
প্রথম ইনিংসে অমিত মিশ্র ৫৯, দ্বিতীয় ইনিংসে রবিচন্দ্রন অশ্বিন ৫৮। কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাবে দুই ইনিংসেই ফিফটি পেয়েছেন নয়ে নামা ভারতের দুই ব্যাটসম্যান। ১৮৭৭ সালে টেস্ট ক্রিকেট শুরু হওয়ার পর মাত্র তৃতীয়বার ম্যাচে দুই ইনিংসেই ৫০ পেরোল কোনো দলের নয় নম্বর ব্যাটসম্যান। প্রথম ঘটনাটি অবশ্য মাত্র বছর দুয়েক আগের। ২০১৩ সালে দিল্লির সেই ম্যাচে ভারতের বিপক্ষে দুই ইনিংসেই নয়ে নেমে ফিফটি করেন অস্ট্রেলিয়ার পিটার সিডল (৫১ ও ৫০)। এরপর গত বছর ট্রেন্ট ব্রিজে ইংল্যান্ডের বিপক্ষে ভারতের ভুবনেশ্বর কুমার (৫৮ ও ৬৩*) দুই ইনিংসে ফিফটি করেন। সব মিলিয়ে ম্যাচে নয় নম্বর ব্যাটসম্যানরা দুটির বেশি ফিফটি পাননি। মাত্রই শেষ হওয়া কলম্বো টেস্টে শ্রীলঙ্কার প্রথম ইনিংসে রঙ্গনা হেরাথ (৪৯) আর মাত্র ১টি রান পেলেই প্রথমবারের মতো ম্যাচে নয় নম্বর ব্যাটসম্যানরা তিনটি ফিফটি পেয়ে যেতেন।