নয়ে নেমে বুঝতে পারছে উইন্ডিজ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্ষতি এরই মধ্যে অনেক হয়ে গেছে। নামতে নামতে আইসিসি র্যা ঙ্কিংয়ে এখন তারা নবম স্থানে। চ্যাম্পিয়নস ট্রফিতে জায়গা হয়নি। র্যা ঙ্কিংয়ে আটের মধ্যে থেকে আগামী বিশ্বকাপে সরাসরি জায়গা পাওয়া নিয়ে তারা শঙ্কিত। ওয়েস্ট ইন্ডিজ দলের এমন দুরবস্থা কেন? দল নির্বাচনের নীতিটা ঠিক কি না, এটি পর্যালোচনা করা জরুরি হয়ে পড়েছে বলে মনে করেন ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের (ডব্লুআইসিবি) প্রধান নির্বাচক কোর্টনি ব্রাউন। দল নির্বাচনপদ্ধতিতে পরিবর্তন এলে ইংল্যান্ডে ২০১৯ বিশ্বকাপে তারা হয়তো সরাসরি জায়গা করে নিলেও নিতে পারবে বলে মনে করেন অনেকেই।
জুলিয়ান হান্ট আর আর্নেস্ট হিলাইরের সময়ে ২০১০ সালে একটি দল নির্বাচনী নীতিমালা করে ডব্লুআইসিবি। সিদ্ধান্ত হয়, ৫০ ওভারের ঘরোয়া প্রতিযোগিতায় না খেলা ক্রিকেটারদের জাতীয় দলে বিবেচনা করা হবে না। এই নীতির কারণে ক্রিস গেইল, ডোয়াইন ব্রাভো, কাইরন পোলার্ড, সুনীল নারাইন, আন্দ্রে রাসেলসহ অনেক খেলোয়াড়ই নানা সময়ে ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডে দল থেকে বাদ পড়েছেন। বিশ্বজুড়ে টি-টোয়েন্টি ক্রিকেট খেলে বেড়ানো এই ক্রিকেটাররা নিজের দেশের ৫০ ওভারের প্রতিযোগিতায় অংশ নেননি। গত মাসে পাকিস্তানের কাছে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ হারা দলেও এঁদের জায়গা হয়নি।
দল নির্বাচনের বর্তমান নীতি পরিবর্তন নিয়ে ব্রাউন এরই মধ্যে ডব্লুআইসিবির সঙ্গে আলোচনা করেছেন। ঘরোয়া টুর্নামেন্টের গুরুত্ব না কমিয়ে কিছু করার কথাই বোর্ড ভাবছে বলে জানিয়েছেন ব্রাউন, ‘খেলোয়াড়দের দলে আসার যোগ্যতার বিষয়টি সংশোধন নিয়ে আলোচনা চলছে। ওয়ার্কিং কমিটির সঙ্গে কাজ চলছে। এরপর এটা বোর্ডে যাবে। তবে আমাদের মনে রাখতে হবে ঘরোয়া ক্রিকেটই মূল।’ ক্রিকইনফো।