
আয়েশা আক্তার বারবার একই কথা বলতে চাইলেন। ইয়োনহি ক্রিকেট মাঠের উইকেট অনেক ধীরগতির। বলও ওঠে না। ব্যাটিং করা খুবই কঠিন।
উইকেট নিয়ে অভিযোগ তুলে আয়েশা আসলে তাঁর সতীর্থদেরই রক্ষা করতে চাইলেন। এশিয়ান গেমস ক্রিকেটের কোয়ার্টার ফাইনালে কাল নেপালকে ৮১ রানে হারিয়ে সেমিফাইনালে উঠে গেলেও বাংলাদেশ মহিলা ক্রিকেট দলের ব্যাটিং-সামর্থ্যের ওপর বড় একটা প্রশ্নবোধক ঝুলিয়ে দিয়েছে এই ম্যাচ। বাংলাদেশের ৪ উইকেটে ১০৭ রানে আয়েশার একার অবদানই ৫১। অবশ্য এই ১০৭ রানই নেপালের জন্য পর্বতপ্রমাণ হলো। মাত্র ২৬ রানেই তারা শেষ। ৩ উইকেট করে নিয়েছেন সালমা ও রুমানা। জাহানারা ও ফাহিমা ২ উইকেট করে। পাহাড়ি কন্যারা যে খুব বেশি দিন ব্যাট ধরতে শেখেনি, এটি তাদের খেলা থেকে পরিষ্কার।
অসম লড়াইয়ের ময়নাতদন্তে তাই নেপাল ‘কী পারল, কী পারল না’র চেয়ে বেশি আলোচনা বাংলাদেশের মেয়েরা তাদের সামর্থ্যের কতটা মেলে ধরতে পারল, তা নিয়ে। অপ্রিয় হলেও সত্যি, সালমার দলের ব্যাটিং খুব বেশি নম্বর পাচ্ছে না। টি-টোয়েন্টি ক্রিকেট এবং প্রতিপক্ষ নেপালের মতো দুর্বল দল। অথচ বাংলাদেশের মেয়েদের পুরো ইনিংসে বাউন্ডারি মাত্র দুটি এবং দুটিই আয়েশার ব্যাট থেকে। বলের চেয়ে রান বেশি নয় কারোই। এমনকি আয়েশা যে ৫১ করেছেন, সেটাও এসেছে ৬০ বলে।
ম্যাচ শেষে মাঠেই হওয়া সংবাদ সম্মেলনে আয়েশার সামনে তাই ঘুরেফিরে আসছিল এ-সংক্রান্ত প্রশ্নই। এ ধরনের ব্যাটিং কি টি-টোয়েন্টি ক্রিকেটের সঙ্গে যায়, এক রান-দুই রান করে নিয়ে নিয়ে তো রানের চাকাটা আরও সচল রাখা যেত, ড্রেসিংরুম থেকে ব্যাটিংয়ের সময় কী বার্তা ছিল ইত্যাদি। আয়েশারও ঘুরেফিরে একই উত্তর, ‘উইকেট অনেক লো। এখানে ব্যাটিং করা কঠিন।’
আজ দুপুরে দ্বিতীয় সেমিফাইনালে এই মাঠেই বাংলাদেশ মুখোমুখি হবে শ্রীলঙ্কার। উইকেট তো থাকবে একই রকম। সেখানে এ রকম ব্যাটিং করে কি জেতা সম্ভব শ্রীলঙ্কার বিপক্ষে? আয়েশার আশা, ‘আজ (গতকাল) একজন ভালো খেলেছে, কাল (আজ) হয়তো অন্যরাও ভালো খেলবে।’ গত টি-টোয়েন্টি বিশ্বকাপে শ্রীলঙ্কাকে হারিয়েছিল বাংলাদেশের মেয়েরা। আয়েশাকে আশাবাদী করছে সেটাও, ‘শ্রীলঙ্কার বিপক্ষে আগেও খেলেছি। ওদের বোলিং, ফিল্ডিং বিশেষ করে ব্যাটিংটা অনেক ভালো। তবে দেখেশুনে খেললে জিততে পারব। ওদের বিপক্ষে আমরা বিশ্বকাপে জিতেছি।’
আগে ব্যাট করে শ্রীলঙ্কাকে হারাতে স্কোরবোর্ডে ১১০-১২০ রানই যথেষ্ট মনে করেন আয়েশা। কিন্তু শ্রীলঙ্কার মতো দলের বিপক্ষে কি আসলেই ১২০ রান করে জেতা সম্ভব? এখানেও তাঁর সেই একই ব্যাখ্যা, ‘বল নিচু হয়ে আসে। আক্রমণাত্মক ব্যাটিং করলে আমার মনে হয় না অত ভালো খেলা যাবে। সিঙ্গেলসের ওপর খেললে ভালো খেলা যাবে।’
উইকেট নিয়ে আয়েশার অভিযোগ অবশ্য ভুল নয়। উইকেট যে এখানে ও রকমই, মাঠের কিউরেটর বদিউল আলমও তা মানছেন। একসময় মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের কিউরেটর বদিউল বিসিবির চাকরি ছেড়ে ইনচন এশিয়ান গেমস আয়োজক কমিটির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন গত এপ্রিলে। এর পর থেকেই এশিয়ান গেমসের ক্রিকেট ভেন্যু ইয়োনহি ক্রিকেট মাঠ, মাঠসংলগ্ন প্র্যাকটিস উইকেট এবং এলএনজি সংডোর অনুশীলন ম্যাচের মাঠের দায়িত্বে তিনি। উইকেট সম্পর্কে আয়োজকদের জ্ঞান কতটুকু, সেটা তাঁর কাছ থেকেই শোনা। ‘এশিয়ান গেমসের মাঠ ও অন্যান্য অবকাঠামো তৈরি করেছে হিউন্দাই কোম্পানি। তাদের ধারণা ছিল, মাঠের মাঝখানে যে ২-৩টা উইকেট আছে, এগুলোতেই সব সময় খেলা হবে এবং এগুলো এভাবেই থাকবে। উইকেট যে নিয়মিত পরিচর্যা করতে হয়, প্রতিদিন সেখানে কাজ করতে হয়, এসব ওদের জানাই ছিল না’—বলছিলেন বদিউল।
উইকেট সম্পর্কে আয়োজকদের ধারণার সঙ্গে অবশ্য মেলে না ক্রিকেটের প্রতি দক্ষিণ কোরিয়ানদের ক্রমবর্ধমান আগ্রহটা। শুনে অবাক হবেন, ইনচন বিশ্ববিদ্যালয় মাঠে নিয়মিত ক্রিকেট লিগ হয় এবং সেখানে ১৩টি দল খেলে। ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কার সঙ্গে কোরিয়াপ্রবাসী দুই বাংলাদেশিও খেলেন সেই লিগে। কোরিয়ার একটা জাতীয় দলও আছে, যে দলের বর্তমান কোচ বাংলাদেশ দলের সাবেক ফিল্ডিং কোচ জুলিয়ান ফাউন্টেন।