নয় হাজারেও প্রথম তুষার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১৫৮ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে সঙ্গী শাহরিয়ার নাফীসকে (বাঁয়ে) নিয়ে মাঠ ছাড়ছেন সেঞ্চুরিয়ান তুষার ইমরান। কাল বিকেএসপিতে l সৌজন্য ছবি
১৫৮ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে সঙ্গী শাহরিয়ার নাফীসকে (বাঁয়ে) নিয়ে মাঠ ছাড়ছেন সেঞ্চুরিয়ান তুষার ইমরান। কাল বিকেএসপিতে l সৌজন্য ছবি

শাহরিয়ার নাফীস অভিভূত। এত নিখুঁত, এত ঠান্ডা মাথার ইনিংস! তুষার ইমরানের বয়স বাড়ছে, না কমছে!
বিকেএসপিতে ১৩৪ রানে ৩ উইকেট পড়ে গিয়েছিল প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চলের। তারপরও বিসিএলের ম্যাচে কাল বিসিবি উত্তরাঞ্চলের বিপক্ষে প্রথম দিন শেষে তাদের রান ৩ উইকেটে ২৯২। রহস্যটা লুকিয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে তুষারের ২২তম সেঞ্চুরিতে।
ফতুল্লায় অন্য ম্যাচে ইসলামী ব্যাংক পূর্বাঞ্চলের বিপক্ষে প্রথম দিন শেষে ওয়ালটন মধ্যাঞ্চলের সংগ্রহ ৭ উইকেটে ২৩২। ৭ উইকেটের চারটিই নিয়েছেন পূর্বাঞ্চলের পেসার আবু জায়েদ।
বিকেএসপির উইকেট ব্যাটিংয়ের জন্য খুব খারাপ ছিল না। তবু লাঞ্চ পর্যন্ত ৯৭ রান তুলতে দক্ষিণাঞ্চলকে হারাতে হয়েছে ২ উইকেট, লাঞ্চের পরের এক ঘণ্টায় বিদায় নেন ইমরুলও। এনামুল বোল্ড, সৌম্য রানআউট, ইমরুল এলবিডব্লু। কারও রানই চল্লিশে পৌঁছায়নি। কিন্তু উত্তরাঞ্চল বোলারদের আনন্দ-উল্লাস এরপরই উধাও। চতুর্থ উইকেটে তুষার-শাহরিয়ার মিলে প্রতিরোধের যে দেয়াল তুললেন, তাতে পার হয়ে গেছে দিনই। চা-বিরতির আগেই হয়ে যায় দুই শ।
জানুয়ারিতে শেষ হওয়া জাতীয় লিগ থেকে দারুণ ফর্মে আছেন তুষার। শেষ তিন ম্যাচে সেঞ্চুরি। সেই ফর্ম টেনে এনে বিসিএলেও তাঁর ব্যাট আলো ঝলমলে। প্রথম তিন ম্যাচে চার ইনিংস ব্যাট করে রান ৪৭, ৬২, ৪৪ ও ৮১। ইনিংস বড় করতে না পারার অতৃপ্তি কাল দূর করে ফেললেন সেঞ্চুরি করে। অপরাজিত ১২৭ রানের ইনিংসের ১৪তম রানটি নিয়ে স্পর্শ করেছেন একটি মাইলফলকও। প্রথম শ্রেণির ক্রিকেটে ৯ হাজার রান পূর্ণ করেছেন কাল। বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে এই কৃতিত্ব শুধু তাঁরই।

.
.


২৩৪ বলে অপরাজিত ১২৭ রানের ইনিংসে ১৪ বাউন্ডারি আর দুই ছক্কাই বলে দিচ্ছে বয়স বাড়লেও তুষারের ব্যাটে আক্রমণটা আছে। ৩৩ বছর বয়সী এই ব্যাটসম্যানের সঙ্গে অবিচ্ছিন্ন ১৫৮ রানের জুটিতে সঙ্গী ছিলেন শাহরিয়ার নাফীস। দিন শেষে নিজেও ৫০ রান করে অপরাজিত, কিন্তু সেটা যেন কোনো ব্যাপারই নয়। মুঠোফোনে বাঁহাতি অভিজ্ঞ ব্যাটসম্যানের মুগ্ধতা শুধু তুষারকে ঘিরেই, ‘একবারও আউটের সুযোগ দেননি উনি। যেন রান করার জন্য, ব্যাটিং উপভোগ করার জন্যই খেলছেন।’
বিকেএসপিতে দিনের নায়ক তুষার, আর ফতুল্লায় আবু জায়েদ। কিছুটা সবুজ উইকেটে সকালের দিকে মুভমেন্ট ছিল। সেটারই ফায়দা তুলেছেন পূর্বাঞ্চলের তরুণ পেসার। মাত্র ৭৫ রানের মধ্যে মধ্যাঞ্চলের ওপরের দিকের চার ব্যাটসম্যানকে ফিরে যেতে হয় তাঁর বোলিংয়েই। ১০৩ রানে পঞ্চম উইকেট পড়ার পর কিছুটা প্রতিরোধের চেষ্টা করেছেন শুভাগত হোম ও নুরুল হাসান। ষষ্ঠ উইকেটে তাঁদের ৫১ রান ও সপ্তম উইকেটে নুরুল-মোশারফের ৫৬ রানের জুটিতে দুই শ অতিক্রম করে মধ্যাঞ্চলের ইনিংস। অফ স্পিনার আফিফ হোসেনের ভেতরে ঢোকা একটি বলে বোল্ড হওয়ার আগে ৮৮ বলে ৬৫ করেছেন নুরুল।
সংক্ষিপ্ত স্কোর
প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চল-বিসিবি উত্তরাঞ্চল, বিকেএসপি
প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চল: ৯০ ওভারে ২৯২/৩ (এনামুল ৩৯, সৌম্য ২৬, ইমরুল ৩১, তুষার ১২৭*, শাহরিয়ার ৫০*; শফিউল ১/৪০, সানজামুল ১/৮৯)।
ওয়ালটন মধ্যাঞ্চল-ইসলামী ব্যাংক পূর্বাঞ্চল, ফতুল্লা
ওয়ালটন মধ্যাঞ্চল: ৮৬ ওভারে ২৩২/৭ (নুরুল হাসান ৬৫, শুভাগত ৪৬, মার্শাল ৩৭; আবু জায়েদ ৪/৫২, আফিফ ১/২০, সাকলাইন ১/৩৫, আবুল ১/৫২)।