ন্যাথান বল্ডউইনের স্মৃতিতে মাদিবা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাদিবার সঙ্গে তোলা ছবির সামনে বল্ডউইন, নিজ বাড়িতে। ছবি: প্রথম আলো
মাদিবার সঙ্গে তোলা ছবির সামনে বল্ডউইন, নিজ বাড়িতে। ছবি: প্রথম আলো

দৃঢ় শরীর দেখে বয়স বোঝার উপায় নেই। মনে হবে বড়জোর চল্লিশ-পঁয়তাল্লিশ। আসলে ষাট পেরিয়ে গেছেন ন্যাথান বল্ডউইন। পার্লের আরবান স্ট্রিটের বাড়িতে স্ত্রী-কন্যা নিয়ে থাকেন। বাড়ি বলতে বাড়ি কাম-গেস্টহাউস, লু’জ গেস্টহাউস। আছে ছোট-বড় মিলিয়ে কটি গাড়ি। গেস্টহাউস আর গাড়ির ব্যবসা দিয়ে ভালোই দিন চলে যায় ন্যাথানের।

লু হচ্ছেন ন্যাথানের স্ত্রী। ছিমছাম গেস্টহাউসটা তাঁর নামে। ওপর-নিচ মিলিয়ে সাত-আটটি কক্ষ। বসার ঘর, খাবার ঘর, বাড়ির পেছনে ছোট একটা সুইমিং পুল। সর্বত্র রুচির ছোঁয়া। ফ্যামিলি লিভিংয়ের দেয়ালের লেখাগুলো মন কাড়ে—

এই ঘরে....
আমাদের মধ্যে কোনো মেকি ভাব নেই
আমরা ভুল করি
আমরা বলি, ‘আমি দুঃখিত’
আমরা দ্বিতীয় সুযোগ দিই
আমরা মজা করি
আলিঙ্গন করি
ক্ষমা করি
আমরা চিৎকার করি
আমরা ধৈর্যশীল
আমরা ভালোবাসি।

এখন নিভৃত জীবনে চলে গেলেও ন্যাথানের গায়ে একসময় ছিল পুলিশের ইউনিফর্ম। হাতে ছিল গুরুদায়িত্ব। সেটা কী রকম তা একটি উদাহরণেই বুঝে যাবেন। পার্লে ন্যাথান যে অস্থায়ী কারাগার ভিক্টর ভেরস্টারের দ্বিতীয় প্রধান কর্মকর্তা ছিলেন, ২৭ বছরের বন্দী জীবনের শেষ ১৫-১৬ মাস সেখানেই কাটিয়েছেন ‘মাদিবা’ নেলসন ম্যান্ডেলা। এখান থেকেই তিনি নিয়েছেন মুক্তির স্বাদ।

কারাগারের কৃষ্ণাঙ্গ কর্মকর্তা-কর্মচারীদের ম্যান্ডেলার কাছাকাছি যাওয়া বারণ ছিল। কারাবন্দী মাদিবার সঙ্গে তাই কথা বলার সুযোগ তেমন হতো না ন্যাথানের। তবে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট হওয়ার পর ১৯৯৯ সালে সস্ত্রীক নিজের পুরোনো আবাসস্থল দেখতে এসেছিলেন ম্যান্ডেলা। ভিক্টর ভেরস্টার তখন কারাগার থেকে পরিণত হয়েছে সংশোধনীকেন্দ্রে। এর সামনে বসানো হয়েছে ম্যান্ডেলার বিশাল মূর্তি। আর ন্যাথান দ্বিতীয় কারাপ্রধান থেকে সংশোধনীকেন্দ্রের প্রধান।

মাদিবার স্মৃতিচারণা করছেন বল্ডউইন। ছবি: প্রথম আলো
মাদিবার স্মৃতিচারণা করছেন বল্ডউইন। ছবি: প্রথম আলো

লু’জ গেস্টহাউসে বসে ন্যাথান ফিরে গেলেন সেই দিনে, ‘মাদিবা অনেক শান্ত ছিলেন। স্ত্রী গ্রাসাকে ঘুরিয়ে দেখাচ্ছিলেন বাড়িটা। তাঁর স্মৃতির কথা বলছিলেন। চা পানের জন্য গাছতলার একটি চেয়ারে আমার ছয় বছরের মেয়েকে কোলে নিয়ে বসলেন। কত কথা বললেন।’ ন্যাথানের স্মৃতি থেকে কখনোই হারিয়ে যাবে না মাদিবাকে আতিথেয়তা দেওয়া দিনটার কথা। লু’জ গেস্টহাউসের দেয়ালে যত্ন সহকারে ঝোলানো মাদিবার সঙ্গে তাঁর ছবি এই পরিবারের ভবিষ্যৎ প্রজন্মকেও করছে গৌরবান্বিত।

সংশোধনীকেন্দ্রের প্রধান হওয়ার পর ন্যাথানের থাকার ব্যবস্থা হয়েছিল ম্যান্ডেলার গৃহবন্দী থাকার সেই বাড়িতেই। তিনি চাইলে শুরুতেই পরিবার নিয়ে বাড়িতে উঠতে পারতেন। অথচ এই সুযোগটার কথা স্ত্রী লুর কাছে প্রথমে গোপনই করে গিয়েছিলেন, ‘প্রথম দুই মাস আমি ওখানে একা থেকেছি। স্ত্রী-সন্তানদেরও নিয়ে যাইনি। এই বাড়িতে একা থাকতে মাদিবার কেমন লাগত, সেটা অনুভব করার চেষ্টা করেছি।’

মাঝে মাঝে খবরের কাগজ দিতে ম্যান্ডেলার ঘরের দিকে যেতেন। সুযোগ পেলে গাড়িতে করে লুকিয়ে তাঁকে ঘোরাতে নিয়ে যেতেন ৪০ মিনিট দূরত্বের কেপ টাউনে। এর বাইরে তাঁর সাহচর্য পাওয়ার সুযোগ তেমন হয়নি ন্যাথানের। কিন্তু মনের ভেতর মাদিবার জন্য ছটফটানি ছিলই। শ্বেতাঙ্গ পুলিশ কর্মকর্তাদের সঙ্গে ভাব করে চেষ্টা করতেন যদি একটু কাছে যাওয়া যায়, যদি একটু কথা বলা যায়।

রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে ১৯৬২ সালে আজীবন কারাবাস দেওয়া হয় নেলসন ম্যান্ডেলাকে। ১৯৮২ সাল পর্যন্ত রবেন আইল্যান্ডে কাটান নির্বাসিত জীবন। সেখান থেকে কেপ টাউনের পোলসমোর কারাগার, ১৯৮৪ সালে যেখানে ন্যাথানের কর্মজীবন শুরু। ১৯৮৮ সালের ডিসেম্বরে ম্যান্ডেলাকে আনা হয় ভিক্টর ভেরস্টার কারাগারে। পোলসমোর থেকে তাঁকে অপেক্ষাকৃত কম নিরাপত্তার অস্থায়ী কারাগারে নিয়ে যাওয়ার কারণ, শ্বেতাঙ্গরা বুঝতে পারছিল ম্যান্ডেলাকে আর বেশি দিন আটকে রাখা যাবে না। তাঁর সঙ্গে সেসব নিয়ে আলোচনা করতে একটা নিরিবিলি জায়গা দরকার ছিল তাদের। সেটাই মাদিবাকে কাছ থেকে দেখার সুযোগ করে দেয় ন্যাথানকে।

একজন মানুষ জীবনের দীর্ঘ সময় কারাগারকেই ঘর ভেবেছেন। মানুষ যেখানে অতীত রোমন্থন করতে পুরোনো ঘরে যায়, সেই মানুষটা কিনা গেছেন কারাগারে! আড়চোখে তাঁর জীবনকে অনুসরণ করা ন্যাথান বল্ডউইন হয়তো সে জন্যই ঘরের মর্ম বোঝেন, জানেন ঘর কী জিনিস। তাঁর ঘরের দেয়ালে হয়তো সে কারণেই লেখা—

এই ঘরে...
আমাদের মধ্যে কোনো মেকি ভাব নেই...