নেপাল-চমক নতুন নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভূমিকম্পে শরণার্থী ক্যাম্পেও ছিল ক্রিকেট প্রেম। ছবি: দ্য ন্যাশনাল
ভূমিকম্পে শরণার্থী ক্যাম্পেও ছিল ক্রিকেট প্রেম। ছবি: দ্য ন্যাশনাল

মাত্র কিছুদিন আগে ইতিহাসের ভয়ংকরতম ভূমিকম্পগুলোর একটি গুঁড়িয়ে দিয়েছে তাদের। সেখান থেকে ধীরে​ ধীরে জেগে উঠছে নেপাল। মানুষকে বাঁচার, লড়াই করার, নতুন আশা আর প্রেরণা জোগায় খেলা। আর এই বাংলাদেশ থেকেই ক্রীড়াঙ্গনে পরপর দুটি সুখবর পেল হিমালয়-কন্যার দেশটি। কদিন আগে বঙ্গবন্ধু কাপ জিতেছে নেপাল। এবার অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে টেস্ট খেলুড়ে দেশ নিউজিল্যান্ডকে হারিয়ে চমকে দিল গতকাল।


খেলা পাগল পাহাড়িদের এই উত্থান অবশ্য নতুন কিছু নয়। নেপাল ক্রিকেটের মানচিত্রে দ্রুত জায়গা করে নিতে চাইছে আফগানদের মতো। কালকের ম্যাচটি নেপালের সেই উত্থানের সাক্ষী হয়ে থাকল। ব্যাটিং-বোলিং তো বটেই, আলাদা করে চোখে পড়েছে তাদের ফিল্ডিং। কাল নিউজিল্যান্ডের ইনিংসে তিনটাই রান আউট! ফতুল্লায় ৩২ রানের এই জয়টি অবশ্য যুব বিশ্বকাপে নেপালের সবচেয়ে স্মরণীয় জয় নয়। ২০০৬ বিশ্বকাপে এই নিউজিল্যান্ডকে হারিয়েই প্লেট চ্যাম্পিয়ন হয়েছিল তারা।

দশ বছর আগের সেই জয়ের স্মৃতি যেন এখনো টাটকা এই দলের ম্যানেজার সুদীপ শর্মার কাছে, ‘নিউজিল্যান্ডের বিপক্ষে আমাদের সর্বশেষ জয়ের কথা অবশ্যই আমরা জানতাম। এই দলের ছেলেরা ২০০৬ সালের সেই জয় দ্বারাই অনুপ্রাণিত। আমরা আমাদের সেই রেকর্ড অক্ষত রাখতে চেয়েছিলাম, সে সময় নিউজিল্যান্ড দলটাকে যে ছেলেরা হারিয়েছি, তাদের একটা সম্মান দেখাতে চেয়েছিলাম। এই জয়টা তাই অসাধারণ কিছু। আমরা সত্যিই রোমাঞ্চিত।’

কাল ম্যাচ সেরা হয়েছেন রাজু রিজল। ব্যাট হাতে সবচেয়ে বেশি রান। উইকেটকিপিং করেন। আবার দলের অধিনায়কও। তিনি যেন নেপালের আগামীর মহেন্দ্র​ সিং ধোনি। সুদীপ বললেনও, ‘আমাদের ক্যাপটেন কুলের ব্যাপারে জানতে চাইছেন তো? ও আসলেই দুর্দান্ত এক অধিনায়ক। দারুণ ব্যাট করে। আজ যদিও ফিফটিটা পেল না। ও খুব ভালো ফর্মে আছে।’

কাল এমনই উচ্ছ্বাসে মেতে উঠেছে ​নেপালি কিশোরেরা। ছবি: বিসিবি
কাল এমনই উচ্ছ্বাসে মেতে উঠেছে ​নেপালি কিশোরেরা। ছবি: বিসিবি

দলে বোলিং বৈচিত্র্যটাও দারুণ। পেসারদের পাশাপাশি প্রেম তামাং, সুনীল ধামালার মতো অফস্পিনার আছে। সুশীল কান্দেলের মতো বাঁ হাতি আর সন্দীপ লামিচ্ছানের মতো লেগস্পিনার। এরাই নেপালকে নিয়ে যাবে বিশ্ব ক্রিকেটের পরবর্তী ধাপে। নেপালের পরবর্তী ম্যা​চ আয়ারল্যান্ডের বিপক্ষে। যে ম্যাচ জিতলেই কোয়ার্টার ফাইনাল।

নেপাল এবার যেতে চায় বহুদূর। হাসি এনে দিতে চায় দেশের মানুষের মুখে।