নেপালের শক্তির রং লাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘রাতো রা চন্দ্র সুরিয়া, জঙ্গি নিশান হামরো...জিউদো রগত সরইয়ো, বল দো ইউসানো হামরো...।’
কলি দুটো গেয়ে গানের মর্মার্থও বুঝিয়ে দিলেন বিনোদ কুমার দাস। চাঁদ-সূর্যের রং লাল। নেপালের জাতীয় পতাকার রংও লাল। লাল রক্তের প্রতীক। জাতি, জাতীয় পতাকা আর জাতির সাহসী মানসিকতাকে যেন এক করে দেয় নেপালের জনপ্রিয় এই দেশাত্মবোধক গান।
বিনোদ এখন নেপাল অনূর্ধ্ব-১৯ দলের সহকারী কোচ। তবে ২০০০ ও ২০০২ বিশ্বকাপে ছিলেন যুবদলের অধিনায়ক। ২০০৫ সালে জাতীয় দলের অধিনায়ক হয়ে নেতৃত্ব দেন ২০১০ পর্যন্ত। চোটে পড়ে ২০১৪ সালে অবসর নিলেও ক্রিকেট ছাড়েননি। সহকারী কোচের ভূমিকায় উজ্জীবিত করে যাচ্ছেন নেপালের যুবদলকে। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে কাল বিনোদের আবেগময় বর্ণনায় জানা গেল, সীমিত সুযোগ-সুবিধার মধ্যেও কীভাবে একটু একটু করে এগিয়ে চলেছে সে দেশের ক্রিকেট। কীভাবে গড়ে উঠছে ক্রিকেট-সংস্কৃতি, ড্রেসিংরুম কেমন করে উজ্জীবিত হয়ে ওঠে ‘রাতো রা চন্দ্র সুরিয়া...’ গানের ঝংকারে।
পুবুদু দেশানায়েকে যখন কোচ ছিলেন, নেপালের ক্রিকেটের বিজয়সংগীত হয়ে ওঠে এই গান। বড়দের দল থেকে তা সঞ্চারিত ছোটদের দলেও। এবারের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে নেপাল জিতলেই ড্রেসিংরুমে কোরাস ওঠে ‘রাতো রা চন্দ্র সুরিয়া...।’ বিনোদ বলছিলেন, ‘দেশের প্রতিনিধিত্ব করাটাকে আমরা সব সময় গৌরবের মনে করি। গানটা তা নিয়েই। ম্যাচ জিতলে ড্রেসিংরুমে এই গান গেয়ে জয় উদ্যাপন করে ছেলেরা। এটা আমাদের অনুপ্রেরণা দেয়। এই গানে নেপালিদের সাহসী মানসিকতার ছবি ফুটে ওঠে।’
পাহাড়ের দেশের মানুষ সাহসী হবেই। পরিশ্রমী জীবন ধ্বংসস্তূপ থেকেও মাথা তুলে দাঁড়ানোর শক্তি জোগায়। এই দেশের শেরপারাই পথ দেখিয়ে নিয়ে যায় হিমালয়জয়ীদের। ভূমিকম্পের প্রবল ঝাঁকুনিতে গোটা নেপাল সমূলে কেঁপে উঠলেও কাঁপে না নেপালের মানুষের মনের ভিত। মূল ক্রিকেট স্টেডিয়ামের দেয়াল বসে গেছে, ড্রেসিংরুমের দেয়ালে দেখা দিয়েছে ফাটল। বিনোদরা তবু আশাবাদী, ‘সংস্কারকাজ চলছে। আশা করি, আসন্ন গ্রেড-১ টুর্নামেন্টের আগেই সব ঠিক হয়ে যাবে।’
পেছনের ঘটনা নেপালিদের কমই ভাবায়। প্রতিটি ভোর আসে সুন্দর ভবিষ্যতের ডানায় চেপে। বিনোদ যেমন বিশ্বাস করেন, ‘এখনো আমাদের মধ্যে যে শক্তিটুকু রয়ে গেছে সেটা দিয়েও অনেক কিছু করা সম্ভব।’ ক্রিকেটের ক্ষেত্রেও কথাটা সত্যি। বিদেশি কোচ–ফিজিও নেই। দল চলছে দেশীয় কোচিং স্টাফ দিয়ে। ক্রিকেট ঐতিহ্যও মাত্র ২০-২৫ বছর পুরোনো। সেই দেশের যুবারা কীভাবে নাড়িয়ে দেন ক্রিকেটে উন্নত দেশের যুবাদের!
শুধু এবারের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের পারফরম্যান্স দেখেই বলা হচ্ছে না কথাটা। যুব বিশ্বকাপে এর আগেও একবার শেষ আটে উঠেছে নেপাল। হারিয়েছে পাকিস্তান, বাংলাদেশের মতো দলকে। অন্যরা যতই বিস্ময় নিয়ে তাকাক, এবারও শেষ আটে যাওয়াটা নেপাল দলের কাছে প্রত্যাশিত ছিল বলে জানালেন টিম ম্যানেজার সুদীপ শর্মা, ‘আমাদের প্রাথমিক লক্ষ্যই ছিল সুপার লিগে খেলা। দলের প্রত্যেকে বিশ্বাস করত এটা সম্ভব। কারণ এই পর্যায়ে নেপাল বরাবরই ভালো দল।’
কিন্তু এই ‘ভালো’টাকে তারা বয়ে নিতে পারে না জাতীয় দলে। ক্রিকেটের জনপ্রিয়তা, আন্তরিকতা ও ভালো কিছু করার ইচ্ছা—সবই আছে। নেই শুধু ঘরোয়া ক্রিকেটে ভালো অবকাঠামো। আন্তবিশ্ববিদ্যালয় জাতীয় কিছু টুর্নামেন্ট আর অনুন্নত ক্লাব প্রতিযোগিতার বাইরে নেপালে ক্রিকেট বলতে কিছু নেই। নেই ছোট-বড় কোনো পর্যায়ের খেলোয়াড়েই সারা বছর খেলা বা অনুশীলন চালিয়ে যাওয়ার সুযোগ-সুবিধা। বছরের বেশিটাই তাই ‘অফ সিজন’। বাড়ির উঠোন বা রাস্তায় সফট বলে অনুশীলন করে দিন যায়। আর চলে টিভিতে খেলা দেখা। বিনোদ জানালেন, ‘আমরা টেলিভিশনে প্রচুর খেলা দেখি। ভারত-বাংলাদেশের খেলোয়াড়দের খুব অনুসরণ করে ক্রিকেটাররা।’
সেটা অবশ্য শুধু ব্যাট-বলের চর্চায়। সুবিধাবঞ্চিত নেপালের ক্রিকেটকে এগিয়ে নিচ্ছে তো আসলে ‘রাতো রা চন্দ্র সুরিয়া...’র আত্মবিশ্বাস জাগানিয়া ঝংকার। এই বিজয়সংগীতই নেপালের শক্তি, যে শক্তির রং লাল।