
দৃশ্যটা বলল নেপাল দল আহত নয়। খেলোয়াড়-কর্মকর্তারা ঘিরে ধরলেন রাহুল দ্রাবিড়কে। নেপালি ক্রিকেটারদের কাছেও এমন তারকার দেখা পাওয়াটা যে রোমাঞ্চকর! সেই রোমাঞ্চই নেপালের প্রথম পরাজয়ের হতাশাকে দৃশ্যমান হতে দিল না। গ্রুপ ছবিতে বরং সবগুলো মুখই হাসি হাসি।
‘ডি’ গ্রুপ-সেরা হওয়ার ম্যাচ ছিল কাল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। আগের দুই ম্যাচে উড়তে থাকা নেপাল তাতে নেমে এল মাটিতে। ভারতের কাছে হারল ৭ উইকেটে। ফতুল্লায় আয়ারল্যান্ডকে ৪ উইকেটে হারিয়েছে নিউজিল্যান্ড, টুর্নামেন্টে তাদের প্রথম জয়। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে কানাডার বিপক্ষে আফগানিস্তানের প্রথম জয়টাও একই ব্যবধানে।
কুয়াশার কারণে দেরিতে শুরু হওয়া ম্যাচটির দৈর্ঘ্য কমে গিয়েছিল দুই ওভার। তবে নেপালের যুবাদের দেওয়া মাত্র ১৭০ রানের লক্ষ্য ছুঁতে ২০ ওভারও খেলতে হয়নি ভারতকে। ওপেনার ঋষভ পন্তের রেকর্ড গড়া ফিফটিতে ১৮.১ ওভারেই ৭ উইকেটের জয়। শেষ পর্যন্ত ২৪ বলে ৭৮ করা পন্ত ফিফটি করেছেন মাত্র ১৮ বলে। যুব ওয়ানডেতেই এটি দ্রুততম ফিফটি। ২০১০ যুব বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে ১৯ বলে আগের দ্রুততম ফিফটিটি করেছিলেন ওয়েস্ট ইন্ডিজের ট্রেভন গিফিন।
আয়ারল্যান্ড-নিউজিল্যান্ড ম্যাচটা ছিল এই গ্রুপের শেষ দুই স্থান নির্ধারণী লড়াই। আইরিশ যুবাদের ২১২ রানের জবাবে ৪৫ রানে ৪ উইকেট হারিয়ে বিপদেই পড়তে যাচ্ছিল নিউজিল্যান্ড। চারটি উইকেটই পেসার ররি অ্যান্ডার্সের, প্রথম দুটি আবার একই ওভারে। অ্যান্ডার্স-ঝড়ের সামনে নিউজিল্যান্ডের ত্রাতা হয়ে আসেন ফিন অ্যালেন ও ডেইল ফিলিপস। পঞ্চম উইকেটে তাদের ১৪১ রানের জুটি ঘুরিয়ে দেয় ম্যাচ। তবে মাত্র তিন রানের জন্য সেঞ্চুরি হাতছাড়া হয়েছে অ্যালেনের।
সিলেটে কানাডা যুবদলের ১৪৭ রান টপকে ২৪ ওভার ১ বলেই জিতে যায় আফগানরা। তবে জয়টা মাত্র ৪ উইকেটে হওয়ায় হতাশা থাকতে পারে তাদের। করিম জান্নাত-ইহসানুল্লাহর ৪৬ রানের ওপেনিং জুটির পর মাত্র ৯৮ রানে ৬ উইকেট হারায় দলটি।
সংক্ষিপ্ত স্কোর
ভারত-নেপাল, মিরপুর
নেপাল অনূর্ধ্ব-১৯: ৪৮ ওভারে ১৬৯/৮ (সুনার ৩৭, রাজবীর ৩৫; আবেশ ৩/৩৪, সুন্দর ২/২০, দাগার ২/৩২)। ভারত অনূর্ধ্ব-১৯: ১৮.১ ওভারে ১৭৫/৩ (পন্ত ৭৮, কিষান ৫২; তামাং ২/৪১)।
ফল: ভারত ৭ উইকেটে জয়ী। ম্যান অব দ্য ম্যাচ: ঋষভ পন্ত।আয়ারল্যান্ড-নিউজিল্যান্ড, ফতুল্লা
আয়ারল্যান্ড অনূর্ধ্ব-১৯: ৪৭.৫ ওভারে ২১২ (টেক্টর ৫৬, ডেনিসন ৪৬, ম্যাকলিনটক ৩৪; ফিনি ৩/৩০, রবীন্দ্র ৩/৩৬)। নিউজিল্যান্ড অনূর্ধ্ব-১৯: ৪০.১ ওভারে ২১৩/৬ (অ্যালেন ৯৭, ডেইল ফিলিপস ৫৮, গ্লেন ফিলিপস ৩৪; অ্যান্ডার্স ৪/৩২, টাকার ২/২৬)।
ফল: নিউজিল্যান্ড ৪ উইকেটে জয়ী। ম্যান অব দ্য ম্যাচ: ফিন অ্যালেন।
কানাডা-আফগানিস্তান, সিলেট
কানাডা অনূর্ধ্ব-১৯: ৫০ ওভারে ১৪৭ (আর্সলান ৩৮, আবরাশ ৩৩; শামসুর ৩/২১, মুসা ৩/৩১)। আফগানিস্তান অনূর্ধ্ব-১৯: ২৪.১ ওভারে ১৪৯/৬ (তারিক ৫৬, ইহসানুল্লাহ ৩১; মিরাজ ৩/১৭, শ্লোক প্যাটেল ২/৩১)।
ফল: আফগানিস্তান ৪ উইকেটে জয়ী। ম্যান অব দ্য ম্যাচ: তারিক।