
হাশিম আমলা খুব হতাশ। তিন দিনের মধ্যে টেস্ট হেরে সিরিজ খোয়ালে যেকোনো অধিনায়কেরই হতাশ হওয়ার কথা। উল্টো দিকে বিরাট কোহলি খুব খুশি। টেস্ট র্যা ঙ্কিংয়ের এক নম্বর দলের বিপক্ষে সিরিজ জয় নিশ্চিত হলে খুশিই হওয়ার কথা।
ম্যাচ নিয়ে অনুভূতি বিপরীতধর্মী, তবে একটি বিষয়ে পুরোপুরিই একমত আমলা-কোহলি। বিষয় নাগপুরের উইকেট। অমর কারলেকারের পরিচর্যায় বিদর্ভ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামের উইকেট যে ব্যাটসম্যানদের জন্য বধ্যভূমি ছিল তা নিয়ে কারও দ্বিমত নেই।
ব্যাটসম্যানদের এই বধ্যভূমিতেই শেষ হলো দক্ষিণ আফ্রিকার দেশের বাইরের অজেয় ধারা। নয় বছর দেশের বাইরে টানা ১৫টি সিরিজে অপরাজিত থাকা প্রোটিয়ারা সিরিজ খোয়াল মাত্র সাত দিনেই। মোহালির প্রথম টেস্টে তিন দিনের মধ্যে হার, বেঙ্গালুরুতে খেলা হলো মাত্র এক দিন, পরে নাগপুরে তিন দিনে শেষ টেস্ট।
দিনের হিসাবে সিরিজে গতকালই সবচেয়ে ভালো গেছে দক্ষিণ আফ্রিকার। মন্থর থেকে আরও মন্থর হয়ে পড়া উইকেটের সুবিধা নিয়ে ভালোই প্রতিরোধ গড়েছিলেন আমলা ও ডু প্লেসিরা। উইকেট এতটাই মন্থর ছিল যে স্লিপে ক্যাচ তুলেও বেঁচে গেছেন এই দুজন। দোষটা ফিল্ডারদের নয়, বল তো তাঁদের কাছেই যায়নি। পঞ্চম উইকেটে ৪৬.২ ওভার ব্যাটিং করে ৭২ রান যোগ করেছেন দুজন—সিরিজে প্রোটিয়াদের সবচেয়ে লম্বা জুটি। এঁদের প্রতিরোধের মুখেই সিরিজে প্রথমবারের মতো দ্বিতীয় নতুন বল নিতে হয়েছে ভারতকে।
কিন্তু ১১ বলের মধ্যে ৫ রানের ব্যবধানে আমলা-ডু প্লেসির বিদায়ের পর আর ৫০ রান যোগ হতেই অলআউট দক্ষিণ আফ্রিকা। লেগ স্পিনার অমিত মিশ্রর শিকার হওয়ার আগে দুজনই করেছেন ঠিক ৩৯ রান। তাই প্রথম ইনিংসের ৪০ রান নিয়েই ম্যাচের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের মালিক ভারতের ওপেনার মুরালি বিজয়।
প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও দক্ষিণ আফ্রিকার সবগুলো উইকেট নিয়েছেন ভারতীয় স্পিনাররাই। প্রথম ইনিংসে ৫ উইকেট নেওয়া রবিচন্দ্রন অশ্বিন এবার ৬৬ রানে নিয়েছেন ৭ উইকেট। বাকি ৩ উইকেট মিশ্রর। টেস্ট ক্যারিয়ারে অশ্বিনের এটাই সেরা বোলিং।
ম্যাচ শেষে অশ্বিনের প্রশংসায় পঞ্চমুখ অধিনায়ক কোহলি তাঁকে দিলেন বিশ্বসেরা স্পিনারের স্বীকৃতি, ‘অশ্বিন বিশ্বমানের স্পিনার। সে আমাদের অনেকটাই এগিয়ে দিয়েছে। এ মুহূর্তে সম্ভবত সে-ই বিশ্বের সেরা।’ সর্বশেষ ৭ টেস্টে ৫০ উইকেট নেওয়া বোলার এমন স্বীকৃতি পেতেই পারেন।
আগামী ৩ ডিসেম্বর দিল্লিতে শুরু হবে সিরিজের শেষ টেস্ট। এএফপি, ক্রিকইনফো।