নেলসনে চাই ঝলমলে বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হার দিয়ে শুরু হয়েছে নিউজিল্যান্ড সিরিজ। চোট কেড়ে নিয়েছে মুশফিকুর রহিমকে। তবু সিরিজে ফেরার ম্যাচের আগে বাংলাদেশ দলকে পাওয়া গেল ফুরফুরে মেজাজে। নেলসনে আজ ম্যাচ শেষেও দেখা মিলবে হাসিখুশি মাশরাফিদের? l বিসিবি
হার দিয়ে শুরু হয়েছে নিউজিল্যান্ড সিরিজ। চোট কেড়ে নিয়েছে মুশফিকুর রহিমকে। তবু সিরিজে ফেরার ম্যাচের আগে বাংলাদেশ দলকে পাওয়া গেল ফুরফুরে মেজাজে। নেলসনে আজ ম্যাচ শেষেও দেখা মিলবে হাসিখুশি মাশরাফিদের? l বিসিবি

আবহাওয়া নিয়ে খুব গর্ব মনে হচ্ছে নেলসনবাসীর। শহরে নতুন কারও সঙ্গে পরিচয় হলে একটা প্রশ্ন তাঁরা করবেনই, ‘নেলসনের আবহাওয়া কেমন লাগছে?’ এরপর এমনভাবে মিটিমিটি হাসতে থাকবেন, যেন উত্তরটা জানা। আগন্তুক নিশ্চয়ই এখন বলবেন, ‘আহা! কী চমৎকার আবহাওয়া। কী অসাধারণ...!’
তাসমান তীরের সাজানো-গোছানো শহর নেলসনের আবহাওয়া আসলেই দারুণ। বিশেষ করে এখানে আসার আগে যাঁরা ক্রাইস্টচার্চ ঘুরে আসবেন, তাঁদের এই আবহাওয়া ভালো লাগতে বাধ্য। যেমন লাগছে বাংলাদেশ দল ও তার আশপাশের লোকজনের। ক্রাইস্টচার্চের ঠান্ডা বাতাসে জমে যাওয়া ক্রিকেটাররা এখানে খুবই চনমনে মেজাজে। পরিষ্কার আকাশে বিমান উড়ছে ধোঁয়ার সমান্তরাল রেখা এঁকে।
অথচ এক দিন আগেই আবহাওয়ার পূর্বাভাসে গতকাল আর আজ বৃষ্টির আশঙ্কা ছিল। সেটাকে ভুল প্রমাণ করে কাল তো বৃষ্টি হয়ইনি, আজও দুপুর পর্যন্ত সে রকম সম্ভাবনা নেই। তবে কাল রাতে এ প্রতিবেদন লেখার সময়ের পূর্বাভাসে আজ স্থানীয় সময় বেলা একটার দিকে বৃষ্টি দেখাচ্ছিল।
পূর্বাভাসটা সত্যি হলো কি না, তা এর মধ্যে নিশ্চয়ই আপনারাও জেনে গেছেন। স্যাক্সটন ওভালে বাংলাদেশ-নিউজিল্যান্ড দ্বিতীয় ওয়ানডের পরিস্থিতিও অনেকটাই পরিষ্কার হয়ে ফুটে ওঠার কথা এতক্ষণে। মুশফিকুর রহিমের বিকল্প হিসেবে নেমে কেমন খেলছেন নুরুল হাসান? সৌম্য সরকারের জায়গায় লেগ স্পিনার তানভীর হায়দারই নামলেন নাকি অন্য কেউ? পেসার মোস্তাফিজুর রহমান কি সত্যিই বিশ্রামে? দলে এতগুলো পরিবর্তন যদি এসেই থাকে, সেটার ফলাফল কেমন হচ্ছে—সব প্রশ্নের উত্তরই এখন জানার মধ্যে থাকার কথা।
দ্বিতীয় ওয়ানডেতে মুশফিকের না খেলার বিষয়টি কোচ চন্ডিকা হাথুরুসিংহেই জানিয়ে দিয়েছেন। তাঁর জায়গায় খেলবেন নুরুল হাসান, দ্বিতীয় ওয়ানডের ১৫ জনের দলেও এই একটাই পরিবর্তন। কাল রাত পর্যন্ত একাদশে ওই দুটি পরিবর্তনও আসার কথা শোনা গেছে। এর মধ্যে সৌম্য সরকারের পারফরম্যান্সে অসন্তুষ্টির কথা সংবাদ সম্মেলনে কোচই বুঝিয়ে দিয়েছেন, ‘পারফর্ম না করলে সবার জন্যই সুযোগ সীমিত হয়ে পড়বে। ও সেই সময়টার দিকেই এগিয়ে যাচ্ছে। সে যদি রান করতে না পারে, তার বিকল্প দেখাটা সময়ের ব্যাপার হবে।’
মুশফিক নেই, এখন সৌম্যও না খেলা মানে বাংলাদেশ আজ একজন বিশেষজ্ঞ ব্যাটসম্যান কম খেলাচ্ছে। বাংলাদেশ দলের হয়ে ছয়টি টি-টোয়েন্টি খেলা নুরুল হাসানের ব্যাটসম্যান হিসেবে স্বীকৃতি থাকলেও তানভীরের আসল পরিচয় লেগ স্পিনার। ১৫ জনের দলে আর কোনো বিশেষজ্ঞ ব্যাটসম্যান না থাকাতেই অভিষেক আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ তৈরি হয়েছে তাঁর জন্য। একাদশের বাইরে থাকা অন্যদের তুলনায় তানভীর কিছুটা ভালো ব্যাটিং করেন, সঙ্গে বোলিংয়ে বৈচিত্র্য আনার চিন্তাও কাজ করছিল টিম ম্যানেজমেন্টের মাথায়।

ওয়ানডে অভিষেক হচ্ছে উইকেটকিপার-ব্যাটসম্যান নুরুল হাসানের। উইকেটের পেছনে এবং ব্যাটিংয়ে মুশফিকুর রহিমের শূন্যতা ঘুচিয়ে দেওয়ার কঠিন পরীক্ষা তাঁর তরুণ কাঁধে l বিসিবি
ওয়ানডে অভিষেক হচ্ছে উইকেটকিপার-ব্যাটসম্যান নুরুল হাসানের। উইকেটের পেছনে এবং ব্যাটিংয়ে মুশফিকুর রহিমের শূন্যতা ঘুচিয়ে দেওয়ার কঠিন পরীক্ষা তাঁর তরুণ কাঁধে l বিসিবি

তবে মোস্তাফিজকে শেষ পর্যন্ত খেলাতে পারলেই বেশি খুশি হবেন হাথুরুসিংহে। হারলেই সিরিজ হার, এমন ম্যাচে মুশফিক, মোস্তাফিজের মতো দুজন ‘ম্যাচ উইনারের’ অনুপস্থিতি ভালো কিছু বয়ে আনার কথা নয়। কিন্তু ফিজিও ডিন কনয়ের পরামর্শ, কাঁধের চোটের পর দীর্ঘ বিরতি কাটিয়ে ফেরা এই পেসারকে বিশ্রাম দিয়ে খেলানোর। বিসিবিও এ রকমই একটা অলিখিত সিদ্ধান্ত নিয়ে রেখেছে যে চোটমুক্ত রাখতে তাঁকে সযত্নে খেলাতে হবে। এমন চাপ দেওয়া যাবে না যেটা আবারও ঠেলে দিতে পারে চোটের দিকে। সে জন্যই মোস্তাফিজকে বিশ্রাম দিয়ে শুভাশিস রায়ের অভিষেক ঘটানোর চিন্তা।
শেষ পর্যন্ত একাদশে যাঁরাই থাকুন, তাঁদের নিয়েই ক্রাইস্টচার্চের ধাক্কা কাটিয়ে ওঠার পরিকল্পনা হাথুরুসিংহের, ‘দেশের মাটিতে অনেক ক্রিকেট খেলেছে ছেলেরা। এখানে এসে ধাক্কা খাওয়া স্বাভাবিক। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার ব্যাপারও আছে। তবে এটা কোনো অজুহাত নয়। আমরাই আমাদের পরিকল্পনা বাস্তবায়ন করতে পারিনি। কাল (আজ) সেসব করতে হবে।’
স্যাক্সটন ওভাল নিউজিল্যান্ডের মাঠ। তবে এ মাঠের সর্বোচ্চ ইনিংসটা কাদের জানেন? বাংলাদেশের। ২০১৫ বিশ্বকাপে স্কটল্যান্ডের ৩১৮ রান তাড়া করে জেতা ম্যাচে ৩২২ রান করেছিল মাশরাফির দল। দলের আর সবার মতো কোচও সেই স্মৃতিকে বাড়তি অনুপ্রেরণা হিসেবে দেখছেন, ‘এখানে সবশেষ ম্যাচেই আমরা ভালো করেছি। সেই ম্যাচের বেশির ভাগ ক্রিকেটার এই দলে আছে। এ রকম স্মৃতি বাড়তি প্রেরণা জোগায়। এমনকি প্রথম ম্যাচে শুরুতে উইকেট হারানোর পর ২৭০ (২৬৪) রান করাও আমাদের বিশ্বাস জোগাচ্ছে।’
আবহাওয়ার কারণেই ক্রাইস্টচার্চের উইকেটের চেয়েও বেশি ব্যাটিংবান্ধব নেলসনের ২২ গজ। ‘নেলসনের আবহাওয়া কেমন লাগছে’ প্রশ্নে ঝলমল করে ওঠে বাংলাদেশের খেলোয়াড়দের চেহারা। আজ ম্যাচ শেষে ‘উইকেট কেমন লেগেছে’ প্রশ্নেও তাঁদের মুখে থাকুক সেই ঝলমলে আলো। অবশ্য আলোটা থাকছে কি না, তা-ও নিশ্চয়ই এতক্ষণে সবাই বুঝতে শুরু করেছেন।