নেপাল রূপকথা চলছেই

যুব বিশ্বকাপে নিজেদের প্রথম খেলাতেই নিউজিল্যান্ডকে হারিয়ে সবাইকে চমকে দিয়েছিল নেপাল। আজ দ্বিতীয় ম্যাচে আয়ারল্যান্ডকে হারিয়ে দিয়ে তারা প্রমাণ করল, রূপকথার গল্প বলতেই যেন তাদের বিশ্বকাপে অংশ নেওয়া। প্রথম ম্যাচে নিউজিল্যান্ডকে হারানোটা চমক হতে পারে, কিন্তু তা মোটেও অঘটন জাতীয় কিছু নয়। টানা দুই ম্যাচে এমন দাপুটে জয় দিয়ে দ্বিতীয়বারের মতো অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের গ্রুপ পর্ব পেরোল নেপাল।
ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে টসে জিতে প্রথমে ব্যাট করেছিল আয়ারল্যান্ড। কিন্তু নেপালের স্পিন আক্রমণের মুখে পড়ে আইরিশ ব্যাটসম্যানরা ছিলেন রীতিমতো দিশেহারা। পুরো ৫০ ওভার ব্যাট করতে পেরেছে তারা, তাই রক্ষে! নয়তো ৮৩ রানে ৭ উইকেট হারিয়ে ফেলার পরেও শেষ পর্যন্ত সংগ্রহটা ১৩১-এ নিতে পেরেছে তারা। দলের পক্ষে সর্বোচ্চ ৩০ রান ৮ নম্বরে ব্যাট করতে নামা হ্যারি টেক্টর। মূল ব্যাটসম্যানদের চারজন দুই অঙ্কের কোটা পেরোলেও ইনিংসকে টেনে নিতে পারেননি। তাঁদের সেই সুযোগ দেননি সন্দীপ লামিচ্ছানে। এই লেগ স্পিনার ১০ ওভার বল করে নিয়েছেন ৫ উইকেট, তাও মাত্র ২৭ রান দিয়ে। এর মাঝে তিনটিই এসেছে ৩২তম ওভারের শেষ তিন বলে, হ্যাটট্রিক! এই বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিক করলেন লামিচ্ছানে। অন্য স্পিনাররা এভাবে উইকেট-উৎসবে না মাতলেও রানের চাকা কিন্তু তাঁরা ঠিকই আটকে রেখেছিল।
রান তাড়া করতে নেমে অবশ্য প্রথম বলেই উইকেট হারিয়েছিল নেপাল। কিন্তু তাতেও খুব একটা লাভ হয়নি আয়ারল্যান্ডের। প্রায় ২৫ ওভার বাকি রেখে ৮ উইকেটে ম্যাচ জিতে নেয় হিমালয়-সৈনিকেরা। নেপালের হয়ে সর্বোচ্চ ৬১ রান করে অপরাজিত থাকেন যোগেন্দ্র কারকি। তাঁর সঙ্গী আরিফ শেখ করেছেন ৩১।
দিনের অন্য খেলায় মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ভারতের কাছে হেরেছে নিউজিল্যান্ড। এই হারে প্রতিযোগিতার গ্রুপ পর্ব থেকে নিউজিল্যান্ডের বিদায় নিশ্চিত। নিউজিল্যান্ডের ব্যর্থতায়। ফলে প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনালে উঠে গেল নেপাল। সঙ্গে তো ভারত যাচ্ছেই। এর আগে ২০০০ সালে বৃষ্টি-ভাগ্যে গ্রুপ পর্ব পেরিয়েছিল নেপাল। সেবার সুপার লিগ পর্বে উঠলেও সেমিফাইনালে ওঠা হয়নি তাদের। এবার আর বৃষ্টি ভাগ্য নয়, নিজেদের দক্ষতাতেই নকআউট পর্বে জায়গা করে নিল এশিয়ার উদীয়মান এই ক্রিকেট-শক্তি।
এদিকে, দিনের অপর খেলাগুলোতে পাকিস্তান ও শ্রীলঙ্কা নিশ্চিত করেছে শেষ আট। পাকিস্তান কানাডাকে ৭ উইকেটে হারিয়েছে। আফগানিস্তানের বিপক্ষে ৩৩ রানে জিতেছে লঙ্কানরা।