নেপালের পাশে বিসিএসএ
বিশ্ব একাদশের হয়ে প্রীতি ম্যাচ খেলে ভূমিকম্পে বিধ্বস্ত নেপালের মানুষের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম এবং আবদুর রাজ্জাক ও সোহাগ গাজী। পিছিয়ে নেই বাংলাদেশের সমর্থকেরাও। প্রশংসনীয় উদ্যোগ নিয়ে বাংলাদেশ ক্রিকেট সাপোর্টার্স অ্যাসোসিয়েশনও (বিসিএসএ) এগিয়ে এসেছে নেপালের মানুষের সাহায্যে।
বাংলাদেশে অনুষ্ঠিত গত টি-টোয়েন্টি বিশ্বকাপের নেপাল-হংকং ম্যাচের টসের কয়েনটি নেপালের মানুষের জন্য অনুদান হিসেবে দিয়েছে বিসিএসএ। একই উদ্দেশ্যে কাল কুয়ালালামপুরে বিশ্ব একাদশ বনাম নেপালের প্রীতি ম্যাচে টস হয়েছে ওই কয়েন দিয়েই। সেটি পরে নিলামে তোলা হলে ১৭৫০ রিঙ্গিত দিয়ে, তা কিনে নেন মালয়েশিয়াপ্রবাসী এক বাংলাদেশি। বিসিএসএর প্রধান জুনায়েদ পাইকার জানিয়েছেন, নিলাম থেকে পাওয়া অর্থ নেপালের ক্ষতিগ্রস্ত লোকজনকে অনুদান হিসেবে দেওয়া হবে।
প্রীতি ম্যাচে নেপাল জাতীয় দলকে ৩৭ রানে হারিয়েছে বিশ্ব একাদশ। জয়ী দলের হয়ে বাংলাদেশের রাজ্জাক ৭ বলে ১৬ রান করার পাশাপাশি বল হাতে নিয়েছেন ২ উইকেট। সোহাগ গাজীর উইকেট একটি। ম্যাচে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন আমিনুল ইসলামও। ঢাকা থেকে রাজ্জাক নিয়ে গিয়েছিলেন কয়েনটি, নিলামের জন্য পরশু সেটি মালয়েশিয়ান ক্রিকেট অ্যাসোসিয়েশন প্রধানের হাতে তুলে দিয়েছেন আমিনুল।