
রীতিমতো গবেষণা উপযোগী এক দল হয়ে উঠেছে নেপাল অনূর্ধ্ব-১৯। যুব বিশ্বকাপের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডকে হারিয়ে জন্ম দেওয়া বিস্ময়ের রেশ কাটতে না কাটতেই কাল দলটা ঘটাল আরেক ঘটনা। ৮ উইকেটে হারিয়ে আয়ারল্যান্ডকে তো টুর্নামেন্ট থেকে বিদায় করেছেই, ফতুল্লা স্টেডিয়ামে তার চেয়েও বেশি আলোচনা দলের লেগ স্পিনার সন্দ্বীপ লামিচানকে নিয়ে। প্রথম হ্যাটট্রিক করেছেন এবারের যুব বিশ্বকাপে, নিয়েছেন ২৭ রানে ৫ উইকেট। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ইতিহাসে এটি পঞ্চম হ্যাটট্রিকের ঘটনা।
দিনের অন্য তিন ম্যাচ বলতে গেলে ঘটনাবিহীন। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ভারতের কাছে ১২০ রানের বিশাল ব্যবধানে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হয়ে গেছে নিউজিল্যান্ড যুব দলের। একই পথে আছে ‘বি’ গ্রুপের কানাডা ও আফগানিস্তান। সিলেট জেলা স্টেডিয়ামে কাল কানাডার যুবাদের ৭ উইকেটে হারিয়েছে পাকিস্তান অনূর্ধ্ব-১৯। আর সিলেট বিভাগীয় স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে শ্রীলঙ্কার জয়টা ৩৩ রানের।
আইরিশ ব্যাটসম্যানরা শুরুতে পড়েছে নেপালি পেসারদের দাপটের সামনে। ৮০ রানে ৪ উইকেট হারিয়ে দলটা যখন দিশেহারা, তখন খুনে স্পিনে আঘাত আনেন লামিচানও। ইনিংসের ৩২তম ওভারে পরপর তুলে নেন লরকান টাকার, অ্যাডাম ডেনিসন ও ফিয়াচরা টাকারের উইকেট তিনটি। আয়ারল্যান্ডের পক্ষে সেখান থেকে আর ঘুরে দাঁড়ানো সম্ভব হয়নি। ইনিংসের প্রথম বলেই ওপেনার সন্দ্বীপ সুনারকে হারালেও ২৫.৩ ওভারেই সহজ জয় জিতে যায় নেপাল।
নিউজিল্যান্ডের বিপক্ষে জয়ে ‘ডি’ গ্রুপ থেকে নেপালের সঙ্গে ভারত অনূর্ধ্ব-১৯ দলেরও সুপার লিগ কোয়ার্টার ফাইনালে যাওয়া নিশ্চিত হয়ে গেছে। এই দুই দলের মধ্যে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লড়াইটা হবে কাল মিরপুরে। তার আগে নেপালের মতো ভারতের যুবারাও আত্মবিশ্বাসের রসদ নিয়ে নিয়েছে নিউজিল্যান্ডের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচ থেকে। ১৯ রানে ২ উইকেট হারানোর পর তৃতীয় উইকেটে ঋষভ পন্ত (৫৭)-সরফরাজ খান (৭৪) মিলে যোগ করেন ৮৯। দুজনই ফিফটি করলেও পরপর দ্বিতীয় ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন সরফরাজই। ভারতের ২৫৮ রানের জবাবে ১৬ রানে ৪ উইকেট হারানো নিউজিল্যান্ড শেষ পর্যন্ত অলআউট হয়েছে ১৩১ রানে। কিউই ইনিংসে শুরুর ওই ধসটা একা আবেশ খানই নামিয়েছেন। চারটি উইকেটই তাঁর। এর মধ্যে মাঝের দুটি নিয়েছেন পরপর দুই বলে।
সিলেটে দুই ম্যাচ করে জিতে পাকিস্তান, শ্রীলঙ্কাও নিশ্চিত করে ফেলেছে সুপার লিগ কোয়ার্টার ফাইনালে খেলা। কানাডার ১৭৮ রান পাকিস্তানের যুবারা মাত্র ৩ উইকেট হারিয়ে টপকে গেছে ৪০.৫ ওভারে। ৮৯ রানে অপরাজিত থেকে ওপেনার জিশান মালিকই নেতৃত্ব দিয়েছেন সহজ জয়ে। ৬৫ রানে ২ উইকেট পড়ার পর তৃতীয় উইকেটে সাইফ বাদারের (৪৪) সঙ্গে ১০৮ রানের জুটি হয়েছে মালিকের।
কানাডার তুলনায় আফগান যুবারা তবু কিছুটা প্রতিরোধ গড়তে পেরেছে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলের সামনে। অধিনায়ক চারিথ আসালাঙ্কার ৭১ রানের পরও ইনিংসের ১১ বল বাকি থাকতে ১৮৪ রানে অলআউট হয়ে যায় শ্রীলঙ্কার যুবারা। তবে শ্রীলঙ্কার বোলারদের সামনে তার চেয়েও ভঙ্গুর প্রমাণিত হয়েছে আফগানিস্তানের ব্যাটিং অর্ডার। ১৬তম ওভারে ৫১ রানে দ্বিতীয় উইকেট হারিয়েও ম্যাচে ছিল তারা। ছিটকে যেতে থাকল এরপরই। শেষ ৮ উইকেট পড়েছে একশ রানে, এর মধ্যে অফ স্পিনার কামিন্ডু মেন্ডিস ৩৬ রানে নিয়েছেন ৩ উইকেট।
সংক্ষিপ্ত স্কোর
ভারত অনূর্ধ্ব-১৯: ৫০ ওভারে ২৫৮/৮ (সরফরাজ ৭৪, ঋষভ ৫৭, আরমান ৪৬, লমরর ৪৫; গিবসন ৩/৫০, স্মিথ ২/৩৯, রবীন্দ্র ২/৪১)। নিউজিল্যান্ড অনূর্ধ্ব-১৯: ৩১.৩ ওভারে ১৩৮ (লিওপার্ড ৪০; লমরর ৫/৪৭, আবেশ ৪/৩২) ফল: ভারত ১২০ রানে জয়ী। ম্যান অব দ্য ম্যাচ: আবেশ খান।
আয়ারল্যান্ড অনূর্ধ্ব-১৯: ৫০ ওভারে ১৩১/৯ (ট্যাকটর ৩০; লামিচান ৫/২৭, আইরি ২/১৮)। নেপাল অনূর্ধ্ব-১৯: ২৫.৩ ওভারে ১৩২/২ (কারকি ৬১*, আরিফ ৩১*; ম্যাকলিনটক ১/২১)। ফল: নেপাল ৮ উইকেটে জয়ী। ম্যান অব দ্য ম্যাচ: সন্দ্বীপ লামিচানে।
কানাডা অনূর্ধ্ব-১৯: ৪৮.৩ ওভারে ১৭৮ (আধিয়েত্তি ৫১, আবরাস ৪৪; হাসান ৩/৩৬, শাদাব ২/৪৪)। পাকিস্তান অনূর্ধ্ব-১৯: ৪০.৫ ওভারে ১৮০/৩ (জিশান ৮৯*, সাইফ ৪৪; সুলেমান ১/২৩)। ফল: পাকিস্তান ৭ উইকেটে জয়ী। ম্যান অব দ্য ম্যাচ: জিশান মালিক।
শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯: ৪৮.১ ওভারে ১৮৪ (আসালঙ্কা ৭১, ফার্নান্ডো ৩০; শামসুর ৩/১৯, জানাত ২/৩৭, জহির ২/৩৬)। আফগানিস্তান অনূর্ধ্ব-১৯: ৪৪.৫ ওভারে ১৫১ (শাফাক ৪৭, জানাত ৪০; মেন্ডিস ৩/৩৬, আসালঙ্কা ২/১৮, দামিথা ২/৩৩)। ফল: শ্রীলঙ্কা ৩৩ রানে জয়ী। ম্যান অব দ্য ম্যাচ: চারিথা আসালঙ্কা।