পঁয়ত্রিশেও যেন পঁচিশের যুবরাজ

ক্রিকেট কখনো কখনো রূপকথার চেয়েও অবিশ্বাস্য। নইলে এমন প্রত্যাবর্তন কী করে সম্ভব!
প্রায় তিন বছর পর ওয়ানডে খেলতে নেমে প্রথম ম্যাচে ১৫। দল জিতেছিল বলে তাঁর পারফরম্যান্স নিয়ে তেমন কাটাছেঁড়া হয়নি। নইলে, ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে দলে ডাক পাওয়ার পর থেকেই তো কানাঘুষা—এই বয়সে যুবরাজ সিং দলে কেন!
পরের ম্যাচে ব্যাট করতে নেমে কিছু বুঝে ওঠার আগেই দেখলেন ভারত ৩ উইকেটে ২৫! অন্য কেউ হলে হয়তো তখনই কুঁকড়ে যেতেন। কিন্তু তিনি যে যুবরাজ! ক্যানসারকে জয় করে যিনি ফিরে এসেছেন, তাঁকে কি এত সহজে হারানো যায়! পরের প্রায় তিন ঘণ্টা কটকের বরাবতী স্টেডিয়ামের দর্শকেরা মুগ্ধ হয়ে দেখলেন তাঁর ব্যাটিং। মহেন্দ্র সিং ধোনির সঙ্গে ২৫৬ রানের জুটি, প্রায় ছয় বছর পর তাঁর আন্তর্জাতিক ক্রিকেটে সেঞ্চুরি, শেষ পর্যন্ত ভারতের দুর্দান্ত জয়। প্রায় সাড়ে তিন বছর পর সেঞ্চুরি করেছেন ধোনিও। কিন্তু এদিন সব ছাপিয়ে মুগ্ধতা কুড়িয়েছে যুবরাজের ১২৭ বলে ১৫০ রানের ইনিংসটাই। কী নিখুঁত টাইমিং, কী দারুণ সব স্ট্রোক! কে বলবে এই যুবরাজের বয়স ৩৫ পেরিয়েছে! এ যেন বছর দশেক আগের সেই টগবগে তরুণ যুবরাজ!
এমন ইনিংস খেলার পর নিজেও উচ্ছ্বসিত থাকবেন, সেটাই স্বাভাবিক। যুবরাজের উচ্ছ্বাসের মাত্রাটা বোঝা গেল পরশু ম্যাচ শেষেই, ‘এটাই হয়তো আমার জীবনের অন্যতম সেরা ইনিংস। ওয়ানডেতে আমার সর্বোচ্চ ইনিংসও। অনেক দিন লেগেছে এই সেঞ্চুরিটা পেতে। বোধ হয়, ২০১১ বিশ্বকাপে সর্বশেষ সেঞ্চুরি করেছিলাম। আমি খুবই আনন্দিত।’
সমালোচকদের এভাবে জবাব দিতে পেরেছেন বলেই কি আনন্দটা আরও বেশি? সরাসরি কিছু না বললেও ভেতরে ভেতরে যে ব্যাপারটা কাজ করছে সেটা বোঝা গেল তাঁর কথাতেই, ‘আমি জানি না কে কী বলেছে। আমি পত্রিকা পড়ি না, টেলিভিশন দেখি না। কারও কাছে আমার প্রমাণ করার কিছু নেই, তবে নিজের কাছেই নিজেকে প্রমাণ করার ছিল।’
শোনালেন এই বয়সেও এমন ফিটনেসের রহস্য, ‘পুরো ঘরোয়া মৌসুমে আমি ভালো ব্যাট করেছি। ফিটনেস আর ব্যাটিং নিয়ে প্রচুর পরিশ্রম করেছি। আসলে বয়স ত্রিশ অতিক্রম করলে ফিটনেস নিয়ে বেশি খাটতে হয়। শচীন (টেন্ডুলকার) ও অনিলের (কুম্বলে) মতো সিনিয়রদের কাছ থেকে এটা শিখেছি আমি। প্রথম ওয়ানডেতেও ভালোই খেলছিলাম। কিন্তু দিনটা হয়তো আমার ছিল না।’
মাঝে যে বেশ কঠিন সময় গেছে ক্যারিয়ারে ভুলে যাননি সেটাও, ‘একটা সময় ছিল যখন সত্যিই ভাবছিলাম—আর খেলা চালিয়ে যাব কি না। ওই সময়টাতে আমি অনেকের সাহায্য পেয়েছি। আমিও হাল ছেড়ে দিইনি। কারণ আমিও জানতাম সময় বদলাবেই।’
তাঁর ওপর আস্থা রাখার জন্য যুবরাজ কৃতজ্ঞ অধিনায়ক কোহলির কাছেও, ‘আসলে আত্মবিশ্বাস তখনই কাজ করবে যখন আপনি দল ও অধিনায়কের কাছ থেকে সমর্থনটা পাবেন। আমার মনে হয় বিরাট (কোহলি) আমার ওপর অনেক আস্থা রেখেছে। ড্রেসিংরুমের সবার আমার ওপর আস্থা ছিল, এটাও গুরুত্বপূর্ণ ব্যাপার।’ এনডিটিভি, দ্য টেলিগ্রাফ ইন্ডিয়া।