নেপিয়ারে পাকিস্তান বনাম 'পাকিস্তান'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আমিরাত দলে অধিকাংশ পাকিস্তানি। ছবি: রয়টার্স
আমিরাত দলে অধিকাংশ পাকিস্তানি। ছবি: রয়টার্স

বিশ্বকাপ সূচি বলছে, কাল নেপিয়ারে বাংলাদেশ সময় সকাল সাতটায় মাঠে নামবে পাকিস্তান বনাম আরব আমিরাত। কিন্তু লড়াইটাকে আরেকভাবে পাকিস্তান বনাম ‘পাকিস্তান’ও বলা যায়! চোখ পাকিয়ে ওঠার আগে ব্যাখ্যাটা শুনুন।

আরব আমিরাতের স্কোয়াডের অধিকাংশ খেলোয়াড় হয় পাকিস্তানি না হয় পাকিস্তান-বংশোদ্ভূত। আরও পরিষ্কারভাবে বললে, ১৫ জনের নয়জনই পাকিস্তান থেকে আসা। আমিরাতের সর্বশেষ আদমশুমারি অনুযায়ী, দেশটির জনসংখ্যার অনুপাতের বেশ প্রতিফলন ক্রিকেট দলেও। ২০১৩ সালের আদমশুমারি বলছে, আমিরাতের মোট জনসংখ্যা ৯২ লাখ। এর মধ্যে ১৪ লাখ স্থানীয়, বাকি ৭৮ লাখ প্রবাসী, যাদের বেশির ভাগ এসেছে পাকিস্তান ও ভারত থেকে।
আমিরাতের অনেক খেলোয়াড় আছেন যাঁরা দীর্ঘদিন পাকিস্তানের ঘরোয়া ক্রিকেট খেলেছেন। কিন্তু পাকিস্তান জাতীয় দলে সুযোগ পাওয়া দুরূহ দেখে আমিরাতে পাড়ি জমিয়ে দ্রুতই আন্তর্জাতিক ক্রিকেটে অভিষিক্ত হয়েছেন। এর মধ্যে সবচেয়ে উজ্জ্বল উদাহরণ খুররাম খান। ৪৩ বছর বয়সী খুররাম দীর্ঘদিন খেলেছেন আঞ্চলিক দল মুলতানে। একপর্যায়ে চলে এসেছেন আমিরাতে।
আমিরাতের পক্ষে বিশ্বকাপে প্রথম সেঞ্চুরিয়ান শাইমান আনোয়ার এসেছেন শিয়ালকোট থেকে। উইকেটরক্ষক সাকলাইন হায়দারের বাড়ি রাওয়ালপিন্ডি আর নাসির আজিজ তো করাচির ছেলে। রোহান মুস্তাফা এসেছেন উত্তর-পশ্চিম খাইবার পাখতুনখাওয়া অঞ্চলের কোহাত থেকে। আমজাদ আলীর বাড়ি লাহোরে। তবে বেশির ভাগ খেলোয়াড়ের কাছে ক্রিকেট খণ্ডকালীন পেশা। অধিকাংশ খেলোয়াড়ই আমিরাতের নানা প্রতিষ্ঠানে কর্মরত। কেউ কাজ করেন এমিরেটস এয়ারলাইনসে, কেউবা পুলিশ কিংবা শিপিং প্রতিষ্ঠানে।
আমিরাত-ভিত্তিক সাংবাদিক পল র‍্যাডলি বললেন, ‘আমিরাতে পাকিস্তানের ব্যাপক প্রভাব। এখন তো সাবেক পাকিস্তানি পেসার আকিব জাভেদ তাদের কোচ। তাঁর অধীনে পাকিস্তানি বংশোদ্ভূত খেলোয়াড়দের সমন্বয়ে দলের বেশ উন্নতিও হয়েছে।’ তবে ক্রিকেটের প্রতি স্থানীয় জনসাধারণের আকর্ষণ বাড়াতে নানা উদ্যোগ নেওয়া হচ্ছে। দুবাইয়ে জন্ম নেওয়া মোহাম্মদ তৌকিরকে দলের অধিনায়ক করার পেছনে এটিও একটি কারণ। তথ্যসূত্র: এএফপি।