নয়ে ওঠার হাতছানি বাংলাদেশের!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিন মোড়লের যোগসাজশে যখন পাল্টে গেল বিশ্ব ক্রিকেটের খোলনলচে, তখন থেকেই বিসিবির ভাবনায় বাংলাদেশের র্যাঙ্কিং। ইন্টারকন্টিনেন্টাল কাপের চ্যাম্পিয়ন দলের সঙ্গে খেলার বিব্রতকর অভিজ্ঞতা এড়াতে প্রয়োজন দশ থেকে নয়ে ওঠা। নিকট ভবিষ্যতে সেই সম্ভাবনা দেখছিলেন না বিসিবি কর্তারা। এই জিম্বাবুয়ে সিরিজ আয়োজনেও একটা লক্ষ্য ছিল ভবিষ্যতে র্যাঙ্কিংয়ে উন্নতি। অথচ বাংলাদেশ দশ থেকে নয়ে উঠতে পারে এই সিরিজ দিয়েই!
বাংলাদেশের রেটিং পয়েন্ট এখন ১৯, জিম্বাবুয়ের ৩৯। এই সিরিজ ৩-০-তে জিতলে বাংলাদেশ পাবে ৩৪ পয়েন্ট, মানে জিম্বাবুয়ের সঙ্গে ২০ পয়েন্টের ব্যবধান ঘুচিয়েও এগিয়ে যাবে আরও ১৪ পয়েন্ট। ২-০-তে সিরিজ জিতলে বাংলাদেশ জিম্বাবুয়ে থেকে এগিয়ে যাবে ৯ পয়েন্ট। এমনকি ২-১ ব্যবধানে জিতলেও বাংলাদেশ ২ পয়েন্টে এগিয়ে যাবে। সিরিজ ১-১ ড্র হলে অবশ্য ১০ নম্বরেই থাকতে হবে বাংলাদেশকে, তবে পয়েন্টের ব্যবধান ২০ থেকে কমে হবে ১০। অন্যদিকে জিম্বাবুয়ে ৩-০-তে জিতলে পয়েন্টের ব্যবধান বেড়ে হবে ৩৫, ২-০-তে জিতলে হবে ২৮ আর ১-০-তে জিতলে ব্যবধান হবে ২৩।
দেশের মাটিতে জিম্বাবুয়েকে পেছনে ফেলে নয় নম্বরে ওঠার সুবর্ণ সুযোগ তাই বাংলাদেশের সামনে। ধবলধোলাই করে ১৪ পয়েন্টে এগিয়ে যেতে পারলে ভবিষ্যতের জন্য বেশ কিছুটা নিরাপদ থাকা যায়। বাংলাদেশ যেহেতু প্রায় সব সময়ই ওপরে থাকা দলগুলোর সঙ্গে খেলবে, হারলেও খুব বেশি পয়েন্ট হারানোর শঙ্কা থাকবে না। বছরজুড়ে চলা দুঃসময়কে পেছনে ফেলার পাশাপাশি টাটকা এই আকর্ষণীয় পুরস্কারও এখন হতে পারে মুশফিক-তামিমদের অনুপ্রেরণা।