নো বলে ১৩ 'উইকেট'!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মরনে মরকেল
মরনে মরকেল

৭৫ টেস্টে ২৬০ উইকেট। তবে পা-টা একটু এদিক-ওদিক হলেই উইকেট আরও ১৩টি বেড়ে যেত মরনে মরকেলের। দক্ষিণ আফ্রিকান ফাস্ট বোলার টেস্টে আরও ১৩ বার প্রতিপক্ষ ব্যাটসম্যানকে ‘আউট’ করেছেন, কিন্তু সেগুলো তাঁর উইকেটের ঘরে যোগ হয়নি। কারণ ওগুলো ছিল নো বল! টেস্ট ইতিহাসে নো বলে এর চেয়ে বেশি উইকেট পাওয়ার, বরং বলা ভালো, হারানোর যন্ত্রণা সইতে হয়নি আর কোনো বোলারকে।

১৩তম ঘটনাটি কদিন আগে ইংল্যান্ডের বিপক্ষে লর্ডস টেস্টে। ইংল্যান্ডের প্রথম ইনিংসে তাঁর বল বেন স্টোকসের স্টাম্পে লাগার আওয়াজ যখন শুনছিলেন মরকেল, প্রায় একই সময়ে শুনেছেন আম্পায়ারের কণ্ঠে ‘নো’ আওয়াজটাও। যা আবারও হতাশায় ডুবিয়ে দিয়েছে মরকেলকে, যে হতাশার সঙ্গে এত দিনে তাঁর ভালোই পরিচয় হয়ে গেছে। এমন একটা রেকর্ড, যেটি নিয়ে খুব একটা চর্চা হয় না। এটিকে রেকর্ড বলা যাবে কি না, তা-ও তো একটা প্রশ্ন। তবে নটিংহামে দ্বিতীয় টেস্ট শুরুর আগের দিন কাল সংবাদ সম্মেলনে অবশ্য মরনে মরকেলকে যতগুলো প্রশ্ন করা হলো, তার প্রায় সবই এই অনাকাঙ্ক্ষিত ‘রেকর্ড’ নিয়ে-

* নো বলে ১৩টি টেস্ট উইকেট হারিয়ে ফেলার বিশ্ব রেকর্ড নিয়ে

মরনে মরকেল: জানি এটা বিশ্ব রেকর্ড। (হাসি) কীই-বা বলতে পারি? কাউকে না কাউকে তো রেকর্ডধারী হতেই হয়। ক্যারিয়ারে এই ১৩টি উইকেট পেতে ভালোই লাগত, কিন্তু তা তো আর হওয়ার ছিল না।

* নো বলের কারণে যখন উইকেট কেড়ে নেওয়া হয়, তখন কেমন লাগে?

মরকেল: এটা খেলারই অংশ। ইংল্যান্ডও (সিরিজের প্রথম টেস্টে) দু-একটা নো বল করেছে। এমন কিছুর জন্য কোনো অজুহাত তো আর হয় না। তবে এটা আপনি নিয়ন্ত্রণ করতে পারেন। অবশ্যই এটা নিয়ে কাজ চালিয়ে যাব আমি।

* গুরুত্বপূর্ণ মুহূর্তে এমন নো বলের কারণ

মরকেল: আমি এমন একজন বোলার, যার স্বাভাবিক বোলিং করার জন্য ছন্দে থাকার দরকার হয়। ক্রিজে সহজ বোধ করার জন্য কিছু সময়ও দরকার হয়। দুর্ভাগ্যবশত, (প্রথম টেস্টের প্রথম ইনিংসে) খুব গুরুত্বপূর্ণ একটা মুহূর্তে নো বল করে ফেলেছি (৪৪ রানে অপরাজিত বেন স্টোকস ওই নো বলে বোল্ড হয়েও বেঁচে যান, ওই বলে অতিরিক্ত ৫ রান আসে)। জো রুট ও স্টোকসের মতো ব্যাটসম্যানদের আপনি ওভাবে অতিরিক্ত রান দিতে পারেন না। তখন আসলে একটু উত্তেজিত হয়ে পড়েছিলাম। পুরোনো, নরম বল দিয়ে কিছু করতে চেয়েছিলাম, কিন্তু ওভারস্টেপ করে বসলাম।

* নিজের ওপর রাগ হয় এই সময়ে?

মরকেল: না। ও রকম না। নো বল তো এই প্রথম করিনি। এতে আমার ক্যারিয়ারও শেষ হয়ে যাবে না। তাই এটা নিয়ে আমি ঠান্ডাই আছি।

* এটা বন্ধ করতে কী করতে হবে?

মরকেল: কোনো ম্যাজিক উত্তর থাকলে আপনাকে বলে দিতাম। ব্যাপারটা আসলে শুরুতে আপনি কয়েকটা ওভার করে ফেলার ওপরই নির্ভর করে। ওই সময়ই আপনার জড়তা কেটে যায়, টাইমিং ভালো হতে শুরু করে। আমার শুধু মনে হচ্ছে, আমরা কিছু একটা করতে চাচ্ছিলাম, কিন্তু সেটি নিয়ে বেশি উত্তেজিত হয়ে পড়েছিলাম। টেকনিক্যাল দিক থেকে ভাবলে এ নিয়ে আসলে তেমন কিছুই করার নেই। নিজের রানআপ আরও বড় বা ছোট করে ফেলতে পারি না। নিজের পদ্ধতিতেই আস্থা রাখতে হবে।