়গায় অভিজ্ঞ কাউকে দরকার ছিল।’
সালাউদ্দিনের হাতে যদি জাদুর কাঠি থাকে, মাশরাফি বিন মুর্তজা একটা পরশপাথরের নাম। কুমিল্লার সাফল্যে রূপকার বলতে হবে দুজনকেই। তাঁরা নিজেরাও পরস্পরকে দিচ্ছেন সেই স্বীকৃতি। মাশরাফির কথা, ‘সালাউদ্দিন ভাই থাকায় অনেক কিছু নিয়েই আমাকে ভাবতে হয়নি। দলে কার কী ভূমিকা সবই তিনি ঠিক করে দিয়েছেন।’ আর সালাউদ্দিন বললেন, ‘মাশরাফি থাকলে টিম স্পিরিট নিয়ে আর ভাবতে হয় না। মাঠেও সে দারুণ সব সিদ্ধান্ত নিয়েছে।’