নেপাল অধিনায়কের বয়স ২৫!

একটার পর একটা ফোন আসছে সুদীপ শর্মার মুঠোফোনে। তিনি কোনোটাই ধরছেন না। নেপাল অনূর্ধ্ব-১৯ দলের ম্যানেজার আসলে অনুমান করতে পারছিলেন ফোনগুলো সাংবাদিকদের। তাঁদের সব কৌতূহল রাজু রিজলের বিরুদ্ধে ওঠা বয়স চুরির অভিযোগ নিয়ে। এমন একটা বিষয় নিয়ে তিনি কথা বলতে চাইবেন কেন!
যুব বিশ্বকাপে চমক জাগানো দল নেপালের অধিনায়ক রাজু রিজল নজর কেড়েছেন আলাদাভাবে। কিন্তু মুম্বাইয়ের হয়ে রঞ্জি খেলা এক ক্রিকেটার প্রশ্ন তুলেছেন, রিজল এই বিশ্বকাপ খেলছেন কী করে? তাঁর বয়স নাকি ১৯ কিংবা এর কম হওয়ার প্রশ্নই আসে না। কৌস্তুব পাওয়ার নামের ওই ক্রিকেটারের দাবি, রিজলের বয়স ২৪-২৫ বছরের মধ্যে! রিজল নাম লুকিয়েছেন বলেও দাবি করেছেন তিনি।
পরশু মিরপুরে ভারত-নেপাল ম্যাচ চলাকালীন ফেসবুক স্ট্যাটাসে হ্যাশ ট্যাগ ব্যবহার করে তিনি লিখেছেন: ‘#সেভক্রিকেট’, ‘#শেম’। পাওয়ারের দাবি, ‘মুম্বাইয়ের হয়ে আমরা অনূর্ধ্ব-১৫ ক্রিকেটে একসঙ্গে খেলেছি। আর এখন ও নেপালের অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক! অথচ আমাদের সে দলের সবার বয়স এখন ২৪-২৫। মুম্বাইয়ে সে রাজু শর্মা, আর নেপালে গিয়ে রাজু রিজল! ক্রিকেটকে বাঁচান। কী লজ্জার!’
পাওয়ারের অভিযোগের ব্যাপারে রাজুর বক্তব্য, ‘এ ব্যাপারে আমার কোনো ধারণাই নেই। আমি সোশ্যাল মিডিয়ায় নেই। এ ব্যাপারে তাই কোনো মন্তব্য করতে পারছি না।’ ম্যানেজার সুদীপ তো এ নিয়ে কোনো কথাই বলতে রাজি নন। তবে দল সূত্রে জানা গেছে, তাঁরা নাকি অভিযোগটাকে ভিত্তিহীন বলছেন। রাজুর বয়সসংক্রান্ত সব ধরনের প্রমাণাদিই আছে দলের কাছে।