নো বলে 'বিক্ষিপ্ত' ইলিংওয়ার্থ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওই ভুলের পর ইলিংওয়ার্থের অনুভূতি কী হয়েছিল, টেলিগ্রাফকে জানিয়েছেন ওয়েলিংটন টেস্টের ম্যাচ রেফারি ক্রিস ব্রড, ‘যখন সে বুঝতে পারে, এটা নো বল ছিল না, তখন বিক্ষিপ্ত হয়ে পড়েছিল

ভুলটা কি পোড়াচ্ছে রিচার্ড ইলিংওয়ার্থকে? ইংলিশ আম্পায়ারের মনের খবর জানার উপায় নেই। তবে ভুলটা বোঝার পর নাকি বেশ ‘বিক্ষিপ্ত’ হয়ে পড়েছিলেন ইলিংওয়ার্থ এমন দাবি ম্যাচ রেফারি ক্রিস ব্রডের।
কী ভুল? ওয়েলিংটন টেস্টের প্রথম দিনে ৭ রানে থাকা অ্যাডাম ভোজেস বোল্ড হয়েছিলেন ডগ ব্রেসওয়েলের বলে। সেই বলটা ‘নো’ ডেকেছিলেন ইলিংওয়ার্থ। যদিও পরে রিপ্লেতে দেখা গেছে, ব্রেসওয়েলের পায়ের কিছু অংশ ক্রিজের রেখার এপাশেই ছিল। জীবন পেয়ে ভোজেস খেলেছেন ২৩৯ রানের দুর্দান্ত এক ইনিংস। দল জিতেছে বড় ব্যবধানে, তিনি হয়েছেন ম্যাচসেরা।
ভুলটা নিয়ে এত আলোচনা হবে, তা কে ভেবেছিল! তবে ওই ভুলের পর ইলিংওয়ার্থের অনুভূতি কী হয়েছিল, টেলিগ্রাফকে জানিয়েছেন ওয়েলিংটন টেস্টের ম্যাচ রেফারি ক্রিস ব্রড, ‘যখন সে বুঝতে পারে, এটা নো বল ছিল না, তখন বিক্ষিপ্ত হয়ে পড়েছিল। সিদ্ধান্ত ভুল প্রমাণিত হলে সেটা যে কারও জন্য বিব্রতকর। তবে আম্পায়ারদের ক্ষেত্রে, বিশেষ করে এলিট প্যানেলে যাঁরা আছেন, তাঁদের সামর্থ্য আছে এমন পরিস্থিতি সামলে কাজ চালিয়ে যাওয়ার।’
ক্রিকেটের প্রচলিত নিয়ম অনুযায়ী, নো বল ডাকেন মাঠের আম্পায়ার। এই ঘটনার পর এখন অনেকের দাবি, নো বল ডাকার জন্য সবচেয়ে উপযুক্ত হচ্ছেন টিভি আম্পায়ার। অবশ্য অস্ট্রেলিয়ার কোচ ড্যারেন লেম্যান এর সঙ্গে একমত নন। লেম্যানের মতে, মাঠের আম্পায়ারের হাতেই থাকুক নো বল ডাকার সুযোগ। তবে এই সুযোগটা দেওয়া যেতে পারে স্কয়ার লেগে দাঁড়ানো আম্পায়ারকে। ইলিংওয়ার্থের ভুল নিয়ে অস্ট্রেলিয়ার কোচের মন্তব্য, ‘এটা খেলার অংশ। তবে জানি এটি ঠিক হয়নি। আমরা সবাই ভুল করি। একজন কোচ হিসেবে আমিও অনেক ভুল করি। আম্পায়ারও কিছু কিছু করছেন। তবে এটা নিয়ে কথা হচ্ছে কারণ, সে (ভোজেস) ৭ রানে ছিল, সেখান থেকে করেছে ২৩৯, তাই নয় কি? আম্পায়ারদের জন্য এই ধরনের নো বল ডাকা কঠিন। আমার মতে, স্কয়ার লেগের আম্পায়ারকে নো বলের দায়িত্ব দেওয়া যেতে পারে।’
তবে লেম্যান চান না টিভি আম্পায়ারদের নো বল ডাকার দায়িত্ব দেওয়া হোক। তাঁর যুক্তি, ‘এই সিদ্ধান্তের জন্য কোথায় যাবেন? কত দূর যাবেন? একটা ম্যাচে কতগুলো নো বল হয় আর সে জন্য (টেস্টে) দিনের দৈর্ঘ্য কত হবে? এ কারণে কত ওভার নষ্ট হবে? সব প্রশ্ন নিয়েই আলোচনা হওয়া উচিত।’
ম্যাচের পরই এ নিয়ে বলতে হয়েছে দুই দলের অধিনায়ককে। দুজনই অবশ্য বিতর্কিত কোনো মন্তব্য না করে হেঁটেছেন নিরাপদ পথে। ক্রিকইনফো।